হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
আন্তর্জাতিক

মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, ২০২৮ সালের হিসাবেও বাড়ছে অনিশ্চয়তা

মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, ২০২৮ সালের হিসাবেও বাড়ছে অনিশ্চয়তা
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রচারণার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অন্তত ৪৭ বার ভোটারদের বলেছেন, ব্যালটে তার নাম রয়েছে—এমনটা ধরে নিয়েই যেন তারা ভোট দেন। তবে নির্বাচনের ফল এসেছে তার প্রত্যাশার বিপরীতে। বুধবার সকাল পর্যন্ত প্রতিনিধি পরিষদের জাতীয় ভোটে ডেমোক্র্যাটরা প্রায় ১৩ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন। ১৯৭৬ সালের পর কংগ্রেস নির্বাচনে কোনো দলের জন্য এটি সবচেয়ে বড় ব্যবধান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

নির্বাচনের ফল প্রকাশের পর ট্রাম্প দাবি করেছেন, ব্যালটে তার নাম থাকলে রিপাবলিকানরা বড় ব্যবধানে জয় পেত। তবে এমন পরাজয়ের আশঙ্কা থেকে হোয়াইট হাউসের কর্মকর্তারা আগেই প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। গত এপ্রিল থেকেই নতুন আইন ছাড়াই নির্বাহী ক্ষমতা প্রয়োগের সম্ভাব্য পথ এবং কংগ্রেসের তদন্ত মোকাবিলার পরিকল্পনা নিয়ে কাজ করছিলেন ট্রাম্পের সহযোগীরা।

একদিকে ট্রাম্প ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন, অন্যদিকে তাদের পাস করা বিলে ভেটো দেওয়ার ক্ষমতাও তার হাতে রয়েছে। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে বাজেট, তদন্ত ও গুরুত্বপূর্ণ নিয়োগের মতো বিষয়ে তার প্রশাসনকে নতুন রাজনৈতিক বাস্তবতার মুখোমুখি হতে হবে।

হোয়াইট হাউসে নতুন শুল্ক আরোপ এবং ভিসার শর্ত আরও কঠোর করার মতো পদক্ষেপ নিয়ে আলোচনা চলছে। তবে বাজেট ও বড় ধরনের আইন পাসের ক্ষেত্রে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হবে। ডেমোক্র্যাটরা ট্রাম্প পরিবারের ব্যবসা, প্রতিরক্ষা ব্যয় এবং জেফরি এপস্টিন-সংক্রান্ত নথি নিয়ে তদন্ত শুরু করতে পারেন। প্রয়োজনে ট্রাম্পকে কংগ্রেসের সামনে হাজির হওয়ার নির্দেশও দেওয়া হতে পারে। এ ছাড়া অভিশংসনের উদ্যোগ নেওয়ার সুযোগও রয়েছে। তবে প্রেসিডেন্টকে পদ থেকে সরাতে হলে সিনেটে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন।

মধ্যবর্তী নির্বাচনে বড় পরাজয় হলেও ২০২৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। তবে এই ফল ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে ট্রাম্পের কাছ থেকে রাজনৈতিক দূরত্ব তৈরির বিষয়ে কঠিন সিদ্ধান্তের মুখে ফেলতে পারে। ভ্যান্সের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিসও ২০২৮ সালের নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার দৌড়ে থাকতে পারেন।

আগামী দুই বছরে ডেমোক্র্যাটরা ভোটারদের প্রত্যাশা কতটা পূরণ করতে পারেন, তার ওপর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক সমীকরণ অনেকাংশে নির্ভর করবে। এদিকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের প্রতিশ্রুতি বাস্তবায়নে জাপান ও দক্ষিণ কোরিয়া ধীরগতি অবলম্বন করতে পারে। একইভাবে চীনও দ্বিপক্ষীয় আলোচনায় ট্রাম্পের রাজনৈতিক দুর্বলতাকে নিজেদের স্বার্থে কাজে লাগানোর চেষ্টা করতে পারে বলে প্রতিবেদনে বিশ্লেষণ করা হয়েছে।

#যুক্তরাষ্ট্র # ট্রাম্প

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
আন্তর্জাতিক

মক্কায় ফের ইরানি মদতপুষ্ট হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতন

আন্তর্জাতিক ডেস্ক
মক্কায় ফের ইরানি মদতপুষ্ট হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতন
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মক্কায় আবারও ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ শহরটির বিভিন্ন এলাকায় পতিত হয়।

সৌদি আরবের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রাম এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়ে।

গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বেড়েছে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা ও মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সৌদি সেনাবাহিনী প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করেছে।

তবে মক্কা ও মদিনার মতো মুসলিমদের পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকায় অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করেই তাদের অভিযান পরিচালিত হয়।

মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবের প্রকাশ।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষের সংঘাত অনেকটাই কমে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও উত্তেজনা বাড়তে থাকে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা শুরু করে রিয়াদ।

নতুন করে সংঘাত তীব্র হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকায় টহল দিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে অনুসন্ধানকারী দল। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহত দুই কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রশপাল কুমার ও ৫৪ বছর বয়সী ববি চাঁদ। তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ধেরনা টপ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীকে অব্যাহতি দিতে ধেরনা পোস্টের দিকে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর নিহত দুই কর্মকর্তার সঙ্গে থাকা ইনসাস ও পয়েন্ট থ্রি নট থ্রি রাইফেলও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যার পর অস্ত্র দুটি নিয়ে গেছে হামলাকারীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন। ধেরনা পোস্টের দিকে যাওয়ার সময় তাঁরা নিখোঁজ হন। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দিনের বেলায় ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। শুরুতে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এতে তাঁদের সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে। কিশ্তওয়ারের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে সন্ত্রাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত ১৬ অক্টোবর কিশ্তওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজ বাড়ির কাছ থেকে বশির আহমেদ নামে ৫৫ বছর বয়সী আরেক এসপিওর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি পেডিল পুলিশ পোস্টে কর্মরত ছিলেন। দায়িত্ব শেষে সার্ভিস রাইফেল ও ম্যাগাজিন নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে পুলিশি তদন্তে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর আত্মীয়রাই তাঁকে হত্যা করেছিলেন।

সূত্র: এনডিটিভি।

আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১ জনের
ছবি: সংগৃহীত

আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, সেনেগালের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। তবে নৌকাটিতে থাকা যাত্রীর প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতে অভিবাসীরা দীর্ঘদিন ধরে সেনেগালের উপকূলীয় পথ ব্যবহার করে আসছেন। আটলান্টিক মহাসাগরের এই পথ অত্যন্ত বিপজ্জনক হওয়ায় প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এপিএসের তথ্য অনুযায়ী, শনিবার এক দিনেই সাত শতাধিক অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। আর মাত্র এক সপ্তাহে স্পেনের এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী।

অভিবাসীদের ক্রমবর্ধমান আগমন সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা জারি করেছে।

সূত্র: এএফপি।

আন্তর্জাতিক

সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, রিয়াদে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, রিয়াদে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক জোটের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে।

এদিকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানী রিয়াদে সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। একই সঙ্গে নগরীর বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দাম্মাম শহর, আল-আহসা ও আবকাইক এলাকায়ও সতর্কবার্তা দেওয়া হয়।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে জানানো হয়, পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি সফলভাবে প্রতিহত করে।

সতর্কতা জারির পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পি/এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার