আগামী সপ্তাহে চীনে অনুষ্ঠিতব্য এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে একটি ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শনিবার (১৪ নভেম্বর) হোয়াইট হাউসের মুখপাত্র অলিভিয়া ওয়েলস সাংবাদিকদের জানান, চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অ্যাপেক সম্মেলনে ট্রাম্পের অংশগ্রহণের সময় তিন দেশের নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। তাঁর ভাষ্য, এটি হবে একটি ঐতিহাসিক বৈঠক।
ওয়েলস বলেন, ‘প্রেসিডেন্ট স্পষ্ট করেছেন, অন্যান্য বিষয় ছাড়াও তিনি বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাস নিয়ে আলোচনা করবেন। এসব অস্ত্রের বিস্তারকে প্রেসিডেন্ট ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক বলে মনে করেন।’
বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর তিন দেশের নেতাদের এই বৈঠকে ইরান পরিস্থিতিও আলোচনায় আসতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ইউক্রেন যুদ্ধের বিষয়টি আলোচনার সূচিতে থাকছে না। বৈঠক নিয়ে মস্কো ও বেইজিং এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি। বার্তা সংস্থা এপি ও রয়টার্সের তথ্য অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।
২১ সদস্যরাষ্ট্রের দুই দিনব্যাপী অ্যাপেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে বুধবার রাতে শেনজেনে পৌঁছানোর কথা রয়েছে ট্রাম্পের। পরদিন বৃহস্পতিবার তিনি শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। ২০২৫ সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুই নেতার চতুর্থ বৈঠক।
অলিভিয়া ওয়েলস জানান, চীন সফরের শেষ পর্যায়ে ট্রাম্প যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্টের মধ্যে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তাঁর দাবি, মঙ্গলবার ফিলিপাইনে আসিয়ান শীর্ষ সম্মেলনে অংশগ্রহণসহ ট্রাম্পের এই সফর ‘আমেরিকান জনগণের জন্য ঐতিহাসিক জয় নিশ্চিত করবে এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে আমেরিকার স্বার্থকে এগিয়ে নেবে’।
এদিকে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যকার পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। এর ফলে বিশ্বের বৃহত্তম পারমাণবিক অস্ত্রভান্ডারগুলোর ওপর কার্যকর প্রধান বিধিনিষেধ আর থাকেনি। একই সঙ্গে স্নায়ুযুদ্ধের অবসানে ভূমিকা রাখা অস্ত্র নিয়ন্ত্রণ সহযোগিতারও কার্যত সমাপ্তি ঘটে।
এ পরিস্থিতিতে জাতিসংঘ উভয় দেশকে বিলম্ব না করে নতুন একটি কাঠামোর বিষয়ে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানিয়েছে। ট্রাম্প বলেছেন, চীনের অংশগ্রহণে আগের চুক্তির চেয়ে আরও ভালো একটি চুক্তি করা সম্ভব। বর্তমানে নিজেদের পারমাণবিক অস্ত্রভান্ডার সম্প্রসারণ করছে চীন। তবে সাবেক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা ও বিশ্লেষকেরা বিবিসিকে জানিয়েছেন, এ ধরনের চুক্তিতে বেইজিং ও মস্কোর সহযোগিতা পাওয়া বড় চ্যালেঞ্জ হতে পারে এবং এতে কয়েক বছর সময় লেগে যেতে পারে।
চলতি বছরের শুরুর দিকে কয়েক দিনের ব্যবধানে বেইজিংয়ে পুতিন ও ট্রাম্পকে আলাদাভাবে আতিথেয়তা দিয়েছিলেন শি জিনপিং। পরে সেপ্টেম্বরে ওয়াশিংটনে চীনা প্রেসিডেন্টকে স্বাগত জানান ট্রাম্প।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে শুক্রবার দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, অ্যাপেক সম্মেলনের ফাঁকে শি জিনপিং বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। তবে ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
অন্যদিকে, চলতি মাসের শুরুর দিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছিল, ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ শীর্ষ সম্মেলনে এ ধরনের আলোচনার প্রস্তুতি নেওয়ার বিষয়ে ‘ইঙ্গিত’ পাওয়ার কথা জানিয়েছিলেন।
সূত্র: বিবিসি