বিদেশি পর্যটক ও নাগরিকদের ভিসা প্রক্রিয়া সহজ করতে ভিসা ব্যবস্থায় বড় ধরনের সংস্কার এনেছে ভারত। নতুন কাঠামোয় ভিসার মূল শ্রেণি ১৩টি থেকে কমিয়ে ৯টি করা হয়েছে। একই সঙ্গে উপশ্রেণির সংখ্যা ৪৯টি থেকে কমিয়ে ২৩টিতে আনা হয়েছে।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ভিসার শ্রেণি পুনর্বিন্যাসের পাশাপাশি আবেদনপত্রের জটিলতাও কমানো হয়েছে। নতুন ২৩টি উপশ্রেণির আবেদনপত্রে প্রয়োজনীয় তথ্যের ঘর ৬৫ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। পর্যটন, চিকিৎসা, উচ্চশিক্ষা, গবেষণা ও ব্যবসার প্রয়োজনে ভারতে যেতে আগ্রহীদের ভোগান্তি কমানোই এই উদ্যোগের লক্ষ্য।
এর আগে ২০২৫ সালের অক্টোবরে ভিসানীতিতে পরিবর্তন এনেছিল ভারত। এবার আন্তর্জাতিক রীতিনীতি ও উন্নত দেশগুলোর প্রচলিত ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে দ্বিতীয় দফায় সংস্কার করা হয়েছে।
নতুন ব্যবস্থায় প্রচলিত ট্যুরিস্ট ভিসার পরিবর্তে চালু হচ্ছে ‘ভিজিটর ভিসা’। সাধারণ ভ্রমণের পাশাপাশি স্বল্পমেয়াদি ব্যবসায়িক আলোচনা, চিকিৎসকের পরামর্শ নেওয়া, সুস্থতা কার্যক্রম এবং ভাষা, সংগীত ও শিল্পকলার প্রশিক্ষণও এই ভিসার আওতায় থাকবে।
ভিজিটর ভিসার দুটি উপশ্রেণি হলো ভি-১ ও ভি-২। ভি-১ ভিসার মেয়াদ ৩০ দিন। এ সময়ে একাধিকবার ভারতে প্রবেশ করা যাবে। অন্যদিকে যোগ্যতা অনুযায়ী ভি-২ ভিসার মেয়াদ হতে পারে এক, পাঁচ অথবা ১০ বছর। দীর্ঘমেয়াদি এই ভিসার আওতায় পর্বতারোহণের সুযোগও রাখা হয়েছে।
চিকিৎসার জন্য ভারতে যেতে ইচ্ছুক বিদেশিদের ক্ষেত্রে পৃথক ভিসার ব্যবস্থা করা হয়েছে। সাধারণ চিকিৎসার জন্য দেওয়া হবে এম-১ এবং আয়ুশ পদ্ধতিতে চিকিৎসার জন্য এম-৩ ভিসা। উভয় ভিসার স্বাভাবিক মেয়াদ এক বছর এবং এতে একাধিকবার প্রবেশের সুযোগ থাকবে। ই-ভিসার ক্ষেত্রেও একই সুবিধা পাওয়া যাবে।
রোগীর সঙ্গে যাওয়া স্বজনদের জন্য রাখা হয়েছে এম-২ ও এম-৪ ভিসা। এর ফলে চিকিৎসা চলাকালে রোগীর সঙ্গে থাকা এবং পরবর্তী সময়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য নতুন করে ভিসার আবেদন করার প্রয়োজনীয়তা কমবে। ভারতের ‘হিল ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও এই উদ্যোগের সম্পর্ক রয়েছে।
শিক্ষার্থীদের জন্য নির্ধারণ করা হয়েছে এস-১ এবং গবেষণা ও সংশ্লিষ্ট কার্যক্রমে যুক্ত ব্যক্তিদের জন্য এস-২ ভিসা। এস-১ ভিসার আওতায় স্কুল থেকে স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত পড়াশোনা করা যাবে। আর এস-২ ভিসা পাবেন পিএইচডি গবেষক, ভিজিটিং শিক্ষক, ইন্টার্ন এবং বৈজ্ঞানিক অভিযানে অংশগ্রহণকারীরা।
‘স্টাডি ইন ইন্ডিয়া’ পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া বিদেশি শিক্ষার্থীরা সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ই-এস১ ভিসা পাবেন। তবে সংশ্লিষ্ট শিক্ষাক্রমের মেয়াদের ওপর ভিত্তি করে ভিসার কার্যকারিতা নির্ধারিত হবে।
ব্যবসায়িক ভিসাও দুই ভাগে বিভক্ত করা হয়েছে—বি-১ ও বি-২। ভারতে ব্যবসাপ্রতিষ্ঠান স্থাপন কিংবা দীর্ঘমেয়াদি ব্যবসায়িক উদ্যোগ পরিচালনার জন্য ব্যবহার করা যাবে বি-১ ভিসা। অন্যদিকে বি-২ ভিসার আওতায় থাকবে চুক্তিভিত্তিক কাজ, বিনিয়োগ, সম্মেলন, খেলাধুলা, সাংস্কৃতিক আয়োজন ও চলচ্চিত্র নির্মাণের মতো কার্যক্রম।
এ ছাড়া ভারতীয় প্রতিষ্ঠানে কাজ করা বিদেশি প্রকৌশলী ও কারিগরি বিশেষজ্ঞদের জন্য চালু করা হচ্ছে ‘প্রোডাকশন ইনভেস্টমেন্ট বিজনেস ভিসা’। যন্ত্রপাতি স্থাপন, উৎপাদন, রক্ষণাবেক্ষণ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণসংক্রান্ত কাজে এই ভিসা ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রেও ই-ভিসার মাধ্যমে আবেদন করার সুযোগ থাকবে।
বর্তমানে ১৭২টি দেশের নাগরিক ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশনের মাধ্যমে ১৩ ধরনের উপশ্রেণিতে ই-ভিসা পাচ্ছেন। নতুন কাঠামো কার্যকর করতে প্রয়োজনীয় প্রযুক্তিগত প্রস্তুতি নিচ্ছে ভারত।
সংস্কার করা ব্যবস্থায় ভিসার নয়টি মূল শ্রেণি হবে—ব্যবসায়িক, কূটনৈতিক, কর্মসংস্থান, সাংবাদিক, চিকিৎসা, সরকারি, শিক্ষার্থী, ভিজিটর ও বিবিধ। ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি এবং তাঁদের পরিবারের সদস্যসহ কয়েকটি বিশেষ শ্রেণির আবেদনকারী বিবিধ ভিসার আওতায় পড়বেন। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নতুন ব্যবস্থায় ভিসা দেওয়া শুরু হতে পারে।
সূত্র: এনডিটিভি