কানাডার টরন্টোতে অদ্ভুত এক অভিযোগে বাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়েছেন এক দম্পতি। বাড়ির মালিকের অভিযোগ, ভাড়াটিয়ারা ঘরের ভেতরে ধূমপান করেন, যার ফলে ঘরের বাতাস দূষিত হচ্ছে। তবে ভাড়াটিয়াদের দাবি, তারা ঘরের ভেতরে ধূমপান করেন না। বরং মানুষের স্বাভাবিক শ্বাস-প্রশ্বাস ও শরীর থেকে নির্গত গ্যাসের কারণেই বাতাসের মান পরিমাপক যন্ত্রে দূষণের মাত্রা বেড়ে যাচ্ছে। এ নিয়ে বাড়িওয়ালি ও ভাড়াটিয়াদের বিরোধ গড়িয়েছে আদালত পর্যন্ত।
টরন্টোর বাসিন্দা এস.ই. গ্রুমেট ও স্যাম ক্রুগার পেশায় কৌতুকাভিনেতা। ‘ক্রিপি বয়েজ’ নামে একটি কমেডি শো পরিচালনা করেন তারা। গত ২৯ অক্টোবর শহরের ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডের শুনানিতে বাড়ি থেকে উচ্ছেদের সিদ্ধান্তের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন এই দম্পতি।
একটি রূপান্তরিত দোতলা বাড়ির নিচতলা ও বেসমেন্টে ভাড়া থাকেন গ্রুমেট ও ক্রুগার। বাড়ির ওপরের তলায় থাকেন বাড়িওয়ালি তানিয়া অ্যান্ডারসন। গত বছরের ডিসেম্বরে তিনি বাড়িতে ‘এয়ারথিংস’ নামের একটি বাতাসের মান পর্যবেক্ষণকারী যন্ত্র বসান। এরপর ঘরের বাতাসে ভোলাটাইল অর্গানিক কম্পাউন্ড (ভিওসি) বা উদ্বায়ী জৈব যৌগের মাত্রা মাঝেমধ্যে বেড়ে যেতে দেখেন। এ কারণে ভাড়াটিয়াদের বারবার ঘরের ভেতরে ধূমপান না করার নির্দেশ দেন তিনি।
তবে গ্রুমেট ও ক্রুগার দাবি করেন, তারা ঘরের ভেতরে সিগারেট কিংবা ভ্যাপ ব্যবহার করেন না। এমনকি মাঝেমধ্যে গাঁজা সেবন করলেও তা ঘরের বাইরে গিয়ে করেন।
বিষয়টি পরিষ্কার করতে নিজেদের ঘরেও একই ধরনের একটি মনিটর বসাতে রাজি হন তারা। কিন্তু তাতেও সমস্যার সমাধান হয়নি। কোনো স্পষ্ট কারণ ছাড়াই যন্ত্রটির অ্যালার্ম বারবার বেজে ওঠে। একপর্যায়ে তারা এক সপ্তাহের জন্য গ্যাসের চুলা, গরম পানি এমনকি বিদ্যুতের ব্যবহারও বন্ধ রাখেন। জিমে গিয়ে গোসল করেন, মোমবাতি জ্বালানো বন্ধ রাখেন এবং জানালা খোলা রাখেন। কিন্তু এরপরও দিনের বেলা ও রাতে দূষণের মাত্রা বাড়তে দেখা যায়। বিপরীতে, তারা ঘরের বাইরে থাকলে সেই মাত্রা কমে আসত।
এ পরিস্থিতিতে দম্পতির সন্দেহ হয়, সমস্যার কারণ হয়তো ঘরের কোনো যন্ত্র বা ধূমপান নয়, বরং তাদের নিজেদের শরীর থেকে নির্গত গ্যাস। এয়ারথিংসের তথ্য ঘেঁটে তারা জানতে পারেন, মানুষের শ্বাস-প্রশ্বাস, ঘাম ও শরীর থেকে নির্গত অন্যান্য গ্যাসের কারণেও সেন্সরে প্রতিক্রিয়া হতে পারে। বিশেষ করে রাতে বদ্ধ ঘরে এসব উপাদান জমে গেলে যন্ত্রে মাত্রা বেড়ে যাওয়ার সংকেত আসতে পারে।
কোম্পানিটির পক্ষ থেকেও জানানো হয়েছে, তাদের সেন্সর নির্দিষ্ট কোনো দূষণকারী উপাদান আলাদাভাবে শনাক্ত করতে পারে না। শুধু এই যন্ত্রের তথ্যের ভিত্তিতে কেউ ধূমপান করছেন কি না, তা নিশ্চিতভাবে প্রমাণ করাও সম্ভব নয়।
এসব তথ্য বাড়িওয়ালিকে জানানোর পরও ধূমপানের অভিযোগে নোটিশ দেওয়া বন্ধ হয়নি বলে দাবি করেছেন ভাড়াটিয়ারা। বিষয়টি নিয়ে ক্রুগার বলেন, ‘আমি কীভাবে এই নারীকে প্রমাণ করব যে আমি শুধু বায়ু ত্যাগ করছি?’
উচ্ছেদের বিরুদ্ধে আইনি লড়াই চালাতে অনলাইনে একটি তহবিল সংগ্রহের উদ্যোগ নেন তারা। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে প্রায় ৩ হাজার ৪০০ ডলার সংগ্রহ হয়। তহবিল সংগ্রহের আবেদনে তারা লেখেন, ‘এটি কোনো রসিকতা নয়। আমরা চাইলেও এটা নিয়ে রসিকতা করতে পারছি না।’
গত ২৯ অক্টোবর অন্টারিওর ল্যান্ডলর্ড অ্যান্ড টেন্যান্ট বোর্ডে উচ্ছেদসংক্রান্ত ওই বিরোধের শুনানি অনুষ্ঠিত হয়। বাড়িওয়ালি তানিয়া গত ২৯ জুন ভাড়াটিয়াদের একটি নোটিশ দিয়েছিলেন। সেখানে নিজের স্বাস্থ্য সুরক্ষার কারণ দেখিয়ে পুরো বাড়ির দখল নেওয়ার কথা উল্লেখ করেন তিনি।
অন্যদিকে, থিয়েটারের কাজে দীর্ঘদিন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ানোর পর এই বাড়িটিই ছিল গ্রুমেট ও ক্রুগারের প্রথম দীর্ঘমেয়াদি ঠিকানা। তাই বাড়িটি ছাড়তে রাজি নন তারা।
শুনানির দিন কানাডা, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ায় থাকা তাদের বন্ধু ও আত্মীয়রাও অনলাইনে যুক্ত হন। গ্রুমেটের ভাষ্য, বায়ু ত্যাগের কারণে বাড়ি থেকে উচ্ছেদের মুখে পড়ার এই অদ্ভুত ঘটনার পরিণতি দেখতেই তারা শুনানিতে যোগ দিয়েছিলেন।
সূত্র: টরন্টো সান