গোবর, গোমূত্র ও কথিত প্রাচীন পদ্ধতি ব্যবহার করে সন্তানহীনতা দূর করা এবং ত্বকের রোগ সারানোর দাবি করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের ধর্মীয় বক্তা অনিরুদ্ধাচার্য জি মহারাজ। তাঁর এসব বক্তব্য নিয়ে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। অনুসারীদের কেউ কেউ তাঁর কথায় আস্থা রাখলেও চিকিৎসক ও বিজ্ঞানমনস্ক ব্যক্তিরা দাবিগুলোর বৈজ্ঞানিক ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। পাশাপাশি এ ধরনের পদ্ধতি অনুসরণ করলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলেও সতর্ক করেছেন তাঁরা।
অনিরুদ্ধাচার্যের আলোচিত দাবিগুলোর মধ্যে রয়েছে, গোবরের সঙ্গে বেরিয়ে আসা গম দিয়ে তৈরি রুটি খেলে সন্তানহীনতার সমস্যা দূর হতে পারে। প্রায় এক বছর আগে দেওয়া এক বক্তব্যে তিনি দাবি করেন, কোনো দম্পতি সন্তান লাভে সমস্যায় পড়লে আইভিএফসহ আধুনিক চিকিৎসার পরিবর্তে একটি বিশেষ দেশি পদ্ধতি অনুসরণ করতে পারেন।
তাঁর বর্ণনা অনুযায়ী, প্রথমে একটি গরুকে আস্ত গম খাওয়াতে হবে। এরপর গোবরের সঙ্গে বেরিয়ে আসা অপাচ্য গম সংগ্রহ করে পরিষ্কার পানিতে ধুয়ে রোদে শুকাতে হবে। পরে সেগুলো গুঁড়া করে আটা তৈরি করে রুটি বানাতে হবে। সেই রুটি ভগবানকে নিবেদন করে খেলে পুরুষের শুক্রাণুজনিত সমস্যা এবং নারীর জরায়ুর বিভিন্ন জটিলতা দূর হতে পারে বলে দাবি করেন তিনি। এমনকি এভাবে সন্তান লাভ সম্ভব বলেও বক্তব্য দেন অনিরুদ্ধাচার্য।
শুধু সন্তানহীনতা নয়, ত্বকের সমস্যা নিয়েও বিতর্কিত পরামর্শ দিয়েছেন তিনি। তাঁর দাবি, খাঁটি দেশি গরুর গোবর শরীরে মাখলে কিংবা তা দিয়ে গোসল করলে ত্বকের বিভিন্ন রোগ সেরে যেতে পারে এবং ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আসে। এ ছাড়া প্যাকেটজাত বিস্কুটকে ‘বিষ-কিট’ বলে আখ্যা দিয়েছেন তিনি। দৈনন্দিন জীবনে গোমূত্র ব্যবহারের পক্ষেও কথা বলেছেন এই ধর্মীয় বক্তা।
গত কয়েক বছরে বিভিন্ন ধর্মীয় প্রবচন ও টেলিভিশনের সরাসরি আলোচনায় তাঁর এসব বক্তব্য উঠে এসেছে। জি নিউজ ও টাইমস নাউ নবভারতের মতো টেলিভিশন চ্যানেলে গোবরের মাধ্যমে সৌন্দর্য বৃদ্ধি এবং গোবর থেকে পাওয়া গম খেয়ে সন্তান লাভের দাবিগুলো নিয়ে বিতর্ক ও পরীক্ষা-নিরীক্ষার আয়োজন করা হয়েছে। টিভি৯ ভারতবর্ষে সম্প্রচারিত এক সাক্ষাৎকারেও সন্তান লাভের জন্য ওই পদ্ধতিতে তৈরি রুটি খাওয়ার পরামর্শ দেন তিনি। ২০২৫ সালের ১১ এপ্রিল প্রকাশিত চ্যানেলটির একটি প্রতিবেদনেও তাঁর এই বক্তব্যের উল্লেখ রয়েছে।
অনিরুদ্ধাচার্যের বক্তব্যসংবলিত বিভিন্ন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওর অনেকগুলোই ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছে। প্রাচীন গ্রন্থ ‘রঘুবংশমে’ বর্ণিত রাজা দিলীপের কাহিনি ব্যাখ্যা করেও নিজের বক্তব্যের পক্ষে যুক্তি তুলে ধরেছেন তিনি।
তাঁর বিপুল জনপ্রিয়তার কারণে অনুসারীদের কেউ কেউ এসব পরামর্শ অনুসরণ করতে পারেন বলে উদ্বেগ প্রকাশ করেছেন সমালোচকেরা। বিশেষ করে সন্তানহীনতার মতো সংবেদনশীল বিষয়ে আধুনিক চিকিৎসার পরিবর্তে কথিত টোটকার ওপর নির্ভর করলে প্রয়োজনীয় চিকিৎসা নিতে দেরি হতে পারে। একইভাবে ত্বকের রোগ সারানোর আশায় অপরিশোধিত গোবর শরীরে ব্যবহারের ফলে স্বাস্থ্যঝুঁকি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।
চিকিৎসক ও যুক্তিবাদীদের বক্তব্য, গোবরের সঙ্গে বেরিয়ে আসা গমের আটা দিয়ে তৈরি রুটি খেলে সন্তানহীনতা দূর হয়—এমন দাবির পক্ষে নির্ভরযোগ্য বৈজ্ঞানিক বা ক্লিনিক্যাল প্রমাণ নেই। গোবর ও গোমূত্রের কথিত স্বাস্থ্যগত উপকারিতা নিয়েও পর্যাপ্ত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি। বরং অপরিশোধিত গোবর বা পশুর মলের সংস্পর্শে এলে বিভিন্ন ধরনের জীবাণু শরীরে প্রবেশ করে সংক্রমণ, পেটের অসুখ ও পরিপাকতন্ত্রের জটিলতা তৈরি করতে পারে।
হিন্দু ধর্মে গরুকে পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় বিশ্বাসের জায়গা থেকে গরু ও সংশ্লিষ্ট বিভিন্ন উপাদানের প্রতি শ্রদ্ধা থাকলেও সমালোচকদের মতে, সেই বিশ্বাসকে চিকিৎসাবিজ্ঞানের প্রমাণিত সত্য হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। বৈজ্ঞানিকভাবে যাচাই না করা কোনো পদ্ধতিকে চিকিৎসার বিকল্প হিসেবে প্রচার করাও জনস্বাস্থ্যের জন্য উদ্বেগজনক।
সব মিলিয়ে, ধর্মীয় বক্তাদের জনপ্রিয়তা ও অনুসারীদের আস্থাকে কেন্দ্র করে অবৈজ্ঞানিক স্বাস্থ্যপরামর্শ ছড়িয়ে পড়ার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। বিশেষজ্ঞদের মতে, সন্তানহীনতা বা ত্বকের রোগের মতো সমস্যায় কোনো পদ্ধতি গ্রহণের আগে তার বৈজ্ঞানিক ভিত্তি ও সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি যাচাই করা জরুরি। প্রয়োজন হলে নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সূত্র: টিভি৯ ভারতবর্ষ, ইন্টারন্যাশনাল জার্নাল অব হেলথ প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট ও রয়টার্স।