এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণ বেড়ে দ্বিগুণের কাছাকাছি
গত এক দশকে পাকিস্তানের বৈদেশিক ঋণের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ২০১৫ সালে দেশটির মোট বৈদেশিক ঋণ ছিল ৬৮ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। ১০ বছরের ব্যবধানে ২০২৫ সালে তা বেড়ে ১৩৫ দশমিক ১ বিলিয়ন ডলারে পৌঁছেছে। বিশ্বব্যাংকের প্রকাশিত ‘ইন্টারন্যাশনাল ডেট রিপোর্ট ২০২৬’-এ এ চিত্র উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, পাকিস্তানের মোট বৈদেশিক ঋণের মধ্যে সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের পরিমাণ ১০৭ দশমিক ০৭ বিলিয়ন ডলার। অন্যদিকে, বেসরকারি গ্যারান্টিবিহীন ঋণ রয়েছে ১৭ দশমিক ৫৮ বিলিয়ন ডলার এবং স্বল্পমেয়াদি ঋণের পরিমাণ ১০ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
সরকারি ও সরকারি গ্যারান্টিযুক্ত ঋণের বড় অংশ এসেছে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও দেশ থেকে। বহুপাক্ষিক ঋণদাতা সংস্থাগুলোর কাছে পাকিস্তানের ঋণ ৫৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার। দ্বিপাক্ষিক ঋণদাতাদের কাছে রয়েছে ৪২ দশমিক ৪৩ বিলিয়ন ডলার। এ ছাড়া বেসরকারি ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণের পরিমাণ ৭ দশমিক ৮ বিলিয়ন ডলার।
পাকিস্তানের শীর্ষ ঋণদাতা চীন
একক দেশ হিসেবে পাকিস্তানের সবচেয়ে বড় ঋণদাতা চীন। দেশটির কাছে পাকিস্তানের ঋণের পরিমাণ ২২ দশমিক ৪ বিলিয়ন ডলার। এ তালিকায় পরের অবস্থানে রয়েছে বিশ্বব্যাংক, যাদের কাছে পাকিস্তানের ঋণ ১৯ দশমিক ২ বিলিয়ন ডলার। এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছে দেশটির ঋণ ১৬ দশমিক ৮৩ বিলিয়ন ডলার।
ঋণ পরিশোধের শর্তের ক্ষেত্রেও সরকারি ও বেসরকারি ঋণের মধ্যে পার্থক্য রয়েছে। সরকারি ঋণদাতাদের কাছ থেকে নেওয়া ঋণ পরিশোধের গড় মেয়াদ ১৬ বছর। এসব ঋণের ক্ষেত্রে প্রথম চার বছর কিস্তি পরিশোধে ছাড় দেওয়া হয়। সরকারি ঋণের গড় সুদের হার ৩ দশমিক ৬ শতাংশ।
অন্যদিকে, বেসরকারি ঋণের গড় সুদের হার ৮ দশমিক ৬ শতাংশ। এসব ঋণ পরিশোধের গড় সময় তিন বছর এবং কিস্তি শুরু হওয়ার আগে এক বছর ছাড় পাওয়া যায়।
মেনাপ অঞ্চলেও বাড়ছে ঋণের চাপ
বিশ্বব্যাংকের প্রতিবেদনে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, আফগানিস্তান ও পাকিস্তান নিয়ে গঠিত মেনাপ অঞ্চলের ঋণ পরিস্থিতিও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়েছে, ঋণ পরিশোধের সক্ষমতা ও সুদ পরিশোধের অনুপাতের উন্নতি হলেও জাতীয় মোট আয়ের (জিএনআই) তুলনায় বৈদেশিক ঋণের হার বেড়েছে।
২০২৪ সালে এ অঞ্চলের জিএনআইয়ের বিপরীতে বৈদেশিক ঋণের অনুপাত ছিল ২৬ দশমিক ৭ শতাংশ। ২০২৫ সালে তা বেড়ে ২৯ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে। বিশ্বের অন্যান্য অঞ্চলের তুলনায় এক বছরের ব্যবধানে এই বৃদ্ধির হার মেনাপ অঞ্চলে সবচেয়ে বেশি।
এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, অঞ্চলটির দেশগুলোর অর্থনীতিতে বৈদেশিক ঋণের চাপ ক্রমেই বাড়ছে।
এদিকে, ২০২৫ সালে পাকিস্তানের ২ বিলিয়ন ডলারের ঋণ পরিশোধের সময়সীমা বাড়িয়ে দেয় চীন। একই বছর দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) দুটি কর্মসূচির আওতায় মোট ২ দশমিক ৩ বিলিয়ন ডলার সহায়তা দেয়।
আইএমএফের কর্মসূচি দুটি হলো এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি ফ্যাসিলিটি (আরএসএফ)।