মৃগীরোগের ওষুধের মাত্রা কমাতে চ্যাটজিপিটির পরামর্শ অনুসরণ করার পর ৩১ বছর বয়সী বাওয়েন ওয়ানের মৃত্যু হয়েছে। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা করেছেন তাঁর মা-বাবা। তাঁদের অভিযোগ, চ্যাটবটটি শুধু ওষুধের মাত্রা কমানোর পরিকল্পনাই দেয়নি, চিকিৎসকের কাছ থেকে বিষয়টি গোপন রাখতেও উৎসাহিত করেছিল। চিকিৎসাসংক্রান্ত পরামর্শ দেওয়ার ক্ষেত্রে চ্যাটজিপিটির ওপর কঠোর বিধিনিষেধ থাকলে মেয়ের মৃত্যু ঠেকানো সম্ভব হতো বলে দাবি করেছেন তাঁরা।
মামলার অভিযোগ অনুযায়ী, বাওয়েন মৃগীরোগে আক্রান্ত ছিলেন। খিঁচুনি নিয়ন্ত্রণে তিনি ল্যামোট্রিজিন নামের ওষুধ সেবন করতেন। এই ওষুধের মাধ্যমে তাঁর খিঁচুনির প্রবণতা অনেকটাই নিয়ন্ত্রণে এসেছিল। তবে গত জানুয়ারিতে ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ায় কথা বলার দক্ষতা কমে যাচ্ছে বলে আশঙ্কা করেন তিনি। এতে চাকরির সাক্ষাৎকারে ভালো করার সম্ভাবনা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করেছিলেন বাওয়েন।
এ কারণে ওষুধের দৈনিক মাত্রা কমানোর বিষয়ে চ্যাটজিপিটির পরামর্শ চান তিনি। বাওয়েনের অনুরোধে চ্যাটজিপিটি কয়েক সপ্তাহের মধ্যে ওষুধের মাত্রা কমিয়ে শূন্যে নামিয়ে আনার একটি সময়সূচি তৈরি করে দেয়। পাশাপাশি শরীরে ওষুধের কার্যকর মাত্রা রয়েছে কি না, তা যাচাই করতে রক্ত পরীক্ষা না করানোর সিদ্ধান্তেও তাঁকে সমর্থন দেয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
বাওয়েনের স্নায়ুরোগ বিশেষজ্ঞ চিকিৎসক নিকোলাস পুলুস জানান, রোগীর চিকিৎসার ইতিহাস বিবেচনায় তিনি কখনোই ওষুধ বন্ধ করার পরামর্শ দিতেন না। তাঁর ভাষ্য, কোনো রোগীর ক্ষেত্রে ওষুধ কার্যকর হলে তা বন্ধ করার পরামর্শ দেওয়া চিকিৎসায় অবহেলার শামিল হতো।
মামলার বিবরণে বলা হয়েছে, ওষুধের মাত্রা কমানোর পর বাওয়েন বিভ্রান্তি, স্মৃতির অসংলগ্নতা ও শরীরে অস্বাভাবিক অনুভূতিসহ বিভিন্ন শারীরিক ও মানসিক সমস্যার কথা চ্যাটজিপিটিকে জানান। তবে সম্ভাব্য বিপদের লক্ষণ হিসেবে এসব উপসর্গ বিবেচনা না করে চ্যাটবটটি তাঁকে আশ্বস্ত করে। ওষুধের পরিবর্তনের সঙ্গে মস্তিষ্কের মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার কারণে এমন সমস্যা হতে পারে বলে জানানো হয়েছিল।
মৃত্যুর দুই দিন আগে, গত ১১ ফেব্রুয়ারি চ্যাটজিপিটিকে পাঠানো শেষ বার্তায় মাথাব্যথার কারণ জানতে চান বাওয়েন। জবাবে চ্যাটজিপিটি ব্যথাটিকে ‘বিপজ্জনক নয়’ বলে উল্লেখ করে এবং এটিকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাখ্যা করে বলে অভিযোগে বলা হয়েছে।
বাওয়েনের মা-বাবার দাবি, প্রেসক্রিপশনের ওষুধের মাত্রা পরিবর্তন কিংবা ওষুধ বন্ধ করার বিষয়ে চ্যাটজিপিটির পরামর্শ দেওয়ার সুযোগ থাকা উচিত নয়। বিশেষ করে চিকিৎসকের তত্ত্বাবধান ছাড়া এ ধরনের সিদ্ধান্ত নিতে ব্যবহারকারীদের উৎসাহিত করতে পারে, এমন পরামর্শ বন্ধে কঠোর ব্যবস্থা প্রয়োজন। তাঁদের মতে, চিকিৎসাসংক্রান্ত বিষয়ে চ্যাটবটটির ওপর যথাযথ বিধিনিষেধ থাকলে মেয়ের মৃত্যু ঠেকানো সম্ভব হতে পারত।
এদিকে বাওয়েনের মৃত্যুর ঘটনাকে ‘অত্যন্ত হৃদয়বিদারক’ বলে উল্লেখ করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটির দাবি, এ ঘটনায় ব্যবহৃত চ্যাটজিপিটির সংস্করণটি পুরোনো ছিল। নতুন মডেলগুলো জরুরি চিকিৎসার প্রয়োজন হতে পারে—এমন পরিস্থিতি আগের তুলনায় আরও ভালোভাবে শনাক্ত করতে সক্ষম।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া।