ইয়েমেনে সরকারি বাহিনীর সামরিক অভিযানে ২৪ ঘণ্টায় অন্তত ৩০৭ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি করেছে দেশটির সেনাবাহিনী। এ সময় হুথি বাহিনীর ৬৮টি সামরিক যান ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত করা হয়েছে বলেও জানিয়েছে তারা।
রোববার প্রকাশিত এক বিবৃতিতে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের অধীন সেনাবাহিনী জানায়, চলমান ‘ডন অব ইয়েমেন’ বা ‘ইয়েমেনের ভোর’ অভিযানের অংশ হিসেবে শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত হুথি নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় ৭৩৬টি হামলা চালানো হয়। এসব হামলায় হতাহতের পাশাপাশি হুথিদের সামরিক সক্ষমতারও ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে।
সেনাবাহিনীর বিবৃতি অনুযায়ী, হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল হুথিদের কমান্ড সেন্টার, সেনা সমাবেশস্থল, অতিরিক্ত সেনা মোতায়েনের এলাকা, অস্ত্রাগার এবং সামরিক সরবরাহের পথ।
অভিযানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে। সেনাবাহিনী জানিয়েছে, সেখানে হুথিদের একটি কমান্ড সেন্টার, ভারী অস্ত্রের অবস্থান এবং একটি পরিত্যক্ত হোটেলে গড়ে তোলা অস্ত্রাগার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
সেনাবাহিনীর দাবি, পরিত্যক্ত ওই হোটেলটিকে হুথিরা পর্যবেক্ষণ কেন্দ্র ও গোলাবর্ষণের অবস্থান হিসেবে ব্যবহার করছিল। সেখান থেকে আবাসিক এলাকাগুলো হুমকির মুখে পড়ছিল এবং শহরটিতে হুথিদের অবরোধ বজায় রাখতে সহায়তা করা হচ্ছিল। ওই এলাকা থেকে গোলাবর্ষণ বন্ধ করতেই অভিযান চালানো হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
তাইজে এখনো সংঘর্ষ চলছে। শহরের কেন্দ্রস্থল সরকারি বাহিনীর নিয়ন্ত্রণে থাকলেও হুথিরা সাম্প্রতিক সময়ে গ্রামীণ ও উপকূলীয় কিছু এলাকায় নিজেদের অবস্থান শক্তিশালী করেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা রাজধানী সানা ও দেশটির অন্যান্য এলাকা দখলে নেওয়ার পর ইয়েমেনে সংঘাত তীব্র হয়। পরবর্তী বছর, ২০১৫ সালে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে সৌদি আরবের নেতৃত্বাধীন একটি জোট দেশটির সংঘাতে হস্তক্ষেপ করে।
বর্তমানে ইয়েমেনের উত্তর ও পশ্চিমাঞ্চলের বড় অংশ হুথিদের নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, এডেনসহ দক্ষিণ ও পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় সরকারি বাহিনী এবং তাদের মিত্রদের নিয়ন্ত্রণ রয়েছে।
সূত্র: আরব নিউজ ও আনাদোলু এজেন্সি।