চীনে স্বামীর আলিঙ্গনে এক নারীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। দেশটির জিয়াংসু প্রদেশে এ ঘটনা ঘটে। চিকিৎসকদের ধারণা, অস্টিওপোরোসিস বা হাড় ক্ষয়জনিত রোগে আক্রান্ত থাকায় সামান্য চাপেই ওই নারীর পাঁজরের হাড় ভেঙে যায়।
ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্ত্রী ঠান্ডা লাগার কথা জানালে তাকে জড়িয়ে ধরেন ওয়াং নামের এক ব্যক্তি। আলিঙ্গনের সময় হাড় ভাঙার মতো শব্দ শুনতে পান তিনি। এরপরই ব্যথায় কুঁকড়ে বসে পড়েন তাঁর স্ত্রী। তীব্র ব্যথার কারণে তিনি উঠে দাঁড়াতেও পারছিলেন না।
পরদিন সকালে স্ত্রীকে হাসপাতালে নিয়ে যান ওয়াং। সেখানে বুকের সিটি স্ক্যান করার পর দেখা যায়, তাঁর স্ত্রীর পাঁচটি পাঁজরের হাড় ভেঙেছে এবং আরেকটি পাঁজরে চিড় ধরেছে।
চিকিৎসকেরা জানান, ওই নারী অস্টিওপোরোসিসে আক্রান্ত। এ রোগে হাড়ের ঘনত্ব ও শক্তি কমে যায়। ফলে সামান্য আঘাত বা চাপেও হাড় ভেঙে যাওয়ার ঝুঁকি বেড়ে যায়।
ওয়াং জানান, তিনি স্বাভাবিকভাবেই স্ত্রীকে আলিঙ্গন করেছিলেন। এতে এত গুরুতর আঘাত লাগতে পারে, তা তিনি কল্পনাও করেননি। তাঁর স্ত্রীর ওজন ৪৫ থেকে ৫০ কেজির মধ্যে। তিনি নিয়মিত ডায়েট করতেন এবং অনেক সময় রাতের খাবার এড়িয়ে যেতেন। প্রতিদিন অন্তত এক কাপ কফিও পান করতেন। পরিবারের দোকানে কাজ করলেও সাধারণত রোদে খুব কম সময় কাটাতেন তিনি।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, ওই নারীকে ওষুধ সেবন, ব্যথা উপশমের প্যাচ ব্যবহার ও পর্যাপ্ত বিশ্রামে থাকতে বলা হয়েছে। তাঁর অস্ত্রোপচারের প্রয়োজন হয়নি। হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর প্রতি পাঁচ দিন অন্তর পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়েছে।
চিকিৎসকদের মতে, সুস্থ তরুণদের ক্ষেত্রে সাধারণ আলিঙ্গনে পাঁজরের হাড় ভেঙে যাওয়া বিরল। তবে অস্টিওপোরোসিসের কারণে হাড় দুর্বল হয়ে গেলে এমন আঘাতের ঝুঁকি বাড়তে পারে।
হাড়ের স্বাস্থ্য ভালো রাখতে পর্যাপ্ত ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ, নিয়মিত শরীরচর্চা এবং বয়স ও শারীরিক অবস্থার উপযোগী পরিমাণে সূর্যের আলো গ্রহণের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।