‘ফাদার অব অল বোম্বস’ নামে নতুন একটি শক্তিশালী অস্ত্র উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র হোসেন মোহাবি এ তথ্য জানিয়েছেন। তাঁর দাবি, নতুন এই অস্ত্র শত্রুপক্ষের কাছে সম্পূর্ণ অপরিচিত।
বুধবার (২১ অক্টোবর) বার্তা সংস্থা ওয়াইজেসিএনএকে দেওয়া বক্তব্যে মোহাবি বলেন, ‘ফাদার অব অল বোম্বস’ উন্মোচনের প্রস্তুতি চলছে। তবে অস্ত্রটি কী ধরনের, এর ধ্বংসক্ষমতা কতটা কিংবা কবে এটি প্রকাশ্যে আনা হবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘মাদার অব অল বোম্বস’ ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে—এমন প্রতিবেদনের মধ্যে তেহরানের পক্ষ থেকে নতুন অস্ত্র উন্মোচনের ঘোষণা এলো। যুক্তরাষ্ট্রের প্রচলিত অস্ত্রভাণ্ডারের সবচেয়ে বড় অ-পারমাণবিক বোমা হিসেবে পরিচিত এই অস্ত্রের সম্ভাব্য ব্যবহার নিয়ে দুই দেশের উত্তেজনা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ‘মাদার অব অল বোম্বস’ কী?
‘মাদার অব অল বোম্বস’ নামে পরিচিত মার্কিন বোমাটির আনুষ্ঠানিক নাম জিবিইউ-৪৩/বি ম্যাসিভ অর্ডন্যান্স এয়ার ব্লাস্ট (এমওএবি)। এটি যুক্তরাষ্ট্রের তৈরি একটি বৃহৎ অ-পারমাণবিক বোমা, যা বিস্তৃত এলাকায় ব্যাপক ধ্বংস সাধনের জন্য নকশা করা হয়েছে।
গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা ইরানের সঙ্গে সংঘাত মোকাবিলায় সম্ভাব্য বিভিন্ন সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
গত সপ্তাহে সিএনএনকে দেওয়া বক্তব্যে এক মার্কিন কর্মকর্তা জানান, সামরিক পরিকল্পনা তৈরির সময় নীতিনির্ধারকদের সামনে বিভিন্ন মাত্রার আক্রমণাত্মক পদক্ষেপের বিকল্প রাখা হয়। এর মধ্যে বড় ও শক্তিশালী বোমা ব্যবহারের বিষয়টিও থাকতে পারে।
ওই কর্মকর্তা বলেন, মাটির অনেক গভীরে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে বড় বোমার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে ‘মাদার অব অল বোম্বস’ একটি সম্ভাব্য বিকল্প হিসেবে বিবেচিত হতে পারে।
তবে ইরানের পারমাণবিক স্থাপনা ও ভূগর্ভস্থ অবকাঠামো ধ্বংসে এই বোমা কতটা কার্যকর হবে, তা নিয়ে মার্কিন সামরিক সংশ্লিষ্টদের মধ্যেও প্রশ্ন রয়েছে বলে সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, জিপিএস-নির্দেশিত এই বোমাটি বিস্তৃত এলাকায় ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম হলেও ইরানের গভীর ভূগর্ভে অবস্থিত ও শক্ত পাথরের স্তরে সুরক্ষিত স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে এর কার্যকারিতা সীমিত হতে পারে। বিশেষ করে পিকাক্স পর্বত এলাকায় অবস্থিত বলে পরিচিত পারমাণবিক স্থাপনাগুলোর বিরুদ্ধে এর কার্যকারিতা নিয়ে সংশয় রয়েছে।
এ পরিস্থিতিতে বোমাটি সরাসরি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংসের পাশাপাশি ইরানের ওপর মনস্তাত্ত্বিক চাপ তৈরির উদ্দেশ্যেও ব্যবহার করা হতে পারে বলে প্রতিবেদনে ধারণা দেওয়া হয়েছে।
সূত্র: আনাদোলু, সিএনএন