ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারসহ দেশটির একাধিক রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিত্বের মুখাবয়ব ব্যবহার করে রাবণের কুশপুত্তলিকা দাহ করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন ন্যাশনাল স্টুডেন্টস ইউনিয়ন অব ইন্ডিয়া (এনএসইউআই)।
বুধবার (২১ অক্টোবর) প্রকাশিত দ্য ট্রিবিউনের এক প্রতিবেদন অনুযায়ী, বিজয়া দশমী উপলক্ষে নয়াদিল্লির রাইসিনা রোডে সংগঠনটির সদর দপ্তরে এ কর্মসূচি পালন করা হয়। ‘আঙুল তো উঠবেই—রাবণ দহন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে বিভিন্ন ইস্যুতে প্রতিবাদ জানায় সংগঠনটি।
এনএসইউআইয়ের দাবি, নির্বাচনী অনিয়ম, প্রশ্নপত্র ফাঁস, বেকারত্ব বৃদ্ধি, জাতীয় সম্পদের অপব্যবহার, সাম্প্রদায়িকতা এবং দেশের সার্বভৌমত্বের প্রতি হুমকির প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়েছে।
দশ মাথাবিশিষ্ট রাবণের কুশপুত্তলিকায় নরেন্দ্র মোদি, অমিত শাহ ও জ্ঞানেশ কুমার ছাড়াও শিল্পপতি গৌতম আদানি ও মুকেশ আম্বানি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) প্রধান মোহন ভাগবত, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, বিজেপি নেতা দুষ্যন্ত গৌতম এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের মুখাবয়ব ব্যবহার করা হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, মুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করে আসছে এনএসইউআই। সাম্প্রতিক এই কর্মসূচিকেও তাদের চলমান আন্দোলনের অংশ হিসেবে দেখা হচ্ছে।
সংগঠনটির জাতীয় গণমাধ্যমবিষয়ক দায়িত্বপ্রাপ্ত রবি পান্ডে ও দিল্লি শাখার দায়িত্বপ্রাপ্ত অখিলেশ যাদব জানান, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়ের প্রতীক বিজয়া দশমী উপলক্ষে ভোটাধিকার, সংবিধান এবং তরুণদের ভবিষ্যৎ সুরক্ষার বার্তা দিতে তাঁরা এ কর্মসূচি পালন করেছেন।
সূত্র: দ্য ট্রিবিউন।