মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়া রাজ্যে সার্ফিং ভ্রমণে গিয়ে দুই অস্ট্রেলীয় ভাই ও তাঁদের এক মার্কিন বন্ধুকে হত্যার ঘটনায় তিন ব্যক্তিকে ১৫৮ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। ২০২৪ সালে সংঘটিত এই হত্যাকাণ্ডের মামলায় শুক্রবার সাজা ঘোষণা করা হয় বলে জানিয়েছেন দেশটির বিচার বিভাগের এক কর্মকর্তা।
দণ্ডপ্রাপ্ত তিন ব্যক্তি হলেন জেসুস জেরার্দো ‘এন’, যিনি ‘এল কেকাস’ নামে পরিচিত, ইরিনিও ফ্রান্সিসকো ‘এন’ এবং অ্যাঞ্জেল জেসুস ‘এন’। এর আগে এক সপ্তাহ আগে আদালত তাঁদের নরহত্যা, সহিংস ডাকাতি এবং সহিংসভাবে গাড়ি ছিনতাইয়ের অভিযোগে দোষী সাব্যস্ত করেন।
এই ঘটনায় নিহত হন ৩৩ বছর বয়সী অস্ট্রেলীয় নাগরিক জ্যাক রবিনসন, তাঁর ৩০ বছর বয়সী ভাই ক্যালাম রবিনসন এবং তাঁদের মার্কিন বন্ধু ৩০ বছর বয়সী জ্যাক কার্টার রোড।
বাজা ক্যালিফোর্নিয়ার বিচার বিভাগের এক কর্মকর্তা জানান, কারাদণ্ডের পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারক।
কূপ থেকে উদ্ধার হয় তিন পর্যটকের মরদেহ
২০২৪ সালের এপ্রিলের শেষ দিকে এনসেনাদা শহর থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণে পুন্টা সান হোসে এলাকায় ক্যাম্পিং ও সার্ফিং করতে গিয়েছিলেন তিন বন্ধু। সেখান থেকেই তাঁরা নিখোঁজ হন।
নিখোঁজ হওয়ার পর তাঁদের সন্ধানে তল্লাশি শুরু হয়। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআইয়ের সহায়তায় কয়েক দিন অনুসন্ধানের পর ৩ মে একটি কূপের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, নিহত প্রত্যেকের মাথায় গুলির চিহ্ন ছিল। এ ছাড়া তাঁরা যে পিকআপ ট্রাকে করে ভ্রমণ করছিলেন, সেটি ঘটনাস্থল থেকে কয়েক কিলোমিটার দূরে পোড়া অবস্থায় পাওয়া যায়।
এ ঘটনায় গিসেল সিলভা নামের ২৩ বছর বয়সী এক নারীকে আগেই গ্রেপ্তার করা হয়েছিল। পরে দ্রুত বিচার প্রক্রিয়ায় সহিংস ডাকাতি ও গাড়ি ছিনতাইয়ের অপরাধ স্বীকার করায় নভেম্বরে তাঁকে ২০ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
সন্তান হারানোর ক্ষতি কোনো বিচারেই পূরণ হবে না’
রায় ঘোষণার পর নিহত মার্কিন নাগরিক জ্যাক কার্টার রোডের মা পেজ রোড ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান। তিনি বলেন, সন্তান হারানোর ক্ষতি কোনো বিচার দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা ভবিষ্যতে আর কারও ক্ষতি করতে পারবেন না—এটি কিছুটা স্বস্তির বিষয়।
অস্ট্রেলীয় দুই ভাইয়ের বাবা-মা মার্টিন ও ডেবরা রবিনসন দোষী সাব্যস্ত হওয়ার প্রাথমিক রায়ের পর গত সপ্তাহে অস্ট্রেলিয়ায় ফিরে যান। শুক্রবার সাজা ঘোষণার শুনানি তাঁরা দূর থেকে অনুসরণ করেন।
বিচার প্রক্রিয়ার অংশ হিসেবে অনুষ্ঠিত ২৪টি শুনানির একটির পর দেওয়া সাক্ষাৎকারে তাঁরা সন্তানদের মৃত্যুকে অত্যন্ত বেদনাদায়ক ও নরকতুল্য অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছিলেন।
পর্যটকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এনসেনাদা অঞ্চলকে তুলনামূলক নিরাপদ হিসেবে বিবেচনা করা হলেও বাজা ক্যালিফোর্নিয়া মেক্সিকোর সহিংসতাপ্রবণ রাজ্যগুলোর একটি। তিন বিদেশি পর্যটকের হত্যাকাণ্ডের পর সেখানে ভ্রমণকারীদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
অপরাধ ও অপহরণের ঝুঁকির কথা উল্লেখ করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মার্কিন নাগরিকদের বাজা ক্যালিফোর্নিয়ায় ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনা করার পরামর্শ দিয়েছে।
সূত্র: রয়টার্স