মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মক্কায় আবারও ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ শহরটির বিভিন্ন এলাকায় পতিত হয়।
সৌদি আরবের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রাম এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়ে।
গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বেড়েছে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা ও মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সৌদি সেনাবাহিনী প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করেছে।
তবে মক্কা ও মদিনার মতো মুসলিমদের পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকায় অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করেই তাদের অভিযান পরিচালিত হয়।
মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবের প্রকাশ।
২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।
২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষের সংঘাত অনেকটাই কমে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও উত্তেজনা বাড়তে থাকে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা শুরু করে রিয়াদ।
নতুন করে সংঘাত তীব্র হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।
সূত্র: রয়টার্স