ভারতের উত্তর প্রদেশের লখনউতে প্রেমিকের মৃত্যুর ঘটনায় হত্যার অভিযোগ অস্বীকার করেছেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও মেকআপ আর্টিস্ট শ্রদ্ধা দুবে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তাঁর দাবি, প্রেমিক শিবা শর্মার মৃত্যু হত্যাকাণ্ড নয়, বরং আত্মহত্যা। এদিকে ঘটনার পর থেকে শ্রদ্ধা ও তাঁর বোনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ। খবর এনডিটিভির।
গত শুক্রবার লখনউয়ের একটি আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ব্যবসায়ী শিবা শর্মার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে। মামলায় শ্রদ্ধা দুবে, তাঁর বোন রশ্মি এবং আরও কয়েকজনের নাম রয়েছে।
ভিডিও বার্তায় যা বললেন শ্রদ্ধা
এক মিনিটের বেশি সময়ের ভিডিওতে শ্রদ্ধা দাবি করেন, শিবার মৃত্যুর ঘটনায় তিনি কোনো অপরাধ করেননি। তিনি পুলিশকে ঘটনার প্রকৃত তথ্য জানাতে চান বলেও উল্লেখ করেন।
নিজের শারীরিক অবস্থার কথা তুলে ধরে শ্রদ্ধা জানান, তিনি বর্তমানে অসুস্থ। পাশাপাশি তাঁর নামের সঙ্গে কোনো প্রভাবশালী কর্মকর্তা বা রাজনীতিকের নাম জড়ানো না হয়, সেই অনুরোধও করেন তিনি।
ভিডিও বার্তায় শ্রদ্ধার দাবি, তিনি পালিয়ে যাননি। পুরো ঘটনা সম্পর্কে পুলিশকে সত্য জানাতে প্রস্তুত রয়েছেন বলেও জানান এই ইনফ্লুয়েন্সার। কোনো নারীর বিষয়ে মন্তব্য করার আগে তাঁর সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়ার আহ্বানও জানান তিনি।
শিবার পরিবারের গুরুতর অভিযোগ
শিবার মা রঞ্জনা শর্মার অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা হয়েছে। শ্রদ্ধা দুবে ও তাঁর বোন রশ্মি ছাড়াও দানিশ নামে এক চালক, আদিল নামে এক সহযোগীসহ আরও কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে।
শিবার মায়ের অভিযোগ, প্রায় চার মাস ধরে শ্রদ্ধা তাঁর ছেলেকে ব্ল্যাকমেইল ও শারীরিক নির্যাতন করছিলেন। এ ছাড়া শিবার ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে দেওয়া এবং তাঁর সামাজিক সম্মান ক্ষুণ্ন করার হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেছেন তিনি।
মৃত্যুর আগে কী ঘটেছিল?
অভিযোগ অনুযায়ী, ঘটনার রাতে শ্রদ্ধা ফোন করে রঞ্জনা শর্মাকে জানান, শিবা তাঁর ফ্ল্যাটের বারান্দা থেকে পড়ে গেছেন এবং তাঁকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরে আরেকবার ফোন করে তিনি জানান, তাঁর চালক শিবাকে হাসপাতালে নিয়ে গেছেন। এ সময় চালকের ফোন নম্বরও দেওয়া হয়েছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ঘটনার পর শ্রদ্ধা ও তাঁর বোনের অবস্থান সম্পর্কে নিশ্চিত হতে পারেনি পুলিশ। তাঁদের খুঁজে বের করতে তল্লাশি চলছে। অভিযুক্তদের সম্পর্কে তথ্য দিতে পারলে ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছে পুলিশ বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
শিবার মৃত্যুর প্রকৃত কারণ এবং এ ঘটনায় কারও অপরাধমূলক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে পুলিশ। শ্রদ্ধার ভিডিও বার্তায় দেওয়া বক্তব্য ও শিবার পরিবারের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।
পি/ এস