লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী বাব আল-মান্দেব প্রণালির কাছে জিবুতির উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে অন্তত ১৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ৮৪ জন নিখোঁজ রয়েছেন। নিহতদের মধ্যে ১৫টি শিশুও রয়েছে।
নৌকাটিতে তিন শতাধিক যাত্রী ছিলেন বলে জানা গেছে। বেঁচে যাওয়া যাত্রীদের তথ্যের ভিত্তিতে জাতিসংঘের অভিবাসনবিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) রোববার এক বিবৃতিতে জানায়, গত ৮ অক্টোবর বৃহস্পতিবার রাত থেকে ৯ অক্টোবর শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময় দুর্ঘটনাটি ঘটে।
জিবুতির কোস্টগার্ডের উদ্ধার তৎপরতায় ৮০ জনের বেশি অভিবাসনপ্রত্যাশী প্রাণে বেঁচে যান। আইওএমকে তারা জানান, সবাই ইথিওপিয়ার নাগরিক। বাব আল-মান্দেব প্রণালি পেরিয়ে ইয়েমেন হয়ে সৌদি আরবে প্রবেশের উদ্দেশ্যে তারা যাত্রা করেছিলেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে এখনো তল্লাশি চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।
আইওএমের জিবুতি মিশনের প্রধান আলেকজান্দ্রে কোইসাক এ ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে শোক প্রকাশ করেছেন। তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জরুরি সহায়তা দিতে সংস্থাটির দল স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে।
কোইসাক বলেন, উন্নত অর্থনৈতিক সুযোগের আশায় অভিবাসনপ্রত্যাশীদের বিপজ্জনক পথ পাড়ি দিতে গিয়ে কী ধরনের ঝুঁকির মুখে পড়তে হয়, এই দুর্ঘটনা তা আবারও সামনে এনেছে।
অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া বক্তব্যে কোইসাক আরও জানান, মৃতের ১৩৯ জনের হিসাবের মধ্যে শুধু জিবুতির সরকারি কর্তৃপক্ষের দাফন করা ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিবাসনপ্রত্যাশীরাও নিজেদের উদ্যোগে অনেকের মরদেহ দাফন করেছেন। তবে সেসব মরদেহ শনাক্ত ও যাচাই না হওয়া পর্যন্ত সরকারি মৃতের তালিকায় যুক্ত করা হবে না।
অস্থিতিশীলতার মধ্যেও থামছে না অভিবাসনযাত্রা
জিবুতি ও ইয়েমেনের মাঝখানে অবস্থিত বাব আল-মান্দেব প্রণালি আফ্রিকার হর্ন অঞ্চল থেকে আসা অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি বহুল ব্যবহৃত পথ। প্রণালিটির সবচেয়ে সরু অংশের প্রস্থ প্রায় ২০ কিলোমিটার বা ১২ দশমিক ৪ মাইল। পথটি জনপ্রিয় হলেও সমুদ্রযাত্রার ঝুঁকি অত্যন্ত বেশি।
পারস্য উপসাগরীয় দেশগুলোতে কর্মসংস্থান ও নিরাপদ জীবনের সন্ধানে প্রতিবছর বহু মানুষ এই বিপজ্জনক পথে যাত্রা করেন। তবে আঞ্চলিক অস্থিতিশীলতা, ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এবং গত মাসে ইয়েমেনের সেনাবাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ার মতো পরিস্থিতিও অভিবাসনপ্রত্যাশীদের এই যাত্রা থেকে বিরত রাখতে পারছে না।
আইওএমের তথ্য অনুযায়ী, গত ১০ সেপ্টেম্বরের পর থেকে ইথিওপিয়া থেকে জিবুতিতে ২০ হাজারেরও বেশি মানুষের আগমন নথিভুক্ত করেছে সংস্থাটি।
সংস্থাটির হিসাব বলছে, গত বছর পাঁচ লাখেরও বেশি মানুষ এই পথ ধরে ইয়েমেনে যাওয়ার চেষ্টা করেন। তাদের মধ্যে অন্তত ৯০০ জনের মৃত্যু হয়েছে অথবা তারা নিখোঁজ হয়েছেন।
অন্যদিকে, জিবুতি শুধু অভিবাসনপ্রত্যাশীদের যাত্রাপথের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র নয়, সংঘাতের কারণে বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল হিসেবেও ভূমিকা রাখছে দেশটি। ইয়েমেনে সেনাবাহিনী ও হুথি বিদ্রোহীদের সংঘাতের প্রেক্ষাপটে সাম্প্রতিক সময়ে কয়েক হাজার মানুষ দেশটি ছেড়ে জিবুতিতে আশ্রয় নিয়েছেন।