পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী ও সামরিক সরঞ্জাম মোতায়েনের অনুমতি দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। প্রদেশটিতে জরুরি অবস্থা এবং গভর্নরের শাসন জারির পর নিরাপত্তাব্যবস্থা জোরদারের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
জরুরি অবস্থা কার্যকর হওয়ার পর প্রাদেশিক রাজধানী পেশোয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে পণ্যবাহী কনটেইনার বসিয়ে যান চলাচল সীমিত বা বন্ধ করে দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশে বাড়ানো হয়েছে পুলিশের উপস্থিতি। একই সঙ্গে ল্যান্ডফোন, ডিএসএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা বন্ধ থাকার খবর পাওয়া গেছে।
পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের প্রতিবেদন অনুযায়ী, প্রেসিডেন্ট হাউসের এক বিবৃতিতে বলা হয়েছে, সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে নেওয়া পদক্ষেপগুলো অনুমোদন করা হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার সুপারিশের পর প্রেসিডেন্টের সম্মতিতে প্রদেশটিতে জরুরি অবস্থা ও গভর্নরের শাসন কার্যকর করা হয়।
রোববার (১১ অক্টোবর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করা এসআরও (১)/২০২৬-এর মাধ্যমে সেনা মোতায়েনের অনুমোদন দেয়। সরকারি নির্দেশনায় বলা হয়েছে, সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা এবং সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বেসামরিক প্রশাসনকে সহযোগিতা করবে সেনাবাহিনী।
জরুরি অবস্থা ও গভর্নরের শাসনসংক্রান্ত ঘোষণা বহাল থাকা পর্যন্ত সেনা মোতায়েনের অনুমোদন কার্যকর থাকবে। সংবিধানের ২৪৫ অনুচ্ছেদে দেওয়া ক্ষমতা প্রয়োগ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সেনাসদস্য ও সামরিক সরঞ্জামের প্রয়োজনীয় সংখ্যা নির্ধারণের দায়িত্ব দেওয়া হয়েছে খাইবার পাখতুনখাওয়ার গভর্নর ফয়সাল করিম কুন্দিকে। এ বিষয়ে রাওয়ালপিন্ডিতে সেনাবাহিনীর সদর দপ্তর জিএইচকিউর সামরিক অভিযান পরিচালনা পরিদপ্তরের সঙ্গে পরামর্শ করবেন তিনি।
কেন্দ্র ও প্রাদেশিক সরকারের মধ্যে বিরোধ তীব্র
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, জরুরি অবস্থা ঘোষণার আগের দিন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির বৈঠক হয়। এতে পাকিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকারের মধ্যে রাজনৈতিক টানাপোড়েনের মধ্যেই এ বৈঠক অনুষ্ঠিত হয়।
পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পরিচালনা করছে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)। অন্যদিকে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ক্ষমতায় রয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের প্রতিষ্ঠিত পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। নিরাপত্তানীতি ও সন্ত্রাসবাদ দমনের কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে মতবিরোধ চলছে। এরই ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর তাদের মধ্যকার আলোচনা ভেঙে যায়।
পিটিআইয়ের দাবি, প্রদেশের নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের সময় নির্বাচিত প্রাদেশিক সরকারকে যথাযথ গুরুত্ব দেওয়া হচ্ছে না। তবে কেন্দ্রীয় সরকার এ অভিযোগ নাকচ করেছে। সন্ত্রাসবাদ মোকাবিলায় সরকারের নীতি পুনর্বিবেচনার দাবি জানিয়ে আসছে পিটিআই। একই সঙ্গে দলটি সামরিক অভিযানের বিরোধিতা করছে।
অন্যদিকে, সন্ত্রাসবাদ দমনে খাইবার পাখতুনখাওয়া সরকারের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছে কেন্দ্রীয় সরকার। আফগান তালেবানের সঙ্গে সংলাপের বিষয়ে প্রাদেশিক সরকারের অবস্থান নিয়েও ইসলামাবাদের আপত্তি রয়েছে।
পেশোয়ারে গুরুত্বপূর্ণ সড়কে কনটেইনার, বেড়েছে নিরাপত্তা
জরুরি অবস্থা জারির পর পেশোয়ারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে কনটেইনার বসিয়ে যান চলাচলে বাধা সৃষ্টি করা হয়েছে। রেলস্টেশনের কাছে কনটেইনার স্থাপন করে খাইবার বাজার, শোবা বাজার ও আশপাশের এলাকায় যাওয়ার পথ বন্ধ করে দেওয়া হয়। এডওয়ার্ডস কলেজের কাছেও কনটেইনার রাখা হয়েছে। এতে জেল রোড ও মালিক সাদ শহীদ ফ্লাইওভারে প্রবেশের পথ বন্ধ হয়ে যায়।
বালা হিসার দুর্গের কাছাকাছি এবং পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) কার্যালয়ের সামনেও কনটেইনার রাখা হয়েছে। ফলে মল রোডে প্রবেশের পথও বন্ধ থাকে।
গভর্নর হাউসের আশপাশে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে অন্যান্য জেলা থেকেও পুলিশ সদস্য আনা হয়েছে।
গভর্নর হাউস থেকে মুখ্যমন্ত্রীর বাসভবনের দিকে যাওয়া সড়কে কেবল সরকারি যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। রয়্যাল আর্টিলারি (আরএ) বাজারও বন্ধ রাখা হয়েছে। তবে সেনানিবাসের কয়েকটি অংশে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
এর আগে পেশোয়ারের গুরুত্বপূর্ণ যোগাযোগপথ খাইবার রোড বন্ধ করে দেওয়ায় তীব্র যানজট তৈরি হয়। সড়কটি গ্র্যান্ড ট্রাঙ্ক (জিটি) রোডের সঙ্গে ইউনিভার্সিটি রোডের পূর্বাংশকে সংযুক্ত করেছে। এটি শহরের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক।
ডনের তথ্য অনুযায়ী, খাইবার রোড বন্ধ থাকায় বিকল্প পথগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। সড়কটির আশপাশে অবস্থিত রেড জোনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক স্থাপনা রয়েছে। এর মধ্যে কোর কমান্ডারের বাসভবন, বেসামরিক সচিবালয়, কেন্দ্রীয় পুলিশ কার্যালয়, মুখ্যমন্ত্রীর সচিবালয়, মুখ্যমন্ত্রীর বাসভবন ও গভর্নর হাউস উল্লেখযোগ্য।
এদিকে, পেশোয়ারে ল্যান্ডফোন ও ডিএসএলসহ বিভিন্ন টেলিযোগাযোগ সেবা বন্ধ থাকার খবরও পাওয়া গেছে।
সম্ভাব্য বিক্ষোভ মোকাবিলায় পুলিশের সতর্কতা
জরুরি অবস্থা ঘোষণার পর সম্ভাব্য সহিংস বিক্ষোভ ও নাশকতা ঠেকাতে আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেয় প্রাদেশিক পুলিশ। শনিবার খাইবার পাখতুনখাওয়া পুলিশের প্রধান জুলফিকার হামিদ জেলা পুলিশ কর্মকর্তাদের সতর্ক থাকার নির্দেশ দেন।
একই সঙ্গে পরিস্থিতি মোকাবিলায় বলপ্রয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রয়োজনীয় সংযম বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।
ইসলামাবাদে বিরোধীদের সংবাদ সম্মেলন নিয়েও জটিলতা
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বিরোধী দলগুলোর সংবাদ সম্মেলন আয়োজনেও বাধার মুখে পড়তে হয়েছে। প্রধান বিরোধী জোট সাধারণত খাইবার পাখতুনখাওয়া হাউসে সংবাদ সম্মেলন করে থাকে। কিন্তু ভবনটি সিলগালা করে দেওয়ায় বিকল্প ভেন্যু খুঁজতে হয় তাদের।
পরবর্তী সময়ে তেহরিক-ই-তাহাফুজ-ই-আইন-ই-পাকিস্তান (টিটিএপি) মুরি এক্সপ্রেসওয়ের কাছে ভারা কাহু এলাকার জামিয়া আল উইলায়ায় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেয়।
সংগঠনটির মুখপাত্র আখুনজাদা হুসাইন আহমেদ ইউসুফজাই জানান, শুরুতে খাইবার পাখতুনখাওয়া হাউসে সংবাদ সম্মেলনের পরিকল্পনা ছিল তাদের। পরে ভবনটি সিলগালা থাকার বিষয়টি জানতে পারেন তারা।
এরপর ন্যাশনাল প্রেস ক্লাবে (এনপিসি) সংবাদ সম্মেলন আয়োজনের চেষ্টা করা হয়। নির্ধারিত ফি দিতে সম্মত হলেও সেখানে অনুষ্ঠান করার অনুমতি পাননি বলে জানান তিনি। শেষ পর্যন্ত ভারা কাহু এলাকায় সংবাদ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সূত্র: পাকিস্তানের সংবাদমাধ্যম ডন