কেবল সন্দেহের ভিত্তিতে কাউকে ‘বাংলাদেশি’ আখ্যা দিয়ে দেশ থেকে বহিষ্কার করার ক্ষমতা রাজ্য সরকারের নেই বলে মন্তব্য করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। নাগরিকত্ব নির্ধারণের আগে সংশ্লিষ্ট ব্যক্তিকে নিজের বক্তব্য উপস্থাপন ও নাগরিকত্বের প্রমাণ দেওয়ার যথেষ্ট সুযোগ দিতে হবে বলেও পর্যবেক্ষণ করেছেন তিনি।
পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের এক বাসিন্দাকে আটক রেখে বাংলাদেশে পাঠানোর উদ্যোগের বিরুদ্ধে করা রিট আবেদনের শুনানিতে এসব মন্তব্য করেন বিচারপতি। শুক্রবার (৯ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, আবেদনকারীর আইনজীবী রবিউল ইসলামের দাবি, কয়েকজন প্রতিবেশীর দেওয়া বক্তব্যের ভিত্তিতে তৈরি সন্দেহের জেরে গত ৮ আগস্ট থেকে তাঁর মক্কেলকে আটক রাখা হয়েছে। ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসের (এফআরআরও) দেশান্তরের নির্দেশ এবং স্বামীকে আটকে রাখার সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে আবেদন করেন ওই ব্যক্তির স্ত্রী। তবে তাঁকে আটক করা হয়নি।
শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য দেশান্তরের আদেশটি আপাতত স্থগিত রাখেন। তিনি পর্যবেক্ষণ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আবেদনকারীকে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ দিয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন রয়েছে। নাগরিকত্ব নির্ধারণের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করার বিষয়টিও তিনি সামনে আনেন।
একই সঙ্গে ওই ব্যক্তিকে দুই মাস ধরে কেন আটক রাখা হয়েছে এবং তাঁর জাতীয়তা নির্ধারণে কর্তৃপক্ষ কেন স্পষ্ট ও সুনির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেনি, তা জানতে চান বিচারপতি।
আবেদনকারীর আইনজীবী রবিউল ইসলাম বলেন, ‘আমার মক্কেল দুই মাসেরও বেশি সময় ধরে আটক রয়েছেন। তাঁকে আটকের ভিত্তি ছিল কয়েকজন প্রতিবেশীর বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি হওয়া সন্দেহ।’
প্রতিবেশীদের বক্তব্যের মতো তথ্যের ভিত্তিতে কীভাবে কারও নাগরিকত্ব চূড়ান্তভাবে নির্ধারণ করা সম্ভব, সে প্রশ্নও তোলেন বিচারপতি। তাঁর মতে, যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ না করে কাউকে আটক রাখা উচিত নয়।
শুনানিতে সীমান্ত পেরিয়ে আসা মানুষের সংখ্যা ও তাঁদের ফেরত পাঠানোর বাস্তবতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিচারপতি বলেন, ‘১৯৭০-এর দশক থেকে কত লোক সীমান্ত অতিক্রম করেছেন? তাঁদের সবাইকে ফেরত পাঠানো কি সম্ভব?’
পরে মামলাটি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে উপযুক্ত বেঞ্চে শুনানির ব্যবস্থা করার অনুরোধ জানান বিচারপতি সৌগত ভট্টাচার্য।
বাংলাভাষীদের ‘বাংলাদেশি’ আখ্যা দেওয়ার অভিযোগ
প্রতিবেদনে আরও বলা হয়, ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষী মুসলিম পরিযায়ী শ্রমিকদের ‘অবৈধ বাংলাদেশি’ হিসেবে চিহ্নিত করার অভিযোগ উঠেছে। আদালত বা ট্রাইব্যুনালের নির্দেশ ছাড়াই সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সহায়তায় তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগও রয়েছে। এ ধরনের প্রক্রিয়াকে ‘পুশ-ইন’ বলা হয়।
প্রতিবেদন অনুযায়ী, বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসার কয়েক দিন পর নতুন সরকার ‘ডিটেইন, ডিলিট, ডিপোর্ট’—অর্থাৎ আটক, বাতিল ও বহিষ্কার নীতি ঘোষণা করে। এ নীতির আওতায় সন্দেহভাজন ব্যক্তিদের ‘হোল্ডিং সেন্টারে’ আটকে রেখে সংক্ষিপ্ত প্রক্রিয়ায় বাংলাদেশে পাঠানোর দায়িত্ব পুলিশকে দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ধরনের একটি ঘটনায় চার ভারতীয় নাগরিক—যাঁদের মধ্যে একজন নারী ও দুটি শিশু ছিল—বাংলাদেশের ভূখণ্ডে প্রায় এক বছর কাটানোর পর গত জুলাই মাসে আদালতের নির্দেশে মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে নিজ দেশে ফিরে যান বলেও প্রতিবেদনে জানানো হয়।
নথিপত্র যাচাইয়ের ওপর গুরুত্ব
সন্দেহের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করার বিষয়ে সতর্ক করে বিচারপতি সৌগত ভট্টাচার্য বলেন, দেশান্তরের সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির নথিপত্র যথাযথভাবে যাচাই করা প্রয়োজন। গুটিকয়েক মানুষের বক্তব্যের ভিত্তিতে কাউকে অনুপ্রবেশকারী বলে সিদ্ধান্তে পৌঁছানো যায় না বলেও মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, রাজ্য সরকারের পক্ষে উপস্থিত অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার যুক্তি দেন, আটক ব্যক্তি জাল বা ভুয়া নথি ব্যবহার করে ভোটার কার্ড, আধার কার্ড ও প্যান কার্ড সংগ্রহ করে থাকতে পারেন।
ভারতে ভোটার তালিকা, নাগরিকত্ব ও পরিচয়পত্র নিয়ে জাতীয় রাজনীতিতে বিতর্কের মধ্যে কলকাতা হাইকোর্টের এই পর্যবেক্ষণ সামনে এল। মামলাটিতে আদালতের বক্তব্যের মূল বিষয় হয়ে উঠেছে—কেবল সন্দেহের ভিত্তিতে নয়, বরং যথাযথ যাচাই ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই একজন ব্যক্তির নাগরিকত্ব সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে।
এস/এস