দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় নিজের বিভিন্ন উদ্যোগের স্বীকৃতি হিসেবে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া উচিত বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। তবে নরওয়ের নোবেল কমিটি শেষ পর্যন্ত তাকে এই পুরস্কার দেবে কি না, তা নিয়ে সংশয়ও প্রকাশ করেছেন তিনি।
২০২৬ সালের নোবেল পুরস্কারজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে গত ৫ অক্টোবর থেকে। এরই মধ্যে চিকিৎসা, পদার্থবিজ্ঞান ও রসায়নে নোবেল বিজয়ীদের নাম প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঘোষণা করা হবে শান্তিতে নোবেলজয়ীর নাম।
এর এক দিন আগে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, তিনি চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাশা করছেন কি না।
জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমি মনে করি, আমার নোবেল পাওয়া উচিত। তবে আমি জানি না তাদের (নরওয়েজীয় নোবেল কমিটি) সিদ্ধান্ত কী হবে। আমার মতো লোকজনকে পুরস্কার না দেওয়ার ব্যাপারে তাদের সুনাম রয়েছে।”
২০২৫ সালে হোয়াইট হাউসে দ্বিতীয়বারের মতো ফেরার পর থেকেই ট্রাম্প বিভিন্ন সময় বলে আসছেন, বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য তিনি যোগ্য।
গত বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন ভেনেজুয়েলার রাজনীতিবিদ মারিয়া কোরিনা মাচাদো। পুরস্কার পাওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে তিনি নিজের নোবেল পদক ট্রাম্পকে উপহার দেন। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেই ঘটনাটিও স্মরণ করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, “এখন সেই সময় এসেছে। তবে গতবার পুরস্কারজয়ী ব্যক্তি যখন বলেছিলেন যে ইতিহাসের আর কারও চেয়ে প্রেসিডেন্ট ট্রাম্পই এই পুরস্কারের বেশি যোগ্য, তখন পরোক্ষভাবে তা পেয়ে আমি অত্যন্ত সম্মানিত বোধ করেছিলাম।”
ট্রাম্পের দাবি, ২০২৫ সালের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর তিনি আটটি আন্তর্জাতিক সংঘাতপূর্ণ পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছেন। এসব উদ্যোগের স্বীকৃতি হিসেবেই চলতি বছর শান্তিতে নোবেল পুরস্কার তার পাওয়া উচিত বলে মনে করেন তিনি।
কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেওয়ার কথা জানিয়েছেন। তবে তাদের এই দাবির স্বাধীনভাবে সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
ট্রাম্প যেসব সংঘাতের সমাধানে নিজের ভূমিকার কথা তুলে ধরছেন, সেগুলোর সঙ্গে সংশ্লিষ্ট অনেক পক্ষই সংঘাত নিরসনে তার কূটনৈতিক ভূমিকার বিষয়টি অস্বীকার করেছে। আবার ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তের মতো কয়েকটি এলাকায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে।
এদিকে ইউক্রেনে রাশিয়ার চলমান যুদ্ধেরও কোনো সমাধান এখনও করতে পারেননি ট্রাম্প। অথচ দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই যুদ্ধটি শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।
অন্যদিকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে কয়েক মাস ধরে উত্তেজনা ও সংঘাত অব্যাহত রয়েছে। এর প্রভাব বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থাতেও পড়েছে এবং যুক্তরাষ্ট্রে নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে গ্যাসের দাম বৃদ্ধির বিষয়টিও আলোচনায় এসেছে।
এ বছর শান্তিতে নোবেল পুরস্কারের সম্ভাব্য প্রার্থীদের আলোচনায় ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ লিওর নামও রয়েছে বলে জানা গেছে।