সৌদি আরবের রাজধানী রিয়াদ ও আবহা শহরের দুটি আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার (৭ অক্টোবর) ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর চালানো এসব হামলায় তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৩৬ জন।
সৌদির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্যের বরাত দিয়ে বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদন অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং আবহা আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়। বর্তমানে ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি গোষ্ঠী এবং সৌদি-সমর্থিত সরকারি বাহিনীর মধ্যে প্রায় তিন সপ্তাহ ধরে তীব্র সংঘাত চলছে। সেই সংঘাতের মধ্যেই সৌদি ভূখণ্ডের বিমান চলাচল অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলো।
হুথি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান, বিমান চলাচলের অবকাঠামো লক্ষ্য করে পরিচালিত ধারাবাহিক হামলার অংশ হিসেবে সৌদির বিমানবন্দরগুলোতে আঘাত হানা হয়েছে।
সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বুধবার সন্ধ্যার পর জানায়, কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় একজন নিহত ও আটজন আহত হয়েছেন। অন্যদিকে আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে নিহত হয়েছেন দুজন এবং আহত হয়েছেন ২৮ জন।

এদিকে ইয়েমেনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, একই দিন দেশটির লোহিত সাগর উপকূলের বন্দরনগরী এডেনের আন্তর্জাতিক বিমানবন্দরেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরকবাহী ড্রোন দিয়ে হামলা চালানো হয়।
মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী, কায়রো থেকে আসা একটি উড়োজাহাজ অবতরণের কয়েক মিনিট আগে বিমানবন্দরের রানওয়ের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। হুথিদের নিয়ন্ত্রণের বাইরে থাকা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলের জন্য এডেন বিমানবন্দরটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রবেশপথ হিসেবে ব্যবহৃত হয়।
সাম্প্রতিক সময়ে ইয়েমেনের সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের এলাকা। হরমুজ প্রণালীর মাধ্যমে বাণিজ্যিক কার্যক্রম সীমিত হয়ে পড়ায় জ্বালানি পরিবহনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই নৌপথটির গুরুত্ব আরও বেড়েছে।
এই সপ্তাহে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান সহায়তা নিয়ে ইয়েমেনের সরকারি বাহিনী কৌশলগত কিছু এলাকা পুনর্দখলের অভিযান শুরু করেছে। এর মধ্যে বাব আল-মান্দেব প্রণালীর কাছাকাছি অঞ্চল এবং মোচা শহরের আশপাশের এলাকাও রয়েছে। গত সেপ্টেম্বরে এসব এলাকার কিছু অংশ হুথিরা দখলে নিয়েছিল। তবে সরকারি বাহিনীর এই পাল্টা অভিযান কতটা দীর্ঘস্থায়ী হবে, তা এখনো স্পষ্ট নয়।
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বৃহত্তর সংঘাতের প্রভাব ইয়েমেনের পরিস্থিতিতেও পড়েছে। এর ফলে দেশটির দীর্ঘদিনের গৃহযুদ্ধ নতুন করে আরও জটিল হয়ে উঠেছে। দীর্ঘ এই সংঘাত ইতোমধ্যে ইয়েমেনকে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটের দিকে ঠেলে দিয়েছে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) বুধবার জানিয়েছে, হুথি ও ইয়েমেনি-সৌদি সমর্থিত সামরিক জোটের সাম্প্রতিক সংঘাত শুরু হওয়ার পর নতুন করে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা দুই লাখ ছাড়িয়েছে।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ রয়টার্সকে বলেছেন, সংঘাতের কারণে মানুষ জীবন রক্ষার জন্য এক স্থান থেকে অন্যত্র পালিয়ে যাচ্ছে, কিন্তু অনেকেই নিরাপদ আশ্রয় পাচ্ছেন না। খাদ্য ও আশ্রয়ের বাড়তি চাহিদা পূরণে তিনি আন্তর্জাতিকভাবে আরও অর্থ সহায়তার আহ্বান জানিয়েছেন।
সংঘাতে উভয় পক্ষই শত শত মানুষ নিহত হওয়ার দাবি করলেও হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ইয়েমেনের কিছু এলাকায় প্রতি চারটি পরিবারের মধ্যে তিনটি পরিবার খাদ্যসংকটে রয়েছে।
সৌদি আরবকে দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করে হুথিরা। এর বিপরীতে ইরান-সমর্থিত এই শিয়া সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে সৌদি আরবের বিরোধ দীর্ঘদিনের। সেই বিরোধের ধারাবাহিকতায় অতীতেও সৌদির বিমানবন্দর, তেল শোধনাগার ও পাইপলাইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে একাধিক হামলা চালিয়েছে হুথিরা।