২০২৫ সালে একা ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা বেড়েছে। জাতিসংঘের তিন সংস্থা আইওএম, ইউএনএইচসিআর ও ইউনিসেফের যৌথ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর বিভিন্ন অভিবাসনপথে ইউরোপে পৌঁছানো ৩১ হাজার ১০০ শিশুর মধ্যে ২০ হাজারের বেশি শিশু কোনো অভিভাবক কিংবা আইনগত অভিভাবক ছাড়াই ইউরোপে প্রবেশ করেছে। অর্থাৎ, ইউরোপে পৌঁছানো শিশুদের প্রায় ৬৭ শতাংশই ছিল অভিভাবকহীন। ২০২৪ সালে এই হার ছিল ৫১ শতাংশ।
তবে ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে সমুদ্র ও স্থলপথে বুলগেরিয়া, সাইপ্রাস, গ্রিস, ইতালি, মাল্টা ও স্পেনে পৌঁছানো শিশুর মোট সংখ্যা ২৫ শতাংশ কমেছে।
জাতিসংঘের সংস্থাগুলো বলছে, অভিভাবক ছাড়া দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ পথে যাত্রা করায় এসব শিশু মানবপাচার, সহিংসতা ও নানা ধরনের শোষণের বড় ঝুঁকিতে রয়েছে। নিরাপদভাবে ইউরোপে যাওয়ার সুযোগ সীমিত থাকায় অনেক শিশুকে পাচারকারীদের ওপর নির্ভর করতে হচ্ছে।
আইওএমের মহাপরিচালক অ্যামি পোপ বলেন, নিরাপদ যাত্রার সুযোগ কম থাকায় শিশুদের মানবপাচারকারী ও অন্যান্য ঝুঁকিপূর্ণ নেটওয়ার্কের ওপর নির্ভর করতে হচ্ছে। ফলে যাত্রাপথে তাদের সহিংসতা ও শোষণের শিকার হওয়ার আশঙ্কা বাড়ছে।
২০২৫ সালে ইউরোপে পৌঁছানো শিশুদের মধ্যে ৭৮ শতাংশ ছিল ছেলে এবং ২২ শতাংশ মেয়ে।
দেশভেদে অভিবাসী শিশুদের উৎসেও পার্থক্য দেখা গেছে। ইতালিতে পৌঁছানো ১৪ হাজারের বেশি অপ্রাপ্তবয়স্কের বড় অংশ এসেছিল পূর্ব আফ্রিকা ও বাংলাদেশ থেকে। গ্রিসে পৌঁছানো শিশুদের মধ্যে আফগানিস্তান ও সিরিয়ার নাগরিকদের সংখ্যা বেশি ছিল। আর স্পেনে পৌঁছানো শিশুদের মধ্যে আলজেরিয়া, মরক্কো ও পশ্চিম আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকদের সংখ্যা উল্লেখযোগ্য।
এদিকে ভূমধ্যসাগর, আটলান্টিক মহাসাগরীয় পথ এবং পশ্চিম বলকান রুটে ১৫ থেকে ২৪ বছর বয়সি ৪ হাজার ৬০০-এর বেশি কিশোর ও তরুণের সাক্ষাৎকার নিয়েছে আইওএম। তাদের প্রায় অর্ধেকই যাত্রাপথে শারীরিক সহিংসতার শিকার হওয়ার কথা জানিয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী, এ ধরনের নির্যাতনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে লিবিয়ায়।
প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে, অভিবাসীদের জন্য নিরাপদ চলাচলের সুযোগ আরও সীমিত হলে তরুণ ও শিশুরা বিকল্প হিসেবে আরও বিপজ্জনক পথ বেছে নিতে পারে। এতে মানবপাচারকারীদের ওপর তাদের নির্ভরতা বাড়বে এবং সহিংসতা, শোষণ ও নির্যাতনের ঝুঁকিও আরও তীব্র হতে পারে।
চলতি বছরের জুনে কার্যকর হওয়া ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন ও আশ্রয়বিষয়ক চুক্তিকে স্বাগত জানিয়েছে আইওএম, ইউএনএইচসিআর ও ইউনিসেফ। তাদের মতে, নতুন এই চুক্তি অভিবাসী, শরণার্থী এবং রাষ্ট্রহীন শিশুদের সুরক্ষা বাড়ানোর সুযোগ তৈরি করেছে।
তবে সংস্থাগুলো জোর দিয়ে বলেছে, শিশুদের নিয়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাদের সর্বোত্তম স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
অ্যামি পোপ বলেন, শিশুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি তাদের প্রয়োজনীয় যত্ন ও সহায়তা দেওয়ার দায়িত্ব সবার। এ জন্য সীমান্তের বাইরেও শিশু সুরক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন।
সূত্র: জাতিসংঘের সংস্থা IOM, UNHCR ও UNICEF