ফ্রান্সের পরমাণু অস্ত্র বহনে সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণকে ইউরোপের নিরাপত্তা ও প্রতিরক্ষা নীতির জন্য ‘ভুল পথ’ হিসেবে মন্তব্য করেছে রাশিয়া। ক্রেমলিনের ভাষ্য, রাশিয়াকে ঘিরেই ইউরোপ তাদের সামরিক কৌশল সাজাচ্ছে—যা শেষ পর্যন্ত কোনো ইতিবাচক ফল বয়ে আনবে না।
বুধবার (৭ অক্টোবর) ক্রেমলিনের পক্ষ থেকে ফ্রান্সের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে এ প্রতিক্রিয়া জানানো হয়।
এর আগে মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ দেশটির একটি সাবমেরিন থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রশংসা করেন। ব্রিটেনের উপকূলের কাছাকাছি এই পরীক্ষা চালানো হয়। বক্তব্যে সরাসরি রাশিয়ার নাম না নিলেও ম্যাক্রোঁ বলেন, প্রয়োজনীয় জায়গায় পৌঁছানোর মতো শক্তিশালী ও পরিষ্কার একটি বার্তা দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেন যুদ্ধ, ইউরোপের নিরাপত্তা পরিস্থিতি এবং পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা নিয়ে উত্তেজনা চলার মধ্যেই ফ্রান্স এই পরীক্ষা চালাল। একই সময়ে রাশিয়াও নিজেদের ভূখণ্ড এবং কালিনিনগ্রাদ ছিটমহল রক্ষার প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি পুনর্ব্যক্ত করেছে।
ফরাসি ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, মস্কো ফ্রান্সের দেওয়া বার্তাটি বুঝতে পেরেছে। তবে তার মতে, এই পদক্ষেপ ইউরোপের সামরিকীকরণের প্রতি এক ধরনের অতিরিক্ত মনোযোগের প্রকাশ।
পেসকভ বলেন, ইউরোপ তাদের প্রতিরক্ষা ও নিরাপত্তা কাঠামো এমনভাবে গড়ে তুলছে, যার মূল ভিত্তি রুশ ফেডারেশনের সঙ্গে সংঘাত। তিনি এটিকে ‘সম্পূর্ণ ভুল পথ’ এবং ‘অন্ধ গলি’ হিসেবে উল্লেখ করেন।
তার ভাষায়, ইতিহাস দেখিয়েছে যে এ ধরনের পথ শেষ পর্যন্ত ভালো কোনো পরিণতি ডেকে আনে না।
তবে ফ্রান্স ও ইউরোপের সঙ্গে আলোচনার সুযোগ এখনো বন্ধ হয়নি বলেও স্পষ্ট করেন ক্রেমলিনের এই মুখপাত্র। তিনি বলেন, রাশিয়া সতর্ক অবস্থানে রয়েছে, কিন্তু সংলাপের পথ খোলা রাখতে চায়।
পেসকভের মতে, কোনো সমস্যা সমাধানের উপায় হিসেবে প্রদর্শনমূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কার্যকর নয়। এ ধরনের সংকটের সমাধান আলোচনার টেবিলেই খুঁজে বের করা উচিত।