পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সশস্ত্র গোষ্ঠীগুলোর ড্রোন হামলা মোকাবিলায় অভিনব ও তুলনামূলক কম খরচের পদ্ধতি নিয়েছে পুলিশ। ঝুঁকিপূর্ণ বিভিন্ন পুলিশ চেকপোস্টের ওপর মাছ ধরার জাল টাঙিয়ে দেওয়া হচ্ছে, যাতে বিস্ফোরক বহনকারী ড্রোন আটকে দেওয়া বা বিস্ফোরণের ক্ষয়ক্ষতি কমানো যায়।
গত ১৬ এপ্রিল খাইবার পাখতুনখোয়ার হাঙ্গু জেলার সারকি পিয়ালা পুলিশ চেকপোস্টে এমনই একটি ড্রোন হামলার ঘটনা ঘটে। আফগানিস্তান সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরের ওই এলাকায় হামলার সময় তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) হামলার দায় স্বীকার করে। হামলার পাশাপাশি সশস্ত্র ব্যক্তিরা চারদিক থেকে গুলিবর্ষণও শুরু করে।
৪০ বছর বয়সী পুলিশ পরিদর্শক ফায়াজ খান ওই ঘটনার সময় চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন। তার ভাষ্য অনুযায়ী, প্রায় সাত ঘণ্টা ধরে সংঘর্ষ চলে। এতে একটি সাঁজোয়া যানের চালক নিহত এবং এক পুলিশ সদস্য আহত হন।
আলজাজিরাকে ফায়াজ বলেন, ওই সময় পুলিশ সদস্যদের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছিল। তারা বুঝতে পারছিলেন না, সংঘর্ষ শেষে জীবিত অবস্থায় বাড়ি ফিরতে পারবেন কি না।
এরপর ড্রোন হামলার ঝুঁকি কমাতে চেকপোস্টের ছাদ ও সীমানাপ্রাচীরের মাঝামাঝি কয়েক মিটার ওপরে মাছ ধরার জাল টাঙানোর উদ্যোগ নেয় হাঙ্গু পুলিশ। জালগুলো দড়ি ও তারের সাহায্যে এমনভাবে স্থাপন করা হয়েছে, যা অনেকটা চেকপোস্টের ওপর অতিরিক্ত ছাউনি হিসেবে কাজ করছে।
পুলিশের তথ্য অনুযায়ী, সারকি পিয়ালা চেকপোস্টে প্রথম এই জাল বসানো হয় দুই মাস আগে। ফায়াজ খান জানান, এরপর থেকে সেখানে আর কোনো ড্রোন হামলা হয়নি।
তার ভাষ্য, কোনো ড্রোন চেকপোস্টের ওপর দিয়ে উড়ে এলে জালে আটকে সেটি অকার্যকর হয়ে যেতে পারে। এমনকি ড্রোন জালে আটকে না গিয়ে সেখানেই বিস্ফোরিত হলেও বিস্ফোরণের ধাতব টুকরোর সরাসরি আঘাত থেকে নিচে থাকা পুলিশ সদস্যরা কিছুটা সুরক্ষা পেতে পারেন বলে তিনি মনে করেন।
হাঙ্গু জেলার পুলিশ কর্মকর্তা তারিক হাবিব জানান, একটি সাধারণ পুলিশ চেকপোস্ট মাছ ধরার জাল দিয়ে ঢেকে দিতে প্রায় ৪ লাখ পাকিস্তানি রুপি, যা প্রায় ১ হাজার ৪৩৫ মার্কিন ডলারের সমান, খরচ হয়।
তিনি বলেন, ড্রোন ও কোয়াডকপ্টার হামলার ঝুঁকি কমাতে জেলার ঝুঁকিপূর্ণ থানা ও চেকপোস্টগুলোতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যান্য এলাকাতেও জাল স্থাপনের কাজ চলছে।
এই উদ্যোগ আরও বিস্তৃত করতে প্রাদেশিক সরকারের কাছে অতিরিক্ত অর্থ বরাদ্দ চেয়েছে হাঙ্গু পুলিশ। বিষয়টি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
খাইবার পাখতুনখোয়া পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, কোহাট, কারাক, বান্নু, লাক্কি মারওয়াত ও ডেরা ইসমাইল খানসহ অন্তত আরও পাঁচটি ঝুঁকিপূর্ণ জেলার পুলিশ পোস্ট ও চেকপয়েন্টে একই ধরনের জাল বসানো হয়েছে। প্রদেশের কিছু সামরিক ঘাঁটিতেও ড্রোন প্রতিরোধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
নিরাপত্তার অতিরিক্ত স্তর
সশস্ত্র গোষ্ঠীগুলো হামলার কৌশলে ড্রোন ও কোয়াডকপ্টার যুক্ত করায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে। আগে বন্দুক ও মর্টারের মতো প্রচলিত অস্ত্রের পাশাপাশি এখন এসব চালকবিহীন আকাশযানও ব্যবহার করা হচ্ছে।
সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে সশস্ত্র হামলার সংখ্যা বেড়েছে। এসব হামলার বেশ কয়েকটির দায় স্বীকার করেছে টিটিপি। সংগঠনটি পাকিস্তানে তালেবান-ধাঁচের ধর্মীয় শাসন প্রতিষ্ঠার জন্য লড়াই করছে বলে দাবি করে।
পাকিস্তানি কর্মকর্তারা দীর্ঘদিন ধরে আফগানিস্তানের তালেবান সরকারের বিরুদ্ধে টিটিপিকে তাদের ভূখণ্ডে আশ্রয় দেওয়ার অভিযোগ করে আসছেন। ইসলামাবাদ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে হামলা বন্ধে কাবুলের সহযোগিতা দাবি করেছে। তবে আফগান তালেবান সরকার এসব অভিযোগ অস্বীকার করে আসছে এবং বিষয়টিকে পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা সমস্যা হিসেবে উল্লেখ করেছে।
হাঙ্গুতে সাম্প্রতিক বছরগুলোর অন্যতম প্রাণঘাতী হামলা হয় ২৯ জুলাই। ওইদিন বিস্ফোরক বহনকারী কোয়াডকপ্টার দিয়ে একটি পুলিশ ফাঁড়িতে হামলার পর স্থলপথেও অতর্কিত আক্রমণ চালানো হয়। এতে অন্তত ১১ পুলিশ সদস্য নিহত ও ২৮ জন আহত হন। দীর্ঘ সংঘর্ষে ১৫ হামলাকারীও নিহত হয়। টিটিপি ওই হামলার দায় স্বীকার করেছিল।
পাকিস্তানি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, ২০ সেপ্টেম্বর হাঙ্গুতে আরেকটি গোলাগুলির ঘটনায় ছয় সেনা সদস্য ও আট হামলাকারী নিহত হন।
এর দুই দিন আগে খাইবার পাখতুনখোয়ার কোহাট জেলার পুলিশ সদরদপ্তরের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সমন্বিত হামলার ঘটনা ঘটে। ‘ইত্তেহাদ-উল-মুজাহিদিন পাকিস্তান’ নামের একটি সশস্ত্র গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে। এতে ১৬ পুলিশ কর্মকর্তাসহ ২৩ জন নিহত হন।
পুলিশ জানিয়েছে, চলতি বছর হাঙ্গুতে অন্তত ১৬টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। ফলে এলাকাটি প্রদেশের অন্যতম ঝুঁকিপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে।
তবে পুলিশ কর্মকর্তা জিশান খান জানান, মাছ ধরার জাল স্থাপনের পর সারকি পিয়ালা ও কাছাকাছি বালিয়ামেনা চেকপোস্টে আর কোনো ড্রোন বা কোয়াডকপ্টার হামলা হয়নি।
তার মতে, জালগুলো পুলিশ সদস্যদের জন্য নিরাপত্তার একটি অতিরিক্ত স্তর তৈরি করেছে। কোনো হামলা হলেও এই ব্যবস্থা ক্ষয়ক্ষতির মাত্রা কমাতে পারে। জিশান ধারণা করছেন, সম্ভাব্য ক্ষয়ক্ষতি ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমানো সম্ভব হতে পারে।
সাশ্রয়ী হলেও কার্যকারিতা নিয়ে প্রশ্ন
হাঙ্গুর পুলিশ চেকপোস্টগুলোর আশপাশে বসবাসকারী মানুষের জীবনেও এসব হামলার প্রভাব পড়েছে। বালিয়ামেনার ২৮ বছর বয়সী সমাজকর্মী মোহাম্মদ ওসামা জানান, হামলার আতঙ্কে অনেক পরিবার তাদের সন্তানদের স্কুল থেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছে।
তার ভাষ্য, যেকোনো সময় বিপথগামী গুলি বা হামলার অন্য কোনো উপাদানে শিশুরা ক্ষতিগ্রস্ত হতে পারে—এই আশঙ্কা সবসময় কাজ করে। তিনি এলাকায় শান্তি ফিরিয়ে আনার এবং শিশুদের স্বাভাবিকভাবে পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ তৈরির আহ্বান জানান।
ওসামা জানান, মাছ ধরার জাল স্থাপনের পর থেকে তার এলাকায় অতর্কিত হামলার সংখ্যা কমতে দেখা গেছে।
তবে নিরাপত্তা বিশেষজ্ঞদের কেউ কেউ মনে করছেন, এই পদ্ধতি অতিরিক্ত নিরাপত্তার একটি ভুল ধারণা তৈরি করতে পারে। ইসলামাবাদভিত্তিক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের নির্বাহী পরিচালক ইমতিয়াজ গুলের মতে, নির্দিষ্ট স্থানে জাল বসানো সস্তা ও সীমিত একটি ব্যবস্থা। কারণ, হামলাকারীরা সবসময় পুলিশ স্টেশন বা চেকপোস্টকেই লক্ষ্য করবে—এমন নিশ্চয়তা নেই।
তার মতে, ড্রোন হামলার মূল উদ্দেশ্য গুরুত্বপূর্ণ স্থাপনা বা জনসমাগমস্থলে আঘাত করা এবং এর মাধ্যমে আতঙ্ক ও আলোড়ন সৃষ্টি করা। তাই ড্রোন আকাশে ওঠার সঙ্গে সঙ্গে তা শনাক্ত ও প্রতিহত করার সক্ষমতা নিরাপত্তা সংস্থাগুলোর রয়েছে কি না, সেটিই বড় প্রশ্ন।
পেশোয়ারভিত্তিক সন্ত্রাসবাদ ও নিরাপত্তা বিশ্লেষক ফিদা আদিল জানান, মাছ ধরার জাল ব্যবহার করার ধারণাটি পুরোপুরি নতুন নয়। সামরিক বাহিনীর ব্যবহৃত ছদ্মবেশী জাল বা ‘ক্যামোফ্লেজ নেট’ থেকেই এর ধারণা এসেছে। সম্প্রতি ইউক্রেনেও রুশ ড্রোন প্রতিহত করতে এ ধরনের জাল ব্যবহারের নজির দেখা গেছে।
তবে বিস্ফোরক বহনকারী ড্রোনের বিরুদ্ধে মাছ ধরার জালের কার্যকারিতা নির্ভর করে জালের নকশা এবং সেটি কীভাবে স্থাপন করা হয়েছে তার ওপর। পুলিশের পক্ষ থেকে ক্ষয়ক্ষতি ৪০ থেকে ৫০ শতাংশ কমানোর যে দাবি করা হচ্ছে, যথাযথ পরীক্ষা ছাড়া তা নিশ্চিতভাবে যাচাই করা কঠিন বলেও মন্তব্য করেন তিনি।
ফিদা আদিল বলেন, প্রকৃত সুরক্ষার মাত্রা জানতে হলে নিয়ন্ত্রিত ও বাস্তবসম্মত পরীক্ষার প্রয়োজন।
তার এই বক্তব্যের বিষয়ে খাইবার পাখতুনখোয়া পুলিশের মুখপাত্র আব্দুল সালাম খালিদ জানান, কোহাট এলাকায় জাল ব্যবহারের কার্যকারিতা যাচাইয়ে একটি আনুষ্ঠানিক পরীক্ষা চালানো হয়েছিল। পরীক্ষার সময় জালের ওপর বিস্ফোরক ফেলা হলেও সেটি বিস্ফোরিত হয়নি বলে জানান তিনি।
সারকি পিয়ালা চেকপোস্টের পুলিশ পরিদর্শক ফায়াজ খানও স্বীকার করেন, মাথার ওপর মাছ ধরার জাল টাঙিয়ে রাখাকে সম্পূর্ণ বা নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বলা যায় না। তবে তার ও সহকর্মীদের জন্য এটি কিছুটা মানসিক স্বস্তি তৈরি করেছে।
তিনি বলেন, এই জাল কোনোভাবেই সম্পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দেয় না। পুলিশ সদস্যরা যেকোনো হামলার জন্য প্রস্তুত থাকেন এবং দেশের ও মানুষের নিরাপত্তার প্রয়োজনে দায়িত্ব পালন করতে তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত।
সূত্র: আলজাজিরা