হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
আন্তর্জাতিক

পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানে পৃথক অভিযানে ১৮ সন্ত্রাসী নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে ১৮ জন সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম নিরাপত্তা সূত্রের বরাতে বুধবার (৭ অক্টোবর) এ তথ্য জানিয়েছে।

নিরাপত্তা বাহিনীর এসব অভিযান ‘আজম-ই-ইস্তেহকাম’ কৌশলের আওতায় পরিচালিত হয়েছে বলে জানানো হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তান টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, খাইবার পাখতুনখাওয়ার উত্তর ওয়াজিরিস্তানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় নিরাপত্তা বাহিনী। সেখানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ নামে অভিহিত একটি সশস্ত্র গোষ্ঠীর ১৩ সদস্য নিহত হয়।

পাকিস্তান সরকার নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সদস্যদের বোঝাতে আনুষ্ঠানিকভাবে ‘ফিতনা আল-খাওয়ারিজ’ শব্দটি ব্যবহার করে থাকে।

অন্যদিকে বেলুচিস্তানের মাস্তুং জেলায় পরিচালিত পৃথক অভিযানে আরও পাঁচজন নিহত হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, নিহতরা ‘ফিতনা আল-হিন্দুস্তান’ গোষ্ঠীর সদস্য। দেশটির সরকার বেলুচিস্তানভিত্তিক কয়েকটি সশস্ত্র গোষ্ঠীকে ভারতের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ তুলে এই নামে অভিহিত করে থাকে।

বর্তমানে ‘অপারেশন রদ্দ-উল-ফিতনা ৩’-এর আওতায় ওই অঞ্চলগুলোতে নিরাপত্তা বাহিনীর তল্লাশি ও ক্লিয়ারেন্স অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে পাকিস্তান ইনস্টিটিউট ফর কনফ্লিক্ট অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের (পিকস) পরিসংখ্যান বলছে, খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তান দীর্ঘদিন ধরেই দেশটির অন্যতম অস্থির নিরাপত্তা অঞ্চল হিসেবে রয়েছে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, গত আগস্টে খাইবার পাখতুনখাওয়ায় ৫৪টি সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। জুলাইয়ে এই সংখ্যা ছিল ৩৬টি। অর্থাৎ এক মাসের ব্যবধানে হামলার সংখ্যা প্রায় ৫০ শতাংশ বেড়েছে।

অন্যদিকে একই সময়ে বেলুচিস্তানে সন্ত্রাসী হামলার সংখ্যা ৭ শতাংশ বেড়ে ৮৯টিতে দাঁড়ায়। হামলার সংখ্যার দিক থেকে ওই প্রদেশটিকেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এর আগে চলতি মাসের শুরু থেকে সেপ্টেম্বরজুড়েও কেপির উত্তর ওয়াজিরিস্তান, মির আলী, বারা ও ডেরা ইসমাইল খানসহ বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একাধিক অভিযান চালানো হয়। এসব অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হওয়ার কথা জানিয়েছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী।

এ সময় ডেরা ইসমাইল খানের দারাজিন্দা তহসিলে আত্মঘাতী বোমা হামলায় ১২ জন এবং কোহাটের ওল্ড পুলিশ লাইন্সে একটি বড় হামলায় ২৩ জন নিহত হন।

এদিকে বেলুচিস্তানের চাগাই, শাবান, আওয়ারান, জিয়ারত ক্রস ও পিশিনসহ বিভিন্ন এলাকায়ও সাম্প্রতিক সপ্তাহগুলোতে অভিযান চালিয়েছে নিরাপত্তা বাহিনী। পাকিস্তানি কর্তৃপক্ষের দাবি, এসব অভিযানে শতাধিক সন্ত্রাসী নিহত হয়েছে।

সূত্র: ডন

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
আন্তর্জাতিক

মক্কায় ফের ইরানি মদতপুষ্ট হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতন

আন্তর্জাতিক ডেস্ক
মক্কায় ফের ইরানি মদতপুষ্ট হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতন
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মক্কায় আবারও ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ শহরটির বিভিন্ন এলাকায় পতিত হয়।

সৌদি আরবের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রাম এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়ে।

গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বেড়েছে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা ও মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সৌদি সেনাবাহিনী প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করেছে।

তবে মক্কা ও মদিনার মতো মুসলিমদের পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকায় অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করেই তাদের অভিযান পরিচালিত হয়।

মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবের প্রকাশ।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষের সংঘাত অনেকটাই কমে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও উত্তেজনা বাড়তে থাকে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা শুরু করে রিয়াদ।

নতুন করে সংঘাত তীব্র হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকায় টহল দিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে অনুসন্ধানকারী দল। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহত দুই কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রশপাল কুমার ও ৫৪ বছর বয়সী ববি চাঁদ। তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ধেরনা টপ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীকে অব্যাহতি দিতে ধেরনা পোস্টের দিকে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর নিহত দুই কর্মকর্তার সঙ্গে থাকা ইনসাস ও পয়েন্ট থ্রি নট থ্রি রাইফেলও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যার পর অস্ত্র দুটি নিয়ে গেছে হামলাকারীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন। ধেরনা পোস্টের দিকে যাওয়ার সময় তাঁরা নিখোঁজ হন। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দিনের বেলায় ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। শুরুতে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এতে তাঁদের সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে। কিশ্তওয়ারের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে সন্ত্রাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত ১৬ অক্টোবর কিশ্তওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজ বাড়ির কাছ থেকে বশির আহমেদ নামে ৫৫ বছর বয়সী আরেক এসপিওর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি পেডিল পুলিশ পোস্টে কর্মরত ছিলেন। দায়িত্ব শেষে সার্ভিস রাইফেল ও ম্যাগাজিন নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে পুলিশি তদন্তে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর আত্মীয়রাই তাঁকে হত্যা করেছিলেন।

সূত্র: এনডিটিভি।

আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১ জনের
ছবি: সংগৃহীত

আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, সেনেগালের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। তবে নৌকাটিতে থাকা যাত্রীর প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতে অভিবাসীরা দীর্ঘদিন ধরে সেনেগালের উপকূলীয় পথ ব্যবহার করে আসছেন। আটলান্টিক মহাসাগরের এই পথ অত্যন্ত বিপজ্জনক হওয়ায় প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এপিএসের তথ্য অনুযায়ী, শনিবার এক দিনেই সাত শতাধিক অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। আর মাত্র এক সপ্তাহে স্পেনের এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী।

অভিবাসীদের ক্রমবর্ধমান আগমন সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা জারি করেছে।

সূত্র: এএফপি।

আন্তর্জাতিক

সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, রিয়াদে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, রিয়াদে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক জোটের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে।

এদিকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানী রিয়াদে সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। একই সঙ্গে নগরীর বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দাম্মাম শহর, আল-আহসা ও আবকাইক এলাকায়ও সতর্কবার্তা দেওয়া হয়।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে জানানো হয়, পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি সফলভাবে প্রতিহত করে।

সতর্কতা জারির পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পি/এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার