সৌদি আরবের দুটি আন্তর্জাতিক বিমানবন্দর এবং চারটি সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। বুধবার (৭ অক্টোবর) হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ দাবি করেন।
ইয়াহিয়া সারীর ভাষ্য অনুযায়ী, বুধবার ভোরে সৌদি রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বেশ কয়েকটি ড্রোন পাঠানো হয়। তার দাবি, হামলাটি পরিকল্পিত ও নির্ভুলভাবে পরিচালনা করা হয়েছে। এর ফলে বিমানবন্দরটির স্বাভাবিক ফ্লাইট কার্যক্রমে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে।
একই সময়ে সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে হুথি বাহিনী। পাশাপাশি খামিস মুশাইতের একটি সামরিক ঘাঁটি, জিজান প্রদেশের দাঘারির ও আল-মাউসিম এলাকার সামরিক স্থাপনা এবং আসির প্রদেশের আনকিফাহ সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করার কথাও জানিয়েছেন হুথি মুখপাত্র।
হুথিদের দাবি, এসব হামলায় আবহা আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান চলাচলও ব্যাহত হয়েছে। একই সঙ্গে সামরিক স্থাপনাগুলোতে উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
তবে হুথি মুখপাত্রের এসব দাবির বিষয়ে সৌদি কর্তৃপক্ষ সরাসরি কোনো মন্তব্য করেনি। এর মধ্যেই সৌদি নেতৃত্বাধীন সৌদি-ইয়েমেন জোট জানিয়েছে, রিয়াদের দিকে হুথিদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই শনাক্ত করে ধ্বংস করা হয়েছে।
জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি বুধবার এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেন, হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি রিয়াদের উত্তরাঞ্চলের আকাশসীমায় প্রতিহত করা হয়।
তিনি আরও জানান, জোটের গোয়েন্দা তথ্যের মাধ্যমে ইয়েমেনের রাজধানী সানায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন উৎক্ষেপণের একটি স্থান শনাক্ত করা হয়েছে। ওই উৎক্ষেপণ কেন্দ্রের ওপর নজরদারি অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।
আল-মালিকির বক্তব্য অনুযায়ী, পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি শনাক্ত করা উৎক্ষেপণ কেন্দ্রটি ধ্বংস করার প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
সূত্র: এএফপি, আনাদোলু এজেন্সি