ইরানের সঙ্গে সামরিক সংঘাত শুরুর পর থেকে প্রায় আট মাসে ৮১টি যুদ্ধবিমান, সামরিক ড্রোন ও হেলিকপ্টার হারিয়েছে মার্কিন বাহিনী। এসব সামরিক সরঞ্জামের আনুমানিক সম্মিলিত মূল্য ৩৩০ কোটি ডলার।
যুক্তরাষ্ট্রের কংগ্রেসের গবেষণা ও তদন্ত সংস্থা কংগ্রেসনাল রিসার্চ সার্ভিস (সিআরএস) প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। গত ৫ ফেব্রুয়ারি প্রতিবেদনটি কংগ্রেসে জমা দেওয়া হয়।
ক্ষতিগ্রস্ত যুদ্ধবিমানের তালিকায় এফ-১৫ ও এফ-৩৫
সিআরএসের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক উড়োজাহাজের মধ্যে রয়েছে ১২টি এফ-১৫ই স্ট্রাইক ঈগল, একটি এফ-৩৫এ লাইটনিং-২ এবং দুটি এ-১০ থান্ডারবোল্ট-২।
গত ২ মার্চ কুয়েতের আকাশে নিজেদের বাহিনীর ভুল হামলায় বা ‘ফ্রেন্ডলি ফায়ার’ ঘটনায় তিনটি এফ-১৫ই ভূপাতিত হয়। পরবর্তী সময়ে এপ্রিলে ইরানের আকাশে সামরিক অভিযানের সময় আরও একটি এফ-১৫ই ধ্বংস হয়।
এ ছাড়া সেপ্টেম্বরে জর্ডানের মুওয়াফফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের হামলার সময় আরও আটটি এফ-১৫ই ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মার্কিন বাহিনীর অত্যাধুনিক যুদ্ধবিমান এফ-৩৫এ-ও ইরানের হামলায় ক্ষতির মুখে পড়ে। ১৯ মার্চ বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও পরবর্তীতে সেটিকে আবার সামরিক কার্যক্রমে ফিরিয়ে নেওয়া হয়।
বড় ক্ষতি ড্রোন বহরে
মার্কিন সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতির বড় একটি অংশ ড্রোন। সিআরএসের সর্বশেষ তালিকায় অন্তত ৪৫টি এমকিউ-৯ রিপার ড্রোনের ক্ষতির তথ্য রয়েছে।
নজরদারি, গোয়েন্দা তৎপরতা এবং ক্ষেপণাস্ত্র হামলায় ব্যবহৃত এই ড্রোনগুলোর ক্ষতির কারণে মে মাস নাগাদ মার্কিন বিমান বাহিনীর এমকিউ-৯ বহর কমে প্রায় ১৩৫টিতে দাঁড়ায়। অথচ ওই সময়ে মার্কিন বাহিনীর প্রয়োজন ছিল অন্তত ১৮৯টি মোতায়েনযোগ্য রিপার ড্রোন।
আরও যেসব সামরিক বিমান ও হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত
সিআরএসের তালিকায় আরও রয়েছে সাতটি কেসি-১৩৫ স্ট্র্যাটোট্যাঙ্কার। আকাশে থাকা যুদ্ধবিমানে জ্বালানি সরবরাহের জন্য এসব বিমান ব্যবহৃত হয়।
এ ছাড়া একটি ই-৩ সেন্ট্রি নজরদারি বিমান, দুটি এমসি-১৩০জে কমান্ডো-২ বিশেষ অভিযান পরিচালনাকারী বিমান এবং একটি এইচএইচ-৬০ডব্লিউ জলি গ্রিন-২ যুদ্ধকালীন অনুসন্ধান ও উদ্ধারকারী হেলিকপ্টারও ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া সামরিক যানের তালিকায় রয়েছে।
তালিকায় আরও আছে একটি এমকিউ-৪সি ট্রাইটন, তিনটি এমকিউ-১ ড্রোন, একটি এএইচ-৬৪ অ্যাপাচি অ্যাটাক হেলিকপ্টার, চারটি এএইচ-৬ লিটল বার্ড লাইট অ্যাটাক হেলিকপ্টার এবং একটি এমএইচ-৬০ সিহক হেলিকপ্টার।
ই-৩ সেন্ট্রির ক্ষতি বিশেষভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ বিমানটি আকাশপথে নজরদারির পাশাপাশি কমান্ড ও নিয়ন্ত্রণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বোয়িং ৭০৭-এর কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি এই বিমান মার্কিন বিমান বাহিনীতে এমনিতেই সীমিত সংখ্যায় ব্যবহৃত হয়ে আসছে।
কেন ক্ষয়ক্ষতির সংখ্যা বেড়েছে?
সিআরএসের বর্তমান হিসাব মে মাসে প্রকাশিত আগের সংস্করণের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। আগের প্রতিবেদনে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বিমানের সংখ্যা ছিল ৪২টি।
তবে নতুন হিসাবের অর্থ এই নয় যে মে মাসের পরপরই আরও ৩৯টি বিমান ধ্বংস হয়েছে। সিআরএস জানিয়েছে, নতুন তথ্য পাওয়া এবং আগে প্রকাশ্যে না আসা ক্ষয়ক্ষতির ঘটনা শনাক্ত হওয়ার কারণে তালিকাটি সংশোধন করা হয়েছে। ভবিষ্যতে আরও তথ্য পাওয়া গেলে সংখ্যাটি আবারও পরিবর্তিত হতে পারে।
সামরিক অভিযানের পরও উত্তেজনা অব্যাহত
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে ‘অপারেশন এপিক ফিউরি’ নামে সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র। প্রায় সাড়ে তিন মাস পর জুনের প্রথম সপ্তাহে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ওই অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
তবে সামরিক অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হওয়ার পরও ইরান ও মার্কিন বাহিনীর মধ্যে উত্তেজনা পুরোপুরি কমেনি। পরবর্তী কয়েক মাসে উভয় পক্ষের মধ্যে বিচ্ছিন্ন হামলার ঘটনাও ঘটেছে।
গত আগস্টে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক চাপ বাড়াতে যুক্তরাষ্ট্র ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’ ঘোষণা করে। এরপর সামরিক হামলায় কিছুটা বিরতি দেখা গেলেও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা এখনও রয়েছে। নিরাপত্তা বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতির অবনতি হলে দুই পক্ষের মধ্যে আবারও সামরিক সংঘাত শুরু হতে পারে।
সূত্র: নিউইয়র্ক পোস্ট
এস/আর