হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
আন্তর্জাতিক

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন

জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন
জাপানের সঙ্গে বিরোধে ১১ বছর ঝুলে আছে ভারতের প্রথম বুলেট ট্রেন। ছবি: সংগৃহীত

কম সুদের ঋণ ও উন্নত প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে ভারতে প্রথম বুলেট ট্রেন চালুর পরিকল্পনায় জাপানের ওপর নির্ভর করেছিল দেশটি। কিন্তু এক দশকের বেশি সময় পেরিয়ে গেলেও মুম্বাই-আহমেদাবাদ উচ্চগতির রেল প্রকল্পে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সরঞ্জাম কেনাকাটা, প্রযুক্তি ও নীতিগত অবস্থান নিয়ে দুই দেশের মতপার্থক্য এখন প্রকাশ্য বিরোধে রূপ নিয়েছে।

মহারাষ্ট্রের মুম্বাই থেকে গুজরাটের আহমেদাবাদ পর্যন্ত ৫০৮ কিলোমিটার দীর্ঘ এই রেলপথকে ভারতের রেলব্যবস্থা আধুনিকায়নের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হিসেবে বিবেচনা করা হয়। ২০১৫ সালে ভারত ও জাপান প্রায় ৯৮০ বিলিয়ন রুপির চুক্তিতে সম্মত হয়, যার তৎকালীন মূল্য ছিল প্রায় ১৫ বিলিয়ন ডলার। প্রকল্পের জন্য জাপান ৫০ বছর মেয়াদে মাত্র শূন্য দশমিক ১ শতাংশ সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করে।

তবে ২০২৩ সালে প্রকল্পটি চালুর যে প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল, তা ইতোমধ্যে অনেক পিছিয়ে গেছে। বিশেষ করে জমি অধিগ্রহণের নানা জটিলতার কারণে নির্মাণকাজ একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী, প্রকল্পটির সম্ভাব্য ব্যয়ও বেড়ে এখন অন্তত ১ দশমিক ৮৭ ট্রিলিয়ন রুপিতে দাঁড়িয়েছে, যা প্রায় ১৯ দশমিক ৫ বিলিয়ন ডলারের সমান।

সাম্প্রতিক কয়েক মাসে দুই দেশের মতবিরোধ আরও প্রকাশ্য হয়েছে। জাপানের সাবেক বিচারমন্ত্রী হিদেকি মাকিহারা জুলাইয়ে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রকল্পের অগ্রগতির জন্য ভারতীয় পক্ষকে দায়ী করেন। তিনি মন্তব্য করেন, ভারতীয় পক্ষ অনেক সময় নিজেদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করে না।

জাপানি কর্মকর্তাদের অভিযোগ, প্রকল্পের চুক্তির শর্ত উপেক্ষা করে ভারত সিগন্যালিং ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কাজ জার্মান প্রতিষ্ঠান সিমেন্সকে দিয়েছে। আন্তর্জাতিক বাজারে সিমেন্স জাপানি কোম্পানিগুলোর প্রতিদ্বন্দ্বী। এ সিদ্ধান্তে জাপানি কোম্পানিগুলো, বিশেষ করে জেআর ইস্টের নেতৃত্বাধীন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হতাশ হয়েছে বলে জানা গেছে।

জাপানের অবস্থান হলো, বুলেট ট্রেনের নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতে পুরো রেলব্যবস্থাকে একটি সমন্বিত কাঠামোর মধ্যে রাখতে হবে। কিন্তু বর্তমান পরিকল্পনায় জাপানি রেললাইন, ইউরোপীয় সিগন্যালিং প্রযুক্তি এবং ভারতীয় ট্রেন মিলিয়ে একটি ভিন্নধর্মী ব্যবস্থা তৈরি হচ্ছে। সংশ্লিষ্ট এক জাপানি সূত্রের মতে, এমন সমন্বিত ব্যবস্থা আগে কোথাও পরীক্ষা করা হয়নি।

ওই জাপানি সূত্র আরও বলেছেন, প্রকল্পের পরিস্থিতি এখন এতটাই জটিল হয়ে উঠেছে যে দুই পক্ষের আলোচনা কার্যত অচলাবস্থায় পৌঁছেছে। তবে জেআর ইস্ট এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

দুই দেশের মতবিরোধের আরেকটি ইঙ্গিত পাওয়া গেছে টোকিওর সিদ্ধান্তে। প্রকল্পটি পর্যবেক্ষণের জন্য জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে নতুন একটি পদ সৃষ্টি করা হয়েছে। অন্যদিকে ভারতও ইঙ্গিত দিয়েছে, তারা নিজেদের প্রযুক্তিতে এমন উচ্চগতির ট্রেন তৈরি করতে চায়, যার সক্ষমতা জাপানের প্রস্তাবিত ট্রেনের কাছাকাছি হবে।

ভারতের রেল মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, প্রকল্প নিয়ে বর্তমানে দুই পক্ষই নিজেদের অবস্থানে রয়েছে। বিস্তারিত আলোচনা ও পারস্পরিক সম্মতির ভিত্তিতেই বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের কাছে রেলব্যবস্থার আধুনিকায়ন একটি গুরুত্বপূর্ণ প্রতীকী উদ্যোগ। ব্রিটিশ আমলে তৈরি বিশাল রেল নেটওয়ার্ককে আধুনিক করার পাশাপাশি প্রকল্পটি ‘মেক ইন ইন্ডিয়া’ কর্মসূচির সঙ্গেও যুক্ত। এরই মধ্যে ভারতের ব্রড-গেজ রেলপথের ৯৯ দশমিক ৬ শতাংশ বিদ্যুতায়িত হয়েছে, যা অনেক ইউরোপীয় দেশের তুলনায় বেশি। মুম্বাই-আহমেদাবাদ রুটেও বর্তমানে ভারতীয় প্রযুক্তিতে তৈরি সেমি-হাই-স্পিড বন্দে ভারত ট্রেন চলাচল করছে।

ভারতের রেল মন্ত্রণালয় আরও সাতটি উচ্চগতির রেল করিডর নির্মাণের পরিকল্পনা করেছে। এসব করিডরের মোট দৈর্ঘ্য প্রায় চার হাজার কিলোমিটার। এর জন্য প্রায় ১৬ ট্রিলিয়ন রুপি বা ১৬৭ বিলিয়ন ডলার বিনিয়োগ আকর্ষণের লক্ষ্য রয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, আগামী গ্রীষ্মে প্রথম পর্যায়ে অন্তত ১০০ কিলোমিটার রেলপথে ভারতীয় তৈরি ধীরগতির ট্রেন চালু করা হতে পারে। তবে জাপানি কূটনীতিকদের দাবি, প্রাথমিক পর্যায়ে চালুর জন্য নির্ধারিত অংশটি ১০০ কিলোমিটার নয়, বরং ৫০ কিলোমিটার হতে পারে। সময়সূচি নিয়েও তাদের সংশয় রয়েছে।

প্রযুক্তি ও ব্যয় নিয়ে ভারত ও জাপানের দৃষ্টিভঙ্গিতেও পার্থক্য রয়েছে। ভারতীয় আলোচকেরা স্থানীয়ভাবে উৎপাদন, ব্যয় কমানো এবং ভবিষ্যতে নিজেদের প্রযুক্তিগত স্বাধীনতা বজায় রাখাকে গুরুত্ব দিয়েছেন। বিপরীতে জাপান পুরো ব্যবস্থাকে একটি সমন্বিত প্যাকেজ হিসেবে বাস্তবায়নের পক্ষে।

ভারতীয় পক্ষের কেউ কেউ মনে করেন, প্রকল্প নিয়ে জাপানি কর্মকর্তাদের অবস্থানে এক ধরনের শ্রেষ্ঠত্বের মনোভাব প্রকাশ পেয়েছে। এতে তাদের মধ্যে বিরক্তি তৈরি হয়েছে। অন্যদিকে জাপানি কূটনীতিকরাও স্বীকার করেছেন, দেশটির করপোরেট খাতে বাইরের বিশ্বের প্রতি কিছুটা অন্তর্মুখী মনোভাব রয়েছে, যা দুই দেশের মধ্যে দূরত্ব তৈরিতে ভূমিকা রেখেছে।

জাপানের এক জ্যেষ্ঠ কূটনীতিক দুই দেশের কাজের ধরন ব্যাখ্যা করে বলেন, জাপানিরা সাধারণত বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ করে এবং তা সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের চেষ্টা করে। বিপরীতে ভারতীয়রা তুলনামূলকভাবে উচ্চাভিলাষী লক্ষ্য নির্ধারণ করেন এবং সবটা বাস্তবায়ন করতে না পারলেও বড় একটি অংশ অর্জন করতে সক্ষম হন।

ভারতের রেল মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানিয়েছেন, প্রকল্পের প্রথম অংশের নির্মাণকাজ ২০২৭ সালের শুরুতে শেষ হতে পারে। তবে জাপানের পরবর্তী প্রজন্মের ই১০ ট্রেন সরবরাহের সম্ভাব্য সময় ২০৩০-এর দশকের শুরু। ফলে অবকাঠামো নির্মাণ শেষ হওয়া এবং ট্রেন সরবরাহের মধ্যে বড় ধরনের সময়ের ব্যবধান তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। ই১০ ট্রেনের সর্বোচ্চ গতি ঘণ্টায় ৩২০ কিলোমিটার হতে পারে।

তবে উচ্চগতির রেল প্রকল্প নিয়ে ভারত ও জাপানের মতবিরোধ যতই বাড়ুক, চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে দুই দেশের কৌশলগত সম্পর্ক বজায় রাখার গুরুত্ব রয়েছে। জুলাইয়ে নয়াদিল্লিতে অনুষ্ঠিত শীর্ষ বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করার প্রয়োজনীয়তার কথা বলেন এবং একে ‘ভাই-বোনের মতো’ সম্পর্ক হিসেবে এগিয়ে নেওয়ার কথা উল্লেখ করেন।

ওই বৈঠকের যৌথ বিবৃতিতে ভারতের আগামী বছর সীমিত পরিসরে উচ্চগতির রেল চালুর লক্ষ্যকে জাপান পুরোপুরি বুঝতে পারছে বলেও উল্লেখ করা হয়।

ভারতের এক জ্যেষ্ঠ কূটনীতিকের ভাষায়, উচ্চগতির রেল প্রকল্পের অগ্রগতির চেয়ে ভারত ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতির গতি বর্তমানে অনেক বেশি।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
আন্তর্জাতিক

মক্কায় ফের ইরানি মদতপুষ্ট হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতন

আন্তর্জাতিক ডেস্ক
মক্কায় ফের ইরানি মদতপুষ্ট হুথিদের ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতন
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্বের অন্যতম পবিত্র শহর সৌদি আরবের মক্কায় আবারও ইরানের মদতপুষ্ট ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে। বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর সেগুলোর ধ্বংসাবশেষ শহরটির বিভিন্ন এলাকায় পতিত হয়।

সৌদি আরবের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুধবার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করে। সৌদি রাষ্ট্রীয় টেলিভিশনের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ মক্কার পবিত্র মসজিদুল হারাম থেকে প্রায় ৩৫ কিলোমিটার উত্তর-পূর্বে সাবুহা গ্রাম এবং প্রায় ২১ কিলোমিটার পূর্বে ওয়াদি আল-মাঘমাস এলাকায় পড়ে।

গত সেপ্টেম্বর থেকে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাত বেড়েছে। এর ধারাবাহিকতায় সেপ্টেম্বর ও অক্টোবরে একাধিকবার মক্কা ও মদিনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। তবে সৌদি সেনাবাহিনী প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে সেগুলো প্রতিহত করেছে।

তবে মক্কা ও মদিনার মতো মুসলিমদের পবিত্র শহরগুলোকে লক্ষ্যবস্তু করার অভিযোগ বারবার অস্বীকার করেছে হুথিরা। তাদের দাবি, সৌদি আরবের অন্যান্য এলাকায় অবস্থিত সামরিক ও কৌশলগত স্থাপনাকে লক্ষ্য করেই তাদের অভিযান পরিচালিত হয়।

মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ার ঘটনায় নিন্দা জানিয়েছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, বেসামরিক স্থাপনাকে লক্ষ্য করে এ ধরনের বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। একই সঙ্গে এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবের প্রকাশ।

২০১৪ সালে হুথি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর পর আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন দিতে ২০১৫ সালে ইয়েমেনে সামরিক অভিযান শুরু করে সৌদি আরব।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর দুই পক্ষের সংঘাত অনেকটাই কমে আসে। তবে চলতি বছরের শুরুর দিকে আবারও উত্তেজনা বাড়তে থাকে। হুথিরা সৌদি ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। জবাবে ইয়েমেনে বিমান হামলা শুরু করে রিয়াদ।

নতুন করে সংঘাত তীব্র হওয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালি নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে সংযুক্তকারী এই জলপথ আন্তর্জাতিক নৌবাণিজ্য ও জাহাজ চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ রুট।

সূত্র: রয়টার্স

আন্তর্জাতিক

জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
জম্মু-কাশ্মীরে নিখোঁজ দুই পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার
ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের কিশ্তওয়ার জেলার দুর্গম দাচ্ছান-মারওয়াহ এলাকায় টহল দিতে গিয়ে নিখোঁজ হওয়া দুই বিশেষ পুলিশ কর্মকর্তার (এসপিও) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ধেরনা টপ এলাকা থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে অনুসন্ধানকারী দল। এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নিহত দুই কর্মকর্তা হলেন ৪০ বছর বয়সী রশপাল কুমার ও ৫৪ বছর বয়সী ববি চাঁদ। তাঁদের নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পর কয়েক ঘণ্টা ধরে ওই এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে ধেরনা টপ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মরদেহের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পিঠে গুলির চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দায়িত্ব পালনরত দুই সহকর্মীকে অব্যাহতি দিতে ধেরনা পোস্টের দিকে যাওয়ার পথে আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁদের লক্ষ্য করে গুলি চালায়।

হামলার পর নিহত দুই কর্মকর্তার সঙ্গে থাকা ইনসাস ও পয়েন্ট থ্রি নট থ্রি রাইফেলও খুঁজে পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, তাঁদের হত্যার পর অস্ত্র দুটি নিয়ে গেছে হামলাকারীরা।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই কর্মকর্তা সেনাবাহিনীর সঙ্গে যৌথ টহল দায়িত্বে নিয়োজিত ছিলেন। ধেরনা পোস্টের দিকে যাওয়ার সময় তাঁরা নিখোঁজ হন। স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, দিনের বেলায় ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল। শুরুতে তাঁদের মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হলেও পরে ফোন দুটি বন্ধ পাওয়া যায়। এতে তাঁদের সহকর্মীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর যৌথ অভিযান জোরদার করা হয়েছে। কিশ্তওয়ারের দুর্গম পাহাড়ি ও বনাঞ্চলে সন্ত্রাসীদের খুঁজে বের করতে নিরাপত্তা অভিযান অব্যাহত রয়েছে।

এদিকে গত ১৬ অক্টোবর কিশ্তওয়ারের ওয়ানিপোরা ত্রিগাম এলাকায় নিজ বাড়ির কাছ থেকে বশির আহমেদ নামে ৫৫ বছর বয়সী আরেক এসপিওর মরদেহ উদ্ধার করা হয়েছিল। তিনি পেডিল পুলিশ পোস্টে কর্মরত ছিলেন। দায়িত্ব শেষে সার্ভিস রাইফেল ও ম্যাগাজিন নিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরে পুলিশি তদন্তে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে তাঁর আত্মীয়রাই তাঁকে হত্যা করেছিলেন।

সূত্র: এনডিটিভি।

আন্তর্জাতিক

সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক
সেনেগালে অভিবাসীবাহী নৌকাডুবি, প্রাণ গেল অন্তত ২১ জনের
ছবি: সংগৃহীত

আফ্রিকা থেকে ইউরোপে যাওয়ার বিপজ্জনক সমুদ্রপথ পাড়ি দিতে গিয়ে সেনেগালের উত্তর-পশ্চিম উপকূলে অভিবাসীবাহী একটি নৌকা ডুবে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

রোববার (৮ নভেম্বর) সেনেগাল কর্তৃপক্ষের বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সেনেগালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, শনিবার নৌকাডুবির ঘটনায় প্রাথমিকভাবে ২১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে দেশটির উপকূলরক্ষী বাহিনী। উদ্ধার অভিযান চালিয়ে দুর্ঘটনাস্থলের আশপাশ থেকে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, সেনেগালের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা এপিএস সরকারি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, এ ঘটনায় অন্তত ২০ জনের মরদেহ সৈকতে ভেসে এসেছে। তবে নৌকাটিতে থাকা যাত্রীর প্রকৃত সংখ্যা এখনো জানা যায়নি।

আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জসহ ইউরোপের বিভিন্ন দেশে পৌঁছাতে অভিবাসীরা দীর্ঘদিন ধরে সেনেগালের উপকূলীয় পথ ব্যবহার করে আসছেন। আটলান্টিক মহাসাগরের এই পথ অত্যন্ত বিপজ্জনক হওয়ায় প্রায়ই নৌকাডুবি ও প্রাণহানির ঘটনা ঘটে।

এদিকে, স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে অভিবাসীদের আগমনও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এপিএসের তথ্য অনুযায়ী, শনিবার এক দিনেই সাত শতাধিক অভিবাসী দ্বীপপুঞ্জে পৌঁছেছেন। আর মাত্র এক সপ্তাহে স্পেনের এল হিয়েরো দ্বীপে পৌঁছেছেন ৩ হাজার ৩০০ জনের বেশি অভিবাসী।

অভিবাসীদের ক্রমবর্ধমান আগমন সামাল দিতে স্থানীয় কর্তৃপক্ষ ইতোমধ্যে এল হিয়েরো দ্বীপে জরুরি অবস্থা জারি করেছে।

সূত্র: এএফপি।

আন্তর্জাতিক

সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, রিয়াদে সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক
সৌদিতে ব্যালিস্টিক মিসাইল হামলা, রিয়াদে সতর্কতা জারি
ছবি: সংগৃহীত

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটেছে। দেশটির সামরিক জোটের দাবি, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আকাশেই ধ্বংস করা হয়েছে।

এদিকে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি বিবেচনায় রাজধানী রিয়াদে সতর্কতা জারি করেছে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। একই সঙ্গে নগরীর বাসিন্দাদের দ্রুত নিকটবর্তী নিরাপদ স্থানে অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে দাম্মাম শহর, আল-আহসা ও আবকাইক এলাকায়ও সতর্কবার্তা দেওয়া হয়।

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিবৃতিতে জানানো হয়, পূর্বাঞ্চলীয় প্রদেশকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছিল। তবে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা সেটি সফলভাবে প্রতিহত করে।

সতর্কতা জারির পর সংশ্লিষ্ট এলাকাগুলোতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

পি/এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার