নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। বিমানটিতে থাকা ২৫ জন যাত্রী এবং ৭ জন পাইলট ও ক্রু—কেউই দুর্ঘটনা থেকে বেঁচে ফিরতে পারেননি।
গত ৫ অক্টোবর, সোমবার পশ্চিম আফ্রিকার দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গভীর শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু।
এক বিবৃতিতে প্রেসিডেন্ট তিনুবু বলেন, দুর্ঘটনার বিষয়ে বিমানবাহিনীর প্রধান তাকে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ তদন্ত শুরু করার জন্য তিনি বিমানবাহিনীকে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও বলেছেন তিনি।
নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর একটি এটিআর-৪২ উড়োজাহাজ নিয়মিত একটি মিশনের অংশ হিসেবে বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে যাচ্ছিল। স্থানীয় সময় সোমবার সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
এরপর উপকূলীয় শহর ইগবোকোদার কাছে একটি নৌঘাঁটির আশপাশে বিমানটির ধ্বংসাবশেষের সন্ধান পাওয়া যায়। পরে সেখানে অনুসন্ধান ও উদ্ধারকারী দল পাঠানো হয়। নাইজেরিয়ার বিমানবাহিনী জানিয়েছে, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই তারা উদ্ধার অভিযান শুরু করে।
দুর্ঘটনাস্থল সম্পর্কে স্থানীয় বাসিন্দারা ব্রিটিশ সংবাদমাধ্যম ‘মিরর ডট কো ডট ইউকে’-কে জানান, উড়োজাহাজটি একটি নদীর কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়েছে। ধ্বংসাবশেষের কিছু অংশ পানিতেও তলিয়ে যায় বলে তারা জানিয়েছেন।
স্থানীয় এক বাসিন্দার ভাষ্য, বিমানটি মাটিতে আছড়ে পড়ার সময় তারা বজ্রপাতের মতো বিকট শব্দ শুনতে পান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে যাত্রীদের মরদেহের বিভিন্ন অংশের পাশাপাশি পোশাক, জুতা ও অন্যান্য ধ্বংসাবশেষ পাওয়া যায়।
নাইজেরিয়ায় সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিকে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে দেখা হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
সূত্র: রয়টার্স