সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর হোটেল বা বাসায় ডেকে নিয়ে আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ এবং সেগুলো প্রকাশের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান (৩৮), প্রীতম বিশ্বাস ওরফে অনিক শেখ (৩০), অর্থজীৎ ভক্ত ওরফে সিদ্ধার্থ (২০), সাবরিন কবির প্রেমা ওরফে নেহা (২২) এবং সাদিয়া ইয়াসমিন ওরফে মাহি (২১)। পুলিশের দাবি, চক্রটির মূল হোতা জিৎ ভক্ত ওরফে আব্দুর রহমান। প্রীতম তাঁর ভাগিনা এবং সাবরিন তাঁর ভাগিনার স্ত্রী।
রোববার (২৫ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।
ডিবি সূত্রে জানা যায়, চারজন ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে চক্রটিকে শনাক্ত করতে দীর্ঘদিন ধরে গোয়েন্দা তৎপরতা চালানো হচ্ছিল। তবে সদস্যরা ঘন ঘন বাসা ও অবস্থান পরিবর্তন করতেন। এ ছাড়া ভুয়া নিবন্ধিত সিম ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন অ্যাকাউন্ট পরিচালনা করায় তাদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
পরে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির অবস্থান শনাক্ত করা হয়। এর ধারাবাহিকতায় তুরাগ থানা এলাকার একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে পাঁচটি মোবাইল ফোন, তিনটি ফাঁকা চেক এবং একটি টর্চার বেল্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি প্রধানের ভাষ্য অনুযায়ী, চক্রটির নারী সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরিচয় ও অ্যাকাউন্ট ব্যবহার করে মধ্যবয়সী এবং বয়স্ক পুরুষদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন। বিশেষ করে ব্যবসায়ী ও বিত্তশালী ব্যক্তিরা ছিলেন তাদের লক্ষ্য। সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ার পর কৌশলে নির্ধারিত বাসা কিংবা হোটেলে যেতে বলা হতো ভুক্তভোগীদের।
পুলিশের অভিযোগ, ভুক্তভোগীরা সেখানে পৌঁছানোর পর চক্রটির পুরুষ সদস্যরা তাদের আটকে রেখে ভয়ভীতি দেখাতেন এবং শারীরিক নির্যাতন করতেন। এ সময় নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর পরিস্থিতিতে ভুক্তভোগীদের ছবি ও ভিডিও ধারণ করা হতো। পরে সেসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ কিংবা পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়ে অর্থ আদায় করা হতো।
ডিবির তথ্য অনুযায়ী, একবার টাকা নেওয়ার পরও চক্রটির তৎপরতা বন্ধ হতো না। ধারণ করা ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময়ে ভুক্তভোগীদের কাছ থেকে আরও অর্থ আদায় করা হতো।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।