দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত ই-রিকশা চলাচল নিয়ন্ত্রণে নতুন বিধিমালা প্রণয়ন করেছে সরকার। নতুন নিয়মে প্রতিটি ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। নিবন্ধনের এক বছর পর ৪ হাজার টাকা দিয়ে নবায়ন করতে হবে। একটি ই-রিকশা সর্বোচ্চ ১২ বছর সড়কে চলতে পারবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে ‘সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচল বিধিমালা-২০২৬’ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা ও অন্যান্য এলাকায় যেসব ই-রিকশা চলাচল করছে, সেগুলোর মালিক ও চালকদের উদ্বিগ্ন হওয়ার প্রয়োজন নেই। নিবন্ধন কার্যক্রম একসঙ্গে সম্পন্ন না করে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এজন্য সংশ্লিষ্টদের পর্যাপ্ত সময় দেওয়া হবে।
তিনি জানান, বিধিমালা কার্যকর হলেও আপাতত ই-রিকশা চলাচল বন্ধ করা হচ্ছে না। তবে অবৈধভাবে চলাচলকারী যানবাহন পর্যায়ক্রমে নিয়ন্ত্রণের আওতায় আনা হবে।
বুয়েটের নকশা অনুসরণ বাধ্যতামূলক
নতুন নিয়ম অনুযায়ী, ই-রিকশা নিবন্ধনের জন্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে চলাচলরত যেসব যানবাহন অনুমোদিত নকশা অনুযায়ী তৈরি, সেগুলো নিবন্ধনের সুযোগ পাবে। নিবন্ধনের নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে মালিককে।
ঢাকায় আটটি জোনে চলবে ই-রিকশা
ঢাকা মহানগরে ই-রিকশার চলাচল নিয়ন্ত্রণে আটটি পৃথক জোন তৈরির পরিকল্পনা রয়েছে। প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট রং বরাদ্দ করা হবে। ফলে আটটি এলাকার ই-রিকশা আট ধরনের রঙে চিহ্নিত থাকবে। এক এলাকার নিবন্ধিত ই-রিকশা অন্য এলাকায় চলাচল করতে পারবে না।
চালকদের জন্য আপাতত লাইসেন্স বাধ্যতামূলক নয়
প্রাথমিক পর্যায়ে ই-রিকশাচালকদের ড্রাইভিং লাইসেন্স নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। পরিচয় নিশ্চিত করতে চালকদের পরিচয়পত্র দেওয়া হবে। নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে যাওয়ার পর লাইসেন্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান প্রতিমন্ত্রী।
চার্জিং পয়েন্টেও আসছে নিয়ম
ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থাও নতুন বিধিমালার আওতায় আনা হচ্ছে। নির্ধারিত স্থানে চার্জিং পয়েন্ট স্থাপনের জন্য নিবন্ধন নিতে হবে। পাশাপাশি এসব কেন্দ্র সৌরবিদ্যুতের মাধ্যমে পরিচালনার ব্যবস্থা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। নিয়ম অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নির্ধারণ করা হবে কিলোমিটারপ্রতি ভাড়া
ই-রিকশার ভাড়া নিয়ন্ত্রণেও উদ্যোগ নেওয়া হচ্ছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে ই-রিকশার মালিকপক্ষ, সিটি করপোরেশন ও ট্রাফিক বিভাগের প্রতিনিধিরা আলোচনা করে কিলোমিটারভিত্তিক ভাড়া নির্ধারণ করবেন। সাধারণ মানুষের সামর্থ্যের বিষয়টি বিবেচনায় রেখেই ভাড়া ঠিক করার পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী জানান, প্রাথমিকভাবে দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় নতুন বিধিমালা কার্যকর হবে। পৌরসভা এলাকায় একই ধরনের নিয়ন্ত্রণ আনতে হলে সংশ্লিষ্ট পৌরসভার আইন সংশোধন করতে হবে। পরবর্তী সময়ে অন্যান্য শহরেও প্রয়োজন অনুযায়ী বিধিমালা চালু করা হবে।
ই-রিকশার মালিকানা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, একজন ব্যক্তি চাইলে নিজের নামে সর্বোচ্চ পাঁচটি ই-রিকশা নিবন্ধন করতে পারবেন। এর বেশি যানবাহনের নিবন্ধন নিতে হলে অন্য ব্যক্তিদের নামে আবেদন করতে হবে।
সব মিলিয়ে ই-রিকশার নিবন্ধন, চলাচলের এলাকা, চালকের পরিচয়, চার্জিং ব্যবস্থা ও ভাড়া নির্ধারণের মাধ্যমে যানবাহনটির চলাচলে শৃঙ্খলা আনতে পর্যায়ক্রমে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।
পি/ এস