কারাবন্দি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আবেদন জানিয়ে অনলাইন প্ল্যাটফর্ম চেঞ্জ ডট অর্গে গণস্বাক্ষর কর্মসূচি শুরু হয়েছে। গত ১ নভেম্বর শুরু হওয়া এ আবেদনে রোববার পর্যন্ত ৯৬০ জন স্বাক্ষর করেছেন।
মানবাধিকারকর্মী হিসেবে পরিচিত শিতাংশু গুহ এ পিটিশনটি শুরু করেন। এতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির বিষয়টি বিবেচনার পাশাপাশি তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ন্যায়সংগত বিচার, ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।
পিটিশনে দাবি করা হয়েছে, পূর্ববর্তী সরকারের আমলে চিন্ময় কৃষ্ণ দাসকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে। তিনি খুনি নন, অথচ চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে প্রধান অভিযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এ অবস্থায় তার মুক্তির বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
আবেদনে বলা হয়, চিন্ময় কৃষ্ণ দাসকে প্রথমে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার করা হয়। পরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় তাকে আসামি করা হয়। সম্প্রতি ওই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়টিও পিটিশনে উল্লেখ করা হয়েছে।
চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বলেও দাবি করেছেন আবেদনকারী। পাশাপাশি তার আইনজীবীদের আদালতে উপস্থিত হতে না পারা এবং আইনি লড়াই করতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ তুলে পিটিশনে জামিন ও বিচারপ্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে পিটিশনে স্বতন্ত্র কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি।
বাংলাদেশে বিভিন্ন সময়ে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনাও আবেদনে তুলে ধরা হয়েছে। ২০১২ সাল থেকে রামু, নাসিরনগর ও কুমিল্লাসহ বিভিন্ন স্থানে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে হামলা, হত্যা ও বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনার প্রসঙ্গ উল্লেখ করা হয়। এ ছাড়া ২০২৫ সালের ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যাকাণ্ডের কথা তুলে ধরে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।
পিটিশনে সাইবার নিরাপত্তা আইন ব্যবহার করে ধর্মীয় সংখ্যালঘুদের হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়েছে। এ কারণে আইনটি বাতিলের বিষয়টি বিবেচনার জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ জানানো হয়েছে।
সব মিলিয়ে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি, তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর ন্যায়সংগত বিচার এবং ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে অনলাইন এ আবেদনে।