২০১৩ সালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। তাঁদের মধ্যে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে হাতকড়া, বুলেটপ্রুফ জ্যাকেট ও মাথায় হেলমেট পরিয়ে আদালতে নেওয়া হয়।
এর আগের দিন হাতকড়া ছাড়া জিয়াউল আহসানকে আদালতে হাজির করার বিষয়টি নিয়ে জাতীয় সংসদে আপত্তি জানান বিএনপির সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা। রোববার সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আদালত প্রাঙ্গণে জিয়াউল আহসানের আচরণ ও অঙ্গভঙ্গি দেখে মনে হয়েছে, তিনি যেন আনন্দভ্রমণে এসেছেন। এ সময় পুলিশ তাঁকে বিশেষ প্রটোকল দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
জবাবে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান সংসদকে আশ্বস্ত করে বলেন, জিয়াউল আহসান ভবিষ্যতে আর এমন সুযোগ পাবেন না। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলেও জানান তিনি। সংসদে বিষয়টি নিয়ে আলোচনার পরদিনই হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরা অবস্থায় জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
সোমবার সকালে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে প্রথমে ১০ আসামিকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে বেলা ১২টার দিকে সেখানে নেওয়া হয় জিয়াউল আহসানকে। প্রিজনভ্যান থেকে নামানোর পর দীপু মনি, ফারজানা রুপা ও শাহরিয়ার কবির ছাড়া বাকি আসামিদের হাত পেছনে নিয়ে হাতকড়া পরানো অবস্থায় দেখা যায়। তাঁদের বুলেটপ্রুফ জ্যাকেট ও হেলমেট পরিয়ে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।
এ মামলায় শেখ হাসিনাসহ মোট ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছে। সোমবার আসামিপক্ষের বক্তব্য শোনা হয়। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি পরিচালনা করছেন। প্যানেলের অন্য দুই সদস্য হলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আদালতে প্রথমে হুইলচেয়ারে করে নেওয়া হয় ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। এরপর সাবেক মন্ত্রী ডা. দীপু মনি এবং একাত্তর টেলিভিশনের সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপাকে স্বাভাবিকভাবে এজলাসে নেওয়া হয়। বাকি আসামিদের দুপুর ১২টা ৫৫ মিনিটে আদালতে তোলা হয়।
আসামিদের উপস্থিতিকে কেন্দ্র করে ট্রাইব্যুনাল এলাকায় নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। এপিবিএনের সদস্যরা তাঁদের দুই পাশে অবস্থান করেন। পাশাপাশি সামনে ও পেছনে দায়িত্ব পালন করেন পুলিশের অন্যান্য সদস্যরা।
ট্রাইব্যুনালে হাজির হওয়া ১১ আসামি হলেন—সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, তৎকালীন খাদ্যমন্ত্রী ড. আবদুর রাজ্জাক, সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল হক বাবু এবং প্রতিষ্ঠানটির সাবেক প্রধান প্রতিবেদক ফারজানা রুপা।