রাজধানীর গেন্ডারিয়ার ঘুন্টিঘর রেলস্টেশন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে অন্তত ১৪ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ও এসআরবি-১০।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের সংবাদ সম্মেলনে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী কার্যক্রম নিয়ে সমালোচনার পরপরই এ অভিযান চালানো হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো-দক্ষিণের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল অভিযানে অংশ নেয়। এ সময় ঘুন্টিঘর রেলস্টেশন, মুন্সিরটেকসহ আশপাশের বিভিন্ন মাদকপ্রবণ এলাকায় তল্লাশি চালানো হয়।
এর আগে গত শনিবার গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় নিজের অস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন ইশরাক হোসেন। এ ঘটনা নিয়ে সমালোচনার মধ্যে সোমবার দুপুরে প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তিনি।
পদত্যাগের আগে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদকবিরোধী কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলেন ইশরাক। এর পরপরই গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় অভিযান চালানো হয়।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ঘুন্টিঘর রেলস্টেশন এলাকা দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা ও সেবনের স্থান হিসেবে পরিচিত। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়মিত অভিযান চালালেও অভিযান শেষে সেখানে আবারও মাদকসেবী ও কারবারিদের উপস্থিতি দেখা যায়।
সম্প্রতি ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালানোর সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক পরিদর্শককে গুলি করার ঘটনা ঘটে। এরপর থেকে সেখানে একাধিক অভিযান পরিচালনা করা হয়েছে।
স্থানীয় সংসদ সদস্যের কাছে ওই এলাকায় মাদক কেনাবেচা নিয়ে অভিযোগ আসছিল বলেও সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
অভিযানে অংশ নেওয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ঘুন্টিঘর রেলস্টেশন ও মুন্সিরটেকসহ মাদকপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এসব অভিযানে মামলা করার পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়।
ওই কর্মকর্তা বলেন, এসব এলাকায় অনেক মাদকসেবী ও কারবারি ভাসমান। তাঁরা বিভিন্ন সময়ে সেখানে এসে মাদক কেনাবেচা বা সেবন করে চলে যান। অভিযানের সময় যাঁদের পাওয়া যায়, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। তবে অভিযান শেষে আবারও অনেকে এলাকায় ফিরে আসেন।
তিনি আরও জানান, সীমিত জনবল দিয়ে একসঙ্গে বিভিন্ন এলাকায় নজরদারি করা কঠিন। একটি এলাকায় অভিযান চালানোর সময় অন্য এলাকায় দায়িত্ব পালন করতে গেলে আগের এলাকায় আবারও মাদকসেবী ও কারবারিদের আনাগোনা বাড়তে পারে।