হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
বিনোদন

বিয়ের সাজে পিস্তল হাতে ধরা দিলেন তাসনিয়া ফারিণ

বিয়ের সাজে  পিস্তল হাতে ধরা দিলেন তাসনিয়া ফারিণ
তাসনিয়া ফারিণ

বিয়ের সাজে অভিনেত্রী তাসনিয়া ফারিণ। হাতে পিস্তল, তাঁকে ঘিরে দাঁড়িয়ে আছেন আরও তিনজন। তাঁদের হাতেও রয়েছে বন্দুক। ছবিতে ফারিণের সঙ্গে দেখা গেছে অভিনেতা আরফান মৃধা শিবলু, ইশতিয়াক আহমেদ রুমেল ও পার্থ শেখকে। মঙ্গলবার ছবিগুলো প্রকাশের পর বিষয়টি নিয়ে তৈরি হয় রহস্য। পরে জানা যায়, এটি নতুন একটি সিরিজের প্রচারণার অংশ। ওটিটি প্ল্যাটফর্ম চরকির জন্য নির্মিত সিরিজটির নাম ‘ডাকাতিয়া বাঁশি’।

সিরিজটি পরিচালনা করছেন ইমরাউল রাফাত। চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা। মঙ্গলবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সিরিজটির ঘোষণা দেয় চরকি। একই সঙ্গে প্ল্যাটফর্মটির ভেরিফায়েড ফেসবুক পেজেও প্রকাশ করা হয় প্রচারণার ছবিগুলো।

‘ডাকাতিয়া বাঁশি’ দিয়ে ওটিটিতে ফিরছেন নির্মাতা ইমরাউল রাফাত। সিরিজটির নির্মাণপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিরিজের ক্রাফটিং একটু কঠিন। প্রত্যেক পর্বে ক্লিফহ্যাঙ্গার লাগে, লেয়ার থাকা লাগে। ফাইনালি সেরকম একটা গল্প পেয়েছি। অনেক টুইস্ট আছে। সিরিজ তো অনেক রকম হয়, এবার আমরা ডার্ক কমেডি জনরাটা বেছে নিয়েছি। আর এটা আমার জন্য পরিচিত জনরা। চ্যালেঞ্জ আছে আর সেটা আমি নিয়ে এসেছি, এবারও নিলাম।’

বেশ কিছুদিন পর সিরিজে ফিরছেন তাসনিয়া ফারিণ। এর মধ্যবর্তী সময়ে সিনেমার কাজ নিয়ে ব্যস্ত ছিলেন তিনি। নতুন ধরনের চরিত্রের অপেক্ষায় থাকা এই অভিনেত্রী ‘ডাকাতিয়া বাঁশি’তে অভিনয় করছেন ক্যামেলিয়া চরিত্রে।

নিজের চরিত্র সম্পর্কে ফারিণ বলেন, ‘আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু আনকমন। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। সিরিজে আমার কখনো কমেডি করা হয়নি, এটা হতে ফার্স্ট টাইম। থ্রিলার, মার্ডার-মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও রিফ্রেশ হবে, নতুন কিছু হবে আমার জন্যও।’

সিরিজটিতে আরও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু ও সাইদুর রহমান পাভেল।

‘ডাকাতিয়া বাঁশি’ নির্মাণের কারণ ব্যাখ্যা করে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘ওটিটি প্ল্যাটফর্মে ডার্ক থ্রিলার বা মিস্ট্রি প্রায়ই দেখা যায়, কিন্তু ডার্ক কমেডি কম। সেজন্যই এবার এই ধরনের কাজ দর্শকদের জন্য নিয়ে আসা। চরকি বরাবরই দর্শকদের ভিন্ন স্বাদের কনটেন্ট দিয়ে আসছে। আমি মনে করি ছকভাঙা ‘ডাকাতিয়া বাঁশি’ সিরিজটিও দর্শকদের নতুন রকমের মজা দেবে।’

চিত্রনাট্যকার নাজিম উদ দৌলা জানিয়েছেন, ‘ডাকাতিয়া বাঁশি’ থ্রিলারধর্মী সিরিজ না হলেও এতে দর্শকদের চমকে দেওয়ার মতো নানা উপাদান রয়েছে। গল্পজুড়ে থাকবে বেশ কিছু চমক। চরকি কর্তৃপক্ষ জানিয়েছে, শিগগিরই প্ল্যাটফর্মটিতে মুক্তি পেতে পারে সিরিজটি।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
বিনোদন

শুটিং সেটে মৃত্যুর মুখোমুখি কাজল আগারওয়াল, যে ঘটনায় বদলে যায় জীবনদর্শন

বিনোদন ডেস্ক
শুটিং সেটে মৃত্যুর মুখোমুখি কাজল আগারওয়াল, যে ঘটনায় বদলে যায় জীবনদর্শন
ছবি: সংগৃহীত

একটি ভয়াবহ দুর্ঘটনা মানুষের জীবন সম্পর্কে চিন্তাভাবনা বদলে দিতে পারে। ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালের জীবনেও তেমন ঘটনা ঘটেছিল। ২০২০ সালে কমল হাসান অভিনীত ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং চলাকালে ভয়াবহ ক্রেন দুর্ঘটনার শিকার হয়েছিলেন তিনি। প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন ভেঙে পড়লে প্রাণ হারান তিনজন কর্মী। অল্পের জন্য প্রাণে বেঁচে যান কাজল। সম্প্রতি সেই আতঙ্কের স্মৃতি ও দুর্ঘটনার পর নিজের জীবনে আসা পরিবর্তনের কথা জানিয়েছেন অভিনেত্রী।

এক সাক্ষাৎকারে কাজল জানান, ওই ঘটনার পর জীবন এবং সৃষ্টিকর্তার প্রতি তাঁর দৃষ্টিভঙ্গি অনেকটাই বদলে গেছে। জীবনের অনিশ্চয়তা তাঁকে নতুন করে ভাবতে শিখিয়েছে।

২০২০ সালের ফেব্রুয়ারিতে চেন্নাইয়ের ইভিপি ফিল্ম সিটিতে চলছিল ‘ইন্ডিয়ান টু’ সিনেমার শুটিং। সেদিন সেটে উপস্থিত ছিলেন কাজল ও কমল হাসান। একটি দৃশ্যের প্রয়োজনে প্রবীণ নারীর চরিত্রে অভিনয়ের জন্য প্রস্থেটিক মেকআপ নিয়েছিলেন কাজল। শুটিংয়ের বিরতিতে অন্যদের সঙ্গে মনিটরের সামনে বসে ছিলেন তিনি। হঠাৎ সেটজুড়ে চিৎকার ও হইচই শুরু হয়। প্রাণ বাঁচাতে সবাই ছোটাছুটি করতে থাকেন।

সেই সময় দ্রুত সরে যাওয়ার চেষ্টা করতে গিয়ে একটি টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে যান কাজল। এরপর পেছনে তাকিয়ে দেখেন, বিশাল একটি ক্রেন তাঁর দিকেই ভেঙে পড়ছে। দুর্ঘটনার ভয়াবহতা বুঝে ওঠার আগেই মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি।

সাক্ষাৎকারে সেই মুহূর্তের বর্ণনা দিতে গিয়ে কাজল বলেন, ‘আমি পেছনে ফিরে তাকিয়ে দেখি, প্রায় ১০০ ফুট উঁচু একটি ক্রেন আমার দিকে ভেঙে পড়ছে। কী ঘটছে, কিছুই বুঝতে পারছিলাম না। একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিলাম।’

ঠিক সেই মুহূর্তে একজন তাঁকে টেনে নিরাপদ স্থানে সরিয়ে নেন। ক্রেনটি তাঁর খুব কাছেই আছড়ে পড়ে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান অভিনেত্রী।

কাজলের ভাষ্য, দুর্ঘটনার পর দীর্ঘদিন তাঁর মধ্যে আতঙ্কের পাশাপাশি বেঁচে যাওয়ার জন্য গভীর কৃতজ্ঞতাবোধ কাজ করেছে। সময়ের সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার প্রতি আগ্রহও বেড়েছে তাঁর। বিশেষ করে কৃষ্ণের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। জীবন যে কতটা অনিশ্চিত, সেই উপলব্ধি তাঁকে জীবনের দিকে নতুনভাবে তাকাতে শিখিয়েছে।

দীর্ঘ অপেক্ষার পর ২০২৪ সালে মুক্তি পায় ‘ইন্ডিয়ান টু’। তবে কমল হাসান অভিনীত সিনেমাটি বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। সিনেমাটির শুটিংয়ে ঘটে যাওয়া সেই ভয়াবহ দুর্ঘটনা এবং মৃত্যুর খুব কাছ থেকে ফিরে আসার অভিজ্ঞতা এখনো ভুলতে পারেননি কাজল আগারওয়াল।

বিনোদন

রোজার ঈদে আসছে শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’

বিনোদন ডেস্ক
রোজার ঈদে আসছে শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’
ছবি: সংগৃহীত

অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে জুটি হিসেবে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরীসহ দেশের একাধিক পরিচিত অভিনয়শিল্পী। পরিকল্পনা অনুযায়ী, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ফেলে আসা সময়, জীবনের নানা স্মৃতি এবং নিজেকে নতুন করে চেনার গল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমার কাহিনি। এর চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সিনেমাটির সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

প্রেক্ষাগৃহের জন্য এটি শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় নির্মাণ। এর আগে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘প্রিয় মালতী’। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ কাজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

নতুন সিনেমাটি ড্রামা ঘরানার হলেও সব বয়সী দর্শক পরিবারের সদস্যদের সঙ্গে বসে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমার গল্প সম্পর্কে শঙ্খ দাশগুপ্ত জানান, এতে মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন, আবেগ, পারিবারিক বন্ধন ও মূল্যবোধের পাশাপাশি বাস্তব জীবনের নানা টানাপোড়েন উঠে আসবে। তবে গল্পটি কেবল গম্ভীর আবহে সীমাবদ্ধ থাকবে না। মূল আবেগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে হাস্যরসের নানা উপাদান। তাঁর মতে, সিনেমার অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও গল্পটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, বিভিন্ন ধরনের অনুভূতি ও অভিজ্ঞতার গল্প পর্দায় তুলে ধরতে চরকি আগ্রহী। ‘আবার দেখা হলে’ মূলত পরিবার ও নিজের জীবনের দিকে নতুন করে ফিরে তাকানোর গল্প। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে গিয়ে দর্শকেরা পরিবারের সঙ্গে আনন্দ ও আবেগঘন কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ এবং রেজওয়ান পারভেজ।

বিনোদন

কোরআনের আয়াত লেখা পান্নার লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
কোরআনের আয়াত লেখা পান্নার লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের পান্নার লকেট পরার ঘটনায়। দীপাবলি উপলক্ষে সাজসজ্জার অংশ হিসেবে ঐতিহ্যবাহী এই গয়নাটি পরেছিলেন তিনি। তবে লকেটটির উপস্থাপনাকে ধর্মীয় অনুভূতির পরিপন্থী দাবি করে আপত্তি জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ।

একই ঘটনায় কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুরকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। ১১ নভেম্বর পাঠানো ওই নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন কারিনা। সেখানে তাঁকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ির সঙ্গে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরতে দেখা যায়। লকেটটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে গয়নাটির পরিচয় তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি ভোপালের সাবেক নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গয়না। কারিনার পোশাক ও পাগড়ির সঙ্গে লকেটটি পরার বিষয়টিও তিনি তুলে ধরেন।

আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক কিংবা অন্য গয়না পরা নিয়ে নয়। বরং পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি যেভাবে ফ্যাশনের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েই তাঁর আপত্তি। নোটিশে বলা হয়েছে, ধর্মীয় পবিত্রতা ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত কোনো আয়াত অলংকার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখা প্রয়োজন।

নোটিশদাতার দাবি, কারিনার প্রকাশিত ছবি ও ভিডিওতে লকেটটির উপস্থাপনা পবিত্র আয়াতের ধর্মীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের উপস্থাপনা মুসলিম সম্প্রদায়ের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ধর্মীয় পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে বলে এতে জানানো হয়েছে।

লকেটটির সঙ্গে ভোপালের সাবেক নবাব পরিবারের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। রিয়া কাপুরের দাবি, গয়নাটি ভোপালের বেগমদের ঐতিহ্যের অংশ। কারিনার স্বামী সাইফ আলী খানের পারিবারিক উত্তরাধিকারের সূত্রেই গয়নাটি তাঁর ব্যবহারে এসেছে।

সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তিনি ইফতিখার আলী খান পতৌদিকে বিয়ে করেন। তাঁদের ছেলে মনসুর আলী খান পতৌদি ছিলেন সাইফের বাবা। পারিবারিক সূত্রে গয়নাটি তাঁদের উত্তরাধিকারের অংশ বলে দাবি করা হয়েছে।

নোটিশে ভোপালের বেগমদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে ভোপালের বেগমরা পর্দাপ্রথা অনুসরণ করতেন। তাই তাঁদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত গয়না উপস্থাপনের ক্ষেত্রেও ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনায় রাখা উচিত।

আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। এটি কংগ্রেস দলের পক্ষ থেকে পাঠানো কোনো পদক্ষেপ নয়।

নোটিশে কারিনা কাপুর খান ও রিয়া কাপুরের কাছে সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো উপস্থাপনা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিনোদন

চীনের সঙ্গে ভারতের যুদ্ধের ময়দানে সালমান খান

বিনোদন ডেস্ক
চীনের সঙ্গে ভারতের যুদ্ধের ময়দানে সালমান খান
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ট্রেলারে সীমান্তের উত্তেজনা, সেনাদের সংঘাত এবং যুদ্ধের পাশাপাশি শান্তি ও মানবিকতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সিনেমাটির চার মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়। পূর্ব লাদাখের বরফে ঢাকা পাহাড়ি এলাকা দিয়ে শুরু হওয়া ট্রেলারে ভারতীয় সেনাবাহিনীর ১৬ বিহার রেজিমেন্টের এক কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে সালমান খানকে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

সিনেমার গল্পে দেখা যায়, পরিবারের আবেগ ও উদ্বেগ পেছনে ফেলে দেশের দায়িত্ব পালনে সীমান্তে যান সালমানের চরিত্র। ছোট ছেলেকে বিদায় জানানোর সময় তিনি বলেন, সেনারা বিদায় জানায় না, তারা স্যালুট করে। এরপরই সামনে আসে ভারত-চীন সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

ট্রেলারে দেখা যায়, সীমান্তের ওপারে চীনা সেনাদের অবস্থান শক্ত করার বিষয়টি নজরে আসে ভারতীয় সেনাদের। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন সালমানের চরিত্র। তার বক্তব্যে উঠে আসে, সাহসিকতার অর্থ শুধু যুদ্ধ করা নয়, যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করাও সাহসের পরিচয়।

তবে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ভারতীয় সেনাদের পিছু হটার নির্দেশ দেওয়া হলেও সালমানের চরিত্র তাতে রাজি হন না। এরপর দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের দৃশ্য দেখানো হয়। ট্রেলারের ‘এক বিহারি, ১০০ জনের সমান’ সংলাপটি দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটি নিয়ে ভারত ও চীনের সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাবের আলোচনা তৈরি হলেও সালমান জানিয়েছেন, ছবিটি কোনো দেশবিরোধী প্রচারণা নয়। বরং দুই দেশের সেনাসদস্য এবং তাদের পরিবারের জীবন ও অভিজ্ঞতা তুলে ধরাই নির্মাতাদের উদ্দেশ্য।

শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে নাম দেওয়া হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সালমানের ভাষ্য অনুযায়ী, ভিএফএক্সের কাজ এবং চিত্রাঙ্গদা সিংয়ের চোটের কারণে সিনেমাটির নির্মাণকাজে কিছুটা বিলম্ব হয়েছে।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর।

পি/এস

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার