হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
বিনোদন

পাকিস্তানের সিনেমা হল ও আয় নিয়ে শাকিবের তথ্যে বিভ্রান্তি, সমালোচনায় নেটিজেনরা

পাকিস্তানের সিনেমা হল ও আয় নিয়ে শাকিবের তথ্যে বিভ্রান্তি, সমালোচনায় নেটিজেনরা
ছবি: সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। পর্দায় তাঁর উপস্থিতি ও অভিনয় দর্শকদের কাছে বরাবরই আকর্ষণীয়। তবে সম্প্রতি পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে কথা বলতে গিয়ে দেওয়া কিছু তথ্যের কারণে সমালোচনার মুখে পড়েছেন এই তারকা। দেশটিতে সিনেমা হলের সংখ্যা এবং চলচ্চিত্রের আয় সম্পর্কে তাঁর দেওয়া বক্তব্যের সঙ্গে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্যের বড় ধরনের অসংগতি দেখা গেছে।

সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অংশ নেন শাকিব খান। সেখানে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের আগ্রহ প্রকাশ করেন তিনি। পাশাপাশি পাকিস্তানের একজন অভিনেত্রীর সঙ্গে নতুন সিনেমা নিয়ে আলোচনা চলছে বলেও জানান। তবে দেশটির চলচ্চিত্রশিল্পের অবস্থা তুলে ধরতে গিয়ে তাঁর দেওয়া কিছু পরিসংখ্যান নিয়ে প্রশ্ন উঠেছে।

অনুষ্ঠানের মঞ্চে শাকিব দাবি করেন, পাকিস্তানে বর্তমানে ১ হাজার ২০০টির বেশি সিনেমা হল চালু রয়েছে। এর অধিকাংশই মাল্টিপ্লেক্স। এ ছাড়া দেশটির একটি সিনেমা ২০০ থেকে ৩০০ কোটি রুপি পর্যন্ত আয় করে বলেও মন্তব্য করেন তিনি।

তবে পাকিস্তানের চলচ্চিত্রশিল্প নিয়ে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন থেকে ভিন্ন চিত্র পাওয়া যায়। ২০২৪ সালের এপ্রিলে দেশটির সংবাদমাধ্যম ‘ডন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছিল, পাকিস্তানে তখন আনুমানিক ৬০টি সিনেমা হল ছিল। এসব হলে পর্দার সংখ্যা ছিল প্রায় ১৫০টি।

পরবর্তী সময়ে সিনেমার ব্যবসায় মন্দার কারণে এই সংখ্যা আরও কমে যায়। ২০২৫ সালের মার্চে ‘দ্য এক্সপ্রেস ট্রিবিউন’-এর এক প্রতিবেদনে জানানো হয়, ২০১৮ সালের পর থেকে পাকিস্তানে প্রায় ৪০ শতাংশ সিনেমা হল বন্ধ হয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সাল নাগাদ দেশটিতে সচল সিনেমা স্ক্রিনের সংখ্যা ছিল ১১৫টি। তবে এখানে ১১৫টি স্ক্রিনকে ১১৫টি সিনেমা হল হিসেবে বিবেচনা করার সুযোগ নেই। কারণ, একটি মাল্টিপ্লেক্সেই একাধিক পর্দা থাকতে পারে।

শাকিবের উল্লেখ করা ১ হাজার ২০০ সিনেমা হলের সংখ্যাটি পাকিস্তানের পুরোনো চলচ্চিত্র ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। ১৯৮০ সালের দিকে দেশটিতে এ সংখ্যক সিনেমা হল ছিল বলে জানা যায়। একই সময় বাংলাদেশেও সিনেমা হলের সংখ্যা হাজার ছাড়িয়েছিল। পরবর্তী সময়ে দুই দেশেই চলচ্চিত্র ব্যবসায় সংকট তৈরি হওয়ায় হলের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।

পাকিস্তানি সিনেমার আয় নিয়ে শাকিবের বক্তব্যেও অতিরঞ্জনের বিষয়টি সামনে এসেছে। দেশটির ইতিহাসে সর্বোচ্চ আয় করা সিনেমা ‘দ্য লিজেন্ড অব মাওলা জাট’। ২০২২ সালে মুক্তি পাওয়া ছবিটি প্রায় ৪০০ কোটি পাকিস্তানি রুপি আয় করেছিল, যা বাংলাদেশি মুদ্রায় বর্তমানে প্রায় ১৮০ কোটি টাকার সমান।

তবে এই সাফল্যকে পাকিস্তানের সব সিনেমার সাধারণ আয়ের চিত্র হিসেবে দেখার সুযোগ নেই। দেশটিতে ‘আগ লাগে বস্তি মে’ ছাড়া আর কোনো সিনেমা ১০০ কোটি রুপির আয়ের সীমা অতিক্রম করতে পারেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ৫০ কোটি রুপির বেশি আয় করা পাকিস্তানি সিনেমার সংখ্যাও মাত্র পাঁচটি। ফলে দেশটির সিনেমার আয় নিয়ে শাকিবের দেওয়া সামগ্রিক ধারণার সঙ্গে বাস্তব পরিসংখ্যানের মিল পাওয়া যাচ্ছে না।

শাকিবের বক্তব্য প্রকাশ্যে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। অনেকেই মনে করছেন, দেশের শীর্ষ তারকা হিসেবে তাঁর কাছ থেকে এ ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্কতা প্রত্যাশিত ছিল। তবে পাকিস্তানের সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমা নির্মাণের বিষয়ে তাঁর আগ্রহকে ইতিবাচকভাবে দেখছেন কেউ কেউ। তাঁদের মতে, দুই দেশের নির্মাতা ও শিল্পীদের যৌথ উদ্যোগে চলচ্চিত্র নির্মাণের নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
বিনোদন

রোজার ঈদে আসছে শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’

বিনোদন ডেস্ক
রোজার ঈদে আসছে শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’
ছবি: সংগৃহীত

অবশেষে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে নির্মাতা শঙ্খ দাশগুপ্তের নতুন সিনেমা ‘আবার দেখা হলে’। এতে জুটি হিসেবে পর্দায় হাজির হবেন সিয়াম আহমেদ ও নাজিফা তুষি। পাশাপাশি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চঞ্চল চৌধুরীসহ দেশের একাধিক পরিচিত অভিনয়শিল্পী। পরিকল্পনা অনুযায়ী, আগামী রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ফেলে আসা সময়, জীবনের নানা স্মৃতি এবং নিজেকে নতুন করে চেনার গল্পকে কেন্দ্র করে সাজানো হয়েছে সিনেমার কাহিনি। এর চিত্রনাট্য লিখেছেন মো. সাইফুল্লাহ রিয়াদ। সিনেমাটির সহপ্রযোজক ও অফিশিয়াল ডিজিটাল পার্টনার হিসেবে যুক্ত হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। এ ছাড়া সহযোগী প্রতিষ্ঠান হিসেবে রয়েছে এমআইবি স্টুডিওস।

প্রেক্ষাগৃহের জন্য এটি শঙ্খ দাশগুপ্তের দ্বিতীয় নির্মাণ। এর আগে তাঁর পরিচালনায় মুক্তি পেয়েছিল ‘প্রিয় মালতী’। পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মের জন্য নির্মিত তাঁর ‘চা গরম’ কাজটিও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।

নতুন সিনেমাটি ড্রামা ঘরানার হলেও সব বয়সী দর্শক পরিবারের সদস্যদের সঙ্গে বসে উপভোগ করতে পারবেন বলে জানিয়েছেন নির্মাতা।

সিনেমার গল্প সম্পর্কে শঙ্খ দাশগুপ্ত জানান, এতে মধ্যবিত্ত পরিবারের জীবনযাপন, আবেগ, পারিবারিক বন্ধন ও মূল্যবোধের পাশাপাশি বাস্তব জীবনের নানা টানাপোড়েন উঠে আসবে। তবে গল্পটি কেবল গম্ভীর আবহে সীমাবদ্ধ থাকবে না। মূল আবেগের পাশাপাশি দর্শকদের জন্য থাকছে হাস্যরসের নানা উপাদান। তাঁর মতে, সিনেমার অভিনয়শিল্পীদের পারফরম্যান্সও গল্পটির অন্যতম আকর্ষণ হয়ে উঠবে।

সিনেমাটির সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, বিভিন্ন ধরনের অনুভূতি ও অভিজ্ঞতার গল্প পর্দায় তুলে ধরতে চরকি আগ্রহী। ‘আবার দেখা হলে’ মূলত পরিবার ও নিজের জীবনের দিকে নতুন করে ফিরে তাকানোর গল্প। প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে গিয়ে দর্শকেরা পরিবারের সঙ্গে আনন্দ ও আবেগঘন কিছু মুহূর্ত ভাগ করে নিতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

সিয়াম আহমেদ ও নাজিফা তুষি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা চঞ্চল চৌধুরী, দীপা খন্দকার, আজিজুল হাকিম, বিজরী বরকতুল্লাহ এবং রেজওয়ান পারভেজ।

বিনোদন

কোরআনের আয়াত লেখা পান্নার লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ

বিনোদন ডেস্ক
কোরআনের আয়াত লেখা পান্নার লকেট পরায় কারিনাকে আইনি নোটিশ
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানকে আইনি নোটিশ পাঠানো হয়েছে পবিত্র কোরআনের আয়াত খোদাই করা ৩০ ক্যারেটের পান্নার লকেট পরার ঘটনায়। দীপাবলি উপলক্ষে সাজসজ্জার অংশ হিসেবে ঐতিহ্যবাহী এই গয়নাটি পরেছিলেন তিনি। তবে লকেটটির উপস্থাপনাকে ধর্মীয় অনুভূতির পরিপন্থী দাবি করে আপত্তি জানিয়েছেন ভারতের কংগ্রেস নেতা ও জাতীয় গণমাধ্যম সমন্বয়ক আব্বাস হাফিজ।

একই ঘটনায় কারিনার স্টাইলিস্ট রিয়া কাপুরকেও আইনি নোটিশ পাঠানো হয়েছে। ১১ নভেম্বর পাঠানো ওই নোটিশে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সংশ্লিষ্ট ছবি ও ভিডিও সরিয়ে ফেলা, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের ধর্মীয় মর্যাদা ক্ষুণ্ন হয়—এমনভাবে তা উপস্থাপন না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

সম্প্রতি দীপাবলি উপলক্ষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি প্রকাশ করেন কারিনা। সেখানে তাঁকে ডিজাইনার পুনিত বালানার তৈরি বেইজ রঙের কাফতান ও পাগড়ির সঙ্গে ৩০ ক্যারেটের পান্নার একটি লকেট পরতে দেখা যায়। লকেটটিতে পবিত্র কোরআনের সুরা আল-বাকারার ২৫৫ নম্বর আয়াত, আয়াতুল কুরসি খোদাই করা রয়েছে।

কারিনার সাজসজ্জার দায়িত্বে থাকা রিয়া কাপুর সামাজিক যোগাযোগমাধ্যমে গয়নাটির পরিচয় তুলে ধরেন। তাঁর ভাষ্য অনুযায়ী, এটি ভোপালের সাবেক নবাব পরিবারের প্রায় ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী গয়না। কারিনার পোশাক ও পাগড়ির সঙ্গে লকেটটি পরার বিষয়টিও তিনি তুলে ধরেন।

আব্বাস হাফিজের আপত্তি কারিনার পোশাক কিংবা অন্য গয়না পরা নিয়ে নয়। বরং পবিত্র কোরআনের আয়াত খোদাই করা লকেটটি যেভাবে ফ্যাশনের অংশ হিসেবে উপস্থাপন করা হয়েছে, তা নিয়েই তাঁর আপত্তি। নোটিশে বলা হয়েছে, ধর্মীয় পবিত্রতা ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত কোনো আয়াত অলংকার হিসেবে ব্যবহারের ক্ষেত্রে যথাযথ সম্মান বজায় রাখা প্রয়োজন।

নোটিশদাতার দাবি, কারিনার প্রকাশিত ছবি ও ভিডিওতে লকেটটির উপস্থাপনা পবিত্র আয়াতের ধর্মীয় মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের উপস্থাপনা মুসলিম সম্প্রদায়ের একাংশের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে। তবে কোরআনের আয়াত অলংকার হিসেবে ব্যবহারের বিষয়ে ধর্মীয় পণ্ডিতদের মধ্যে ভিন্নমত রয়েছে বলে এতে জানানো হয়েছে।

লকেটটির সঙ্গে ভোপালের সাবেক নবাব পরিবারের ঐতিহাসিক সম্পর্কও রয়েছে। রিয়া কাপুরের দাবি, গয়নাটি ভোপালের বেগমদের ঐতিহ্যের অংশ। কারিনার স্বামী সাইফ আলী খানের পারিবারিক উত্তরাধিকারের সূত্রেই গয়নাটি তাঁর ব্যবহারে এসেছে।

সাইফ আলী খানের দাদি সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের মেয়ে। তিনি ইফতিখার আলী খান পতৌদিকে বিয়ে করেন। তাঁদের ছেলে মনসুর আলী খান পতৌদি ছিলেন সাইফের বাবা। পারিবারিক সূত্রে গয়নাটি তাঁদের উত্তরাধিকারের অংশ বলে দাবি করা হয়েছে।

নোটিশে ভোপালের বেগমদের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের বিষয়টিও তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, ঐতিহাসিকভাবে ভোপালের বেগমরা পর্দাপ্রথা অনুসরণ করতেন। তাই তাঁদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত গয়না উপস্থাপনের ক্ষেত্রেও ধর্মীয় ও সাংস্কৃতিক সংবেদনশীলতা বিবেচনায় রাখা উচিত।

আব্বাস হাফিজ জানিয়েছেন, তিনি ব্যক্তিগত উদ্যোগে এই আইনি নোটিশ পাঠিয়েছেন। এটি কংগ্রেস দলের পক্ষ থেকে পাঠানো কোনো পদক্ষেপ নয়।

নোটিশে কারিনা কাপুর খান ও রিয়া কাপুরের কাছে সংশ্লিষ্ট ছবি, ভিডিও ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে পবিত্র কোরআনের আয়াতের মর্যাদা ক্ষুণ্ন হয়—এমন কোনো উপস্থাপনা না করার নিশ্চয়তা চাওয়া হয়েছে।

এ বিষয়ে প্রতিবেদন লেখা পর্যন্ত কারিনা কাপুর খান কিংবা রিয়া কাপুরের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিনোদন

চীনের সঙ্গে ভারতের যুদ্ধের ময়দানে সালমান খান

বিনোদন ডেস্ক
চীনের সঙ্গে ভারতের যুদ্ধের ময়দানে সালমান খান
ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা সালমান খানের নতুন সিনেমা ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর ট্রেলার প্রকাশিত হয়েছে। ২০২০ সালে লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাদের সংঘর্ষের ঘটনা অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ট্রেলারে সীমান্তের উত্তেজনা, সেনাদের সংঘাত এবং যুদ্ধের পাশাপাশি শান্তি ও মানবিকতার বিষয়গুলো তুলে ধরা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, মঙ্গলবার (১০ নভেম্বর) সিনেমাটির চার মিনিট ৩৫ সেকেন্ডের ট্রেলার প্রকাশ করা হয়। পূর্ব লাদাখের বরফে ঢাকা পাহাড়ি এলাকা দিয়ে শুরু হওয়া ট্রেলারে ভারতীয় সেনাবাহিনীর ১৬ বিহার রেজিমেন্টের এক কর্মকর্তার ভূমিকায় দেখা গেছে সালমান খানকে। তার স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং।

সিনেমার গল্পে দেখা যায়, পরিবারের আবেগ ও উদ্বেগ পেছনে ফেলে দেশের দায়িত্ব পালনে সীমান্তে যান সালমানের চরিত্র। ছোট ছেলেকে বিদায় জানানোর সময় তিনি বলেন, সেনারা বিদায় জানায় না, তারা স্যালুট করে। এরপরই সামনে আসে ভারত-চীন সীমান্তের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

ট্রেলারে দেখা যায়, সীমান্তের ওপারে চীনা সেনাদের অবস্থান শক্ত করার বিষয়টি নজরে আসে ভারতীয় সেনাদের। পরিস্থিতি শান্তিপূর্ণভাবে সমাধানের চেষ্টা করেন সালমানের চরিত্র। তার বক্তব্যে উঠে আসে, সাহসিকতার অর্থ শুধু যুদ্ধ করা নয়, যুদ্ধ এড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করাও সাহসের পরিচয়।

তবে একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। ভারতীয় সেনাদের পিছু হটার নির্দেশ দেওয়া হলেও সালমানের চরিত্র তাতে রাজি হন না। এরপর দুই দেশের সেনাদের মধ্যে সংঘর্ষের দৃশ্য দেখানো হয়। ট্রেলারের ‘এক বিহারি, ১০০ জনের সমান’ সংলাপটি দর্শকদের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।

সিনেমাটি নিয়ে ভারত ও চীনের সম্পর্কের ওপর সম্ভাব্য প্রভাবের আলোচনা তৈরি হলেও সালমান জানিয়েছেন, ছবিটি কোনো দেশবিরোধী প্রচারণা নয়। বরং দুই দেশের সেনাসদস্য এবং তাদের পরিবারের জীবন ও অভিজ্ঞতা তুলে ধরাই নির্মাতাদের উদ্দেশ্য।

শুরুতে সিনেমাটির নাম রাখা হয়েছিল ‘ব্যাটল অব গালওয়ান’। পরে পরিবর্তন করে নাম দেওয়া হয় ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’। সালমানের ভাষ্য অনুযায়ী, ভিএফএক্সের কাজ এবং চিত্রাঙ্গদা সিংয়ের চোটের কারণে সিনেমাটির নির্মাণকাজে কিছুটা বিলম্ব হয়েছে।

অপূর্ব লাখিয়ার পরিচালনায় সিনেমাটি প্রযোজনা করেছে সালমান খান ফিল্মস। আগামী ৪ ডিসেম্বর ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর।

পি/এস

বিনোদন

লিটু করিমের “সুখলাল” চরিত্রে আ খ ম হাসান

বিনোদন ডেস্ক
লিটু করিমের “সুখলাল” চরিত্রে আ খ ম হাসান
ছবি: সংগৃহীত

রাজবাড়ি জেলার পাংশা থানার বিভিন্ন লোকেশনে আগামী ১৪ ও ১৫ নভেম্বর নির্মিত হতে যাচ্ছে লিটু করিমের রচনা ও পরিচালনায় নাটক "সুখলাল"। নাটকের গল্প প্রসঙ্গে লিটু করিম বলেন- নাটকের কাহিনী গড়ে উঠেছে হরিজন সম্প্রদায়ের মানুষ গুলোকে নিয়ে। নাটকের কেন্দ্রীয় চরিত্র হরিজন যুবক সুখলাল।


শহরের ময়লা-আবর্জনা ও মানুষের মলমূত্র পরিষ্কার করবার কাজটি করে নিজের ও পরিবারের অন্নসংস্থান করে। কিন্তু সমাজের কাছে তাদের এই অপরিহার্য কাজের কোন মূল্যায়ন নেই। বরং বঞ্চনা আর অধিকারহীনতাই তাদের নিত্যদিনের সঙ্গী। কাহিনীর নির্মম এক বাস্তবতায় দেখা যায় তীব্র মানসিক চাপ আর মানুষের মলমূত্রের দুর্গন্ধ সহ্য করতে গিয়ে নেশার ঘোরে আচ্ছন্ন হওয়া ছাড়া তাদের আর কোন উপায় থাকে না।


নেশা তাদের কোন শখ নয় বরং সমাজের ফেলে যাওয়া নোংড়া গন্ধ থেকে বাঁচার এক অবচেতন রাসায়নিক প্রতিষেধক। অথচ তাদের সেই বাংলা মদেও ভেজাল দেয় মদ ব্যবসায়ী নন্দ। এই সুখলালদের চাওয়া খুব বেশী নয়। সমাজের সব'চে নোংড়া কাজ তারা করে অথচ তাদের বেতন বাড়ে না। ঠিক মতো বেতনও পায়ও না। নাটকে সুখলালের জীবনের মধ্য দিয়ে তাদের বঞ্চনার হাহাকার এবং বেঁচে থাকার অন্তহীন লড়াইয়ের মর্মস্পর্শী চিত্র ফুটিয়ে তোলা হয়েছে।


নাটকটিতে অভিনয় করেছেন- আ খ ম হাসান, রেজমিন সেতু, আহমেদ সাজু. আফফান মিতুল, সূচনা সিকদার, চৈতন্য বসাক, রতন মাহমুদ, মাসুদ মাল ও একটি বিশেষ চরিত্রে পরিচালক লিটু করিম। বাংলাদেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে। আমরা আশাবাদী নাটকটি দর্শক প্রিয় হবে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার