নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন ভারতে অবস্থানরত বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ সালের ৫ আগস্ট দেশ ছাড়ার পর এই প্রথম তার পক্ষ থেকে এ ধরনের আনুষ্ঠানিক যোগাযোগের খবর সামনে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সোমবার (৯ নভেম্বর) আইনজীবীদের মাধ্যমে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে চিঠি পাঠিয়ে নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন করেন শেখ হাসিনা। রয়টার্স জানিয়েছে, তারা ওই চিঠি দেখার সুযোগ পেয়েছে।
প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনার লন্ডনভিত্তিক আইনি প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমানকে চিঠিটি পাঠান। এতে উল্লেখ করা হয়, অন্তর্বর্তীকালীন সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা জানতে পেরেছেন। এ অবস্থায় তার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
রয়টার্সকে আওয়ামী লীগের নেতারা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর শেখ হাসিনার দেশে ফেরার তারিখ নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই-আগস্টের আন্দোলন দমনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে এ রায় দেওয়া হয়। তবে ভারত থেকে এসব অভিযোগ অস্বীকার করে আসছেন তিনি।
এ বিষয়ে মন্তব্য জানতে দিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার প্রীতি রহমান এবং ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের মুখপাত্রদের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তাদের কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির পর আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়। দলটির অনেক নেতা-কর্মী কারাগারে রয়েছেন, অন্যদিকে অনেকে ভারতসহ বিভিন্ন দেশে অবস্থান করছেন বলে রয়টার্সের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক অস্থিরতার পর বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এমন পরিস্থিতিতে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন দেশটির রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করতে পারে।