দেশের বিভিন্ন অঞ্চলে আগামী পাঁচ দিন বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রামসহ কয়েকটি বিভাগে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে সামগ্রিকভাবে বৃষ্টির প্রবণতা কম থাকার সম্ভাবনা রয়েছে।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়েছে, রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের কিছু এলাকায় এবং বরিশাল বিভাগের দু-এক স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকায় বৃষ্টির পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বুধবার (১১ নভেম্বর) চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক স্থানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার (১২ নভেম্বর) চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে। দেশের অন্যান্য অঞ্চলে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববার দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। সোমবার রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি কমতে পারে। পরবর্তী দিনগুলোতে তাপমাত্রায় বড় পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৩৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ফেনীতে। অন্যদিকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময়ে দেশের কোথাও বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
পি/এস