২০২৭ সালে বাংলাদেশের সঙ্গে চুক্তিবদ্ধ ৪০টি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কার্গোর মধ্যে ২৬টি সরবরাহের পরিকল্পনা করেছে কাতারএনার্জি। এতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চুক্তির ৬৫ শতাংশ পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কাতার ও ওমানসহ কয়েকটি উৎস থেকে গ্যাস সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় আগামী বছরের পুরো আমদানি পরিকল্পনা এখনই চূড়ান্ত করতে চাইছে না সরকার। আপাতত মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সময়সূচি নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
জ্বালানি খাতের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, পুরো বছরের পরিবর্তে আগামী মার্চ পর্যন্ত সরবরাহ পরিকল্পনা তৈরির দায়িত্ব পেট্রোবাংলাকে দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। আন্তর্জাতিক পরিস্থিতি, সরবরাহকারীদের সক্ষমতা এবং ভূরাজনৈতিক পরিবর্তন পর্যবেক্ষণ করে পরবর্তী সময়ের আমদানি পরিকল্পনা ঠিক করা হবে।
নীতিনির্ধারকদের প্রত্যাশা, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর হরমুজ প্রণালিকে ঘিরে উত্তেজনা কিছুটা কমতে পারে। নৌপথটিতে জাহাজ চলাচল স্বাভাবিক হলে এলএনজিবাহী জাহাজের পরিবহনও বাড়বে। এতে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হওয়ার সুযোগ তৈরি হতে পারে।
পেট্রোবাংলার কর্মকর্তাদের ধারণা, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হলে বর্তমান সংকট মোকাবিলা সহজ হতে পারে। পাশাপাশি বিদ্যমান চুক্তির আওতায় অতিরিক্ত এলএনজি কার্গো পাওয়ার সম্ভাবনাও তৈরি হবে। এ কারণে পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নিতে চায় সরকার।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর আন্তর্জাতিক এলএনজি সরবরাহব্যবস্থায় অস্থিরতা দেখা দেয়। সংঘাতের কারণে গ্যাস উৎপাদন ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন বাধাগ্রস্ত হয়। কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান ফোর্স ম্যাজিউর ঘোষণা করায় দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশে গ্যাস আসা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংকট শুরুর আগে ২০২৭ সালে প্রায় ১১৫টি এলএনজি কার্গো আমদানির লক্ষ্য নির্ধারণ করেছিল বাংলাদেশ। এর মধ্যে দীর্ঘমেয়াদি ও স্বল্পমেয়াদি চুক্তির আওতায় অন্তত ১০৩টি কার্গো সংগ্রহের পরিকল্পনা ছিল। কিন্তু মোট ১২৮টি চুক্তিবদ্ধ কার্গোর মধ্যে এখন পর্যন্ত মাত্র ৭১টির সরবরাহ নিশ্চিত হয়েছে বলে জানিয়েছেন পেট্রোবাংলা ও জ্বালানি বিভাগের কর্মকর্তারা।
কাতার ও ওমানের সরবরাহ নিয়ে শঙ্কা
আগামী বছর বাংলাদেশের এলএনজি চাহিদা পূরণে বড় অংশীদার হওয়ার কথা কাতারএনার্জির। প্রতিষ্ঠানটির সঙ্গে করা ৪০টি কার্গোর চুক্তির বিপরীতে ২৬টি সরবরাহের প্রত্যাশা করা হচ্ছে। অর্থাৎ চুক্তির ৬৫ শতাংশ পূরণ হতে পারে।
এ ছাড়া কাতারএনার্জির সহযোগী প্রতিষ্ঠান কাতারএনার্জি ট্রেডিং এলএলসির কাছ থেকেও ২০২৭ সালে উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়ার কথা রয়েছে। ২৪টি কার্গোর চুক্তির বিপরীতে প্রতিষ্ঠানটি ১৮টি সরবরাহ করতে পারে, যা মোট চুক্তির ৭৫ শতাংশ। দুই প্রতিষ্ঠান মিলিয়ে কাতার থেকে ৪৪টি কার্গো পাওয়ার আশা করছে বাংলাদেশ।
তবে উৎপাদন ও রপ্তানি কার্যক্রমে বিঘ্নের কারণে কাতারএনার্জি ফোর্স ম্যাজিউর ঘোষণা করেছে। ফলে চুক্তিতে উল্লেখ করা সম্পূর্ণ পরিমাণ গ্যাস পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
অন্যদিকে, ওমানের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ওকিউ ট্রেডিংয়ের (ওকিউটি) কাছ থেকে ২০২৭ সালে ৩২টি এলএনজি কার্গো পাওয়ার কথা বাংলাদেশের। কিন্তু এখন পর্যন্ত কোনো কার্গোর সরবরাহ নিশ্চিত করেনি প্রতিষ্ঠানটি। উল্টো চুক্তির অর্ধেক, অর্থাৎ ১৬টি কার্গো সরবরাহের প্রস্তাব দিয়েছে তারা।
ওকিউটি এলএনজির দাম নির্ধারণের পদ্ধতিতেও পরিবর্তন আনতে চায়। বর্তমানে ব্রেন্ট ক্রুড তেলের দামের সঙ্গে সমন্বয় করে মূল্য নির্ধারণ করা হলেও প্রতিষ্ঠানটি জাপান-কোরিয়া মার্কার (জেকেএম) সূচক অনুসরণের প্রস্তাব দিয়েছে। এ পদ্ধতিতে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিটের (এমএমবিটিইউ) দাম জেকেএম সূচকের চেয়ে ০.০৪ ডলার কম রাখার কথা বলা হয়েছে।
তবে পেট্রোবাংলা এ প্রস্তাবে রাজি হয়নি। প্রতিষ্ঠানটিকে আগের চুক্তির শর্ত মেনে সরবরাহ চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে। গত মার্চে সরবরাহ সংকট শুরু হওয়ার পর থেকে ফোর্স ম্যাজিউর ঘোষণা দিয়ে বাংলাদেশে এলএনজি পাঠানো বন্ধ রেখেছে ওকিউটি।
গানভর ও টোটালএনার্জিসের কাছ থেকে ১৮ কার্গোর প্রত্যাশা
কাতার ও ওমানের বাইরে অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের কাছ থেকেও গ্যাস সংগ্রহের পরিকল্পনা রয়েছে বাংলাদেশের। এর অংশ হিসেবে সুইজারল্যান্ডভিত্তিক জ্বালানি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী বছর ছয়টি কার্গো পাওয়ার কথা রয়েছে।
২০২৬ থেকে ২০৩৮ সাল পর্যন্ত মোট ১১৭টি এলএনজি কার্গো সরবরাহের লক্ষ্যে সম্প্রতি প্রতিষ্ঠানটির সঙ্গে ১৩ বছর মেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির প্রথম পর্যায়ে ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে জেকেএম সূচকভিত্তিক ১৪টি কার্গো সরবরাহ করবে গানভর। এর মধ্যে ২০২৬ সালে পাঁচটি, ২০২৭ সালে ছয়টি এবং ২০২৮ সালে তিনটি কার্গো পাওয়ার কথা রয়েছে।
২০২৭ সালে সরবরাহের জন্য নির্ধারিত ছয়টি কার্গোর প্রতি এমএমবিটিইউর দাম জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৮৭৫ ডলার যোগ করে নির্ধারণ করা হয়েছে।
বাকি ১০৩টি কার্গো ২০২৮ থেকে ২০৩৮ সালের মধ্যে সরবরাহ করা হবে। এসব কার্গোর মূল্য নির্ধারণে যুক্তরাষ্ট্রের হেনরি হাব সূচকের ১২১ শতাংশের সঙ্গে ৫.২০ ডলার যোগ করার শর্ত রয়েছে।
এদিকে, ফ্রান্সের জ্বালানি প্রতিষ্ঠান টোটালএনার্জিসের কাছ থেকে ২০২৭ সালে ১২টি কার্গো পাওয়ার আশা করছে বাংলাদেশ। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৭ সালের জুন পর্যন্ত মোট ১৮টি কার্গো সরবরাহের জন্য প্রতিষ্ঠানটির সঙ্গে স্বল্পমেয়াদি চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, প্রতি এমএমবিটিইউ এলএনজির মূল্য হবে জেকেএম সূচকের সঙ্গে অতিরিক্ত ০.০৬ ডলার যোগ করে।
এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক দীর্ঘমেয়াদি সরবরাহকারী প্রতিষ্ঠান এক্সেলেরেট গ্যাস থেকে আগামী বছর ১৪টি কার্গো পাওয়ার কথা রয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত নয়টির সরবরাহ নিশ্চিত হয়েছে।
সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, রিগ্যাসিফিকেশন প্রক্রিয়া শেষে প্রতিটি এলএনজি কার্গো থেকে প্রায় ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার মিলিয়ন ঘনফুট প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়।
স্পট মার্কেট থেকে কেনায় বাড়ছে সরকারি ভর্তুকি
দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় গ্যাস সরবরাহ কমে যাওয়ায় আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে এলএনজি কেনার পরিমাণ বাড়াতে হচ্ছে বাংলাদেশকে। তবে এ বাজারে তুলনামূলক বেশি দামে গ্যাস কিনতে হওয়ায় আমদানি ব্যয় বাড়ছে। এর ফলে সরকারের ওপর ভর্তুকির চাপও ক্রমেই বাড়ছে।
জ্বালানি খাতের সংশ্লিষ্ট তথ্য বলছে, ২০২৬-২৭ অর্থবছরের প্রথম তিন মাসে এলএনজি আমদানিতে ভর্তুকি বাবদ সরকারের ব্যয় হয়েছে ১০ হাজার ৩০০ কোটি টাকা। আন্তর্জাতিক বাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি ও সরবরাহ সংকটের মধ্যে দেশের গ্যাসের চাহিদা মেটাতে গিয়ে এ বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে।
এ পরিস্থিতিতে আপাতত ২০২৭ সালের মার্চ পর্যন্ত এলএনজি আমদানির সূচি নির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মাধ্যমে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতি এবং সরবরাহকারীদের সক্ষমতা বিবেচনায় নিয়ে পরবর্তী সময়ে আমদানি পরিকল্পনা পুনর্মূল্যায়নের সুযোগ থাকবে পেট্রোবাংলার।