হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
জাতীয়

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল শিশু অরিনা

৪০ দিনে হাতে লেখা কুরআন প্রধানমন্ত্রীকে উপহার দিল শিশু অরিনা
ছবি: সংগৃহীত

মাত্র ৯ বছর বয়সে টানা ৪০ দিনের পরিশ্রমে পবিত্র কুরআন শরিফের সম্পূর্ণ অংশ নিজের হাতে লিখেছিল খুলনার শিশু শিক্ষার্থী অরিনা সাফা খান। এবার নিজের হাতে লেখা সেই কুরআন প্রধানমন্ত্রী তারেক রহমানকে উপহার দিয়েছে পঞ্চম শ্রেণির এই শিক্ষার্থী।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়ে তাঁকে বিশেষ কিছু উপহার দেওয়ার কথা ভাবে অরিনা। পরে নিজের হাতে লেখা কুরআন শরিফটিই উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয় সে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানের আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে অরিনা। এ সময় তার হাতে লেখা কুরআন শরিফটি সাদরে গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে একই দিন স্টেডিয়ামে চ্যানেল টোয়েন্টিফোরকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে কুরআন লেখার অভিজ্ঞতা এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার অনুভূতি জানায় সে।

অরিনার বাড়ি খুলনার মুজগুন্নী এলাকায়, আরাফাত মসজিদসংলগ্ন সড়কের খোকন মুন্সীর বাড়িতে। তার বাবা শুকুর আলী খান এবং মা রাশিদা বেগম। দুই সন্তানের মধ্যে অরিনা একজন। চতুর্থ শ্রেণিতে পড়ার সময় মাত্র ৯ বছর বয়সে পবিত্র কুরআন লেখা শুরু করে সে। প্রায় ৪০ দিনের মধ্যেই সম্পূর্ণ কুরআন হাতে লেখা শেষ করে অরিনা।

প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনায় আসবেন জানতে পেরে তাঁকে কী উপহার দেওয়া যায়, তা নিয়ে ভাবতে শুরু করে অরিনা। পরে নিজের হাতে লেখা কুরআন শরিফটি উপহার দেওয়ার সিদ্ধান্ত নেয়। তার কাছে এটি শুধু একটি উপহার নয়, বরং জীবনের অন্যতম মূল্যবান অর্জন।

শুক্রবার (৬ নভেম্বর) চ্যানেল টোয়েন্টিফোরকে অরিনা বলে, ‘আমি যে কুরআন শরিফটি হাতে লিখেছি, সেটিই প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার কথা ভাবলাম। পরে না হয় আমি আবার একটি লিখে নিতে পারব।’

প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার দেখা করার অভিজ্ঞতা জানাতে গিয়ে অরিনা বলে, শুরুতে কিছুটা নার্ভাস লাগছিল, ভয়ও করছিল। তবে প্রধানমন্ত্রী আপনজনের মতো আন্তরিকভাবে কথা বলায় তার ভয় ও অস্বস্তি কেটে যায়। অরিনার ভাষায়, ‘আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে আমার।’

অরিনা খুলনার বাংলাদেশ নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি শিশু শিল্পী হিসেবেও পরিচিত সে। ইসলামি সংগীত পরিবেশনেও রয়েছে তার দক্ষতা। তার প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন খালিশপুরের কনটেন্ট ক্রিয়েটর নাঈম হাসান।

মাত্র ৯ বছর বয়সে পবিত্র কুরআন হাতে লেখার অভিজ্ঞতা অরিনার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। নিজের হাতে লেখা সেই কুরআন দেশের প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার মুহূর্তও তার জীবনের বিশেষ এক অর্জন হয়ে থাকবে।

# প্রধানমন্ত্রী

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

তিন দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতীয়

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের আশা রিজভীর

অনলাইন ডেস্ক
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের আশা রিজভীর
ছবি: সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান রিজভী।

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মতো পরিবেশবান্ধব উদ্যোগ প্রধানমন্ত্রীর পরিকল্পনায় রয়েছে। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।

মানবজাতি বর্তমানে বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন। পরিবেশদূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক তহবিল থেকে ন্যায্য অধিকার আদায়ে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অতি সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাত বহন করতে হচ্ছে এ দেশের মানুষকে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কারও কাছে কোনো দয়া বা করুণা চাই না, আমরা চাই ন্যায়বিচার। বৃহৎ দূষণকারী দেশগুলোর কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’

জাতীয়

‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার চেয়েও ভালো’, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার চেয়েও ভালো’, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই’—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় রোগীদের সঙ্গে হাসপাতালের কর্মীদের আচরণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে এর জবাবদিহি করতে হবে। তাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে নানা সুযোগ-সুবিধা ও অর্জনের কথা বলা হলেও বাস্তবতার সঙ্গে অনেক সময় তার মিল থাকে না। এ ক্ষেত্রে চিকিৎসকদের সচেতনতা বাড়ানো প্রয়োজন। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিশুদের হামের সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের কেউ মারা যাচ্ছে, আবার কেউ সুস্থও হয়ে উঠছে।

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে নতুন তথ্য দিল্লি হাইকমিশনের

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে নতুন তথ্য দিল্লি হাইকমিশনের
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে এ বিষয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে হাইকমিশন জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে ওই অনুরোধের সত্যতা কিংবা এটি শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ‘অথরাইজেশন’ বা অনুমোদনের সুনির্দিষ্ট নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো অনুরোধটি শেখ হাসিনার সম্মতিতে করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।

তবে ই-মেইলটি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

হাইকমিশনের এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রকাশিত আগের তথ্যের বিষয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার