গাছের ডালপালা কর্তন ও জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নাটোর, রাজশাহী ও ঢাকার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এলাকাভেদে সর্বোচ্চ ৮ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎবিহীন থাকতে হবে গ্রাহকদের।
সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নাটোর
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৩ নম্বর ফিডারে সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় ছাতিয়ানগাছা, গোধড়া, বেলগাছি ও চৌষুডাঙ্গা এলাকার বিভিন্ন গ্রামে বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কর্তনের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রাজশাহী
রাজশাহীতে ১১ কেভি বিদ্যুৎ লাইনের আশপাশে গাছের শাখা-প্রশাখা কাটার জন্য সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত পর্যায়ক্রমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-১-এর আওতাধীন তালাইমারী, নর্দান মোড়, দেবিশিংপাড়া, সাধুর মোড়, মোন্নাফের মোড়, সেরিকালচার, বড় বটতলা, বালিয়া পুকুর, ভদ্রা, উপরভদ্রা, শিরোইল, শান্তিবাগ ও মটপুকুরসহ আশপাশের এলাকায় এ বিঘ্ন ঘটবে।
ঢাকা
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪-এর জিঞ্জিরা উপকেন্দ্রের আওতাধীন বিভিন্ন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ বন্ধ থাকার তালিকায় রয়েছে মনু ব্যাপারীর ঢাল, জনি টাওয়ার, ছাটগাঁও, বন্ধ ছাটগাঁও, মান্দাইল, দক্ষিণ মান্দাইল, ফয়েজ নগর, রসুলপুর, বরিশুর, বরিশুর বাজার, কুশিয়ারবাগ, হীরা কমিউনিটি সেন্টারের গলি, কদমতলী ডাচ্-বাংলা ব্যাংক এলাকা, খালপাড় চড়াইল, নজরগঞ্জ, কালিন্দীঘাট ও আব্দুল হামিদ ফাউন্ডেশন হাসপাতাল এলাকা।
ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হতে পারে।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো।
পি/এস