রাজধানী ঢাকাসহ দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় ব্যাটারিচালিত রিকশা বা ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (২ নভেম্বর)। প্রাথমিকভাবে যানবাহন নিবন্ধনের কাজ সম্পন্ন করা হবে। এরপর ধাপে ধাপে চালকদের ড্রাইভিং লাইসেন্সের আওতায় আনা হবে। ফলে ভবিষ্যতে সিটি করপোরেশন এলাকায় ই-রিকশা চালাতে চালকদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক হবে।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে সিটি করপোরেশন এলাকায় তিন চাকার স্বল্পগতির ব্যাটারিচালিত রিকশা চলাচলসংক্রান্ত বিধিমালা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি জানান, ‘সিটি করপোরেশন আইন, ২০০৯’-এর ২০২৬ সালের সংশোধনীতে ১২০ ধারার আওতায় ই-রিকশা নিবন্ধনের বিধান যুক্ত করা হয়েছে। জাতীয় সংসদে আইনটি পাস হওয়ার পর এর ভিত্তিতে বিধিমালা তৈরি করা হয়। আইন মন্ত্রণালয়ের ভেটিং শেষে সেটি সরকারি গেজেটেও প্রকাশিত হয়েছে। ফলে ই-রিকশা নিবন্ধন শুরু করতে এখন আর কোনো আইনি প্রতিবন্ধকতা নেই।
প্রতিমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, প্রথম পর্যায়ে দেশের ১৩টি সিটি করপোরেশনে নিবন্ধন কার্যক্রম চালু হবে। পরবর্তী সময়ে সব ই-রিকশাকে নিয়মের আওতায় আনা হবে। গত ১৫ থেকে ৩০ বছর ধরে এসব যানবাহনের কার্যকর কোনো ব্যবস্থাপনা ছিল না। নতুন বিধিমালার মাধ্যমে সেগুলো পরিচালনা ও নিয়ন্ত্রণের কাঠামো তৈরি করা হয়েছে। তবে পুরো প্রক্রিয়া বাস্তবায়নে কিছুটা সময় লাগবে।
নতুন বিধিমালা অনুযায়ী, দুই যাত্রী বহনে সক্ষম ই-রিকশার নিবন্ধন ফি আট হাজার টাকা। এক বছর পর ফিটনেস পরীক্ষা করিয়ে নবায়ন করতে খরচ হবে চার হাজার টাকা। আর চার যাত্রী বহন করতে পারে এমন ই-রিকশার নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ১০ হাজার টাকা। এর বার্ষিক নবায়ন ফি পাঁচ হাজার টাকা। নির্ধারিত নিয়মে এসব যানবাহন সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত চলাচলের সুযোগ পাবে।
ফিটনেসের প্রমাণ হিসেবে সিটি করপোরেশন থেকে কিউআর কোডযুক্ত সনদ দেওয়া হবে। এ সনদ সংগ্রহের জন্য এক হাজার টাকা ফি দিতে হবে।
ই-রিকশার উৎপাদন নিয়ন্ত্রণ এবং প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অনুমোদনের সুপারিশ করতে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগ, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগ ও জেলা প্রশাসনের প্রতিনিধিরা এতে রয়েছেন বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি আরও বলেন, ই-রিকশা তৈরির ক্ষেত্রে বুয়েট অনুমোদিত নকশা অনুসরণ করতে হবে। বর্তমানে রাস্তায় চলাচলরত যানবাহনগুলোকেও নির্ধারিত নকশার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করতে হবে। এ কাজের জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে সংশ্লিষ্ট সিটি করপোরেশনের অনুমতি নিতে হবে।
বিধিমালায় ই-রিকশা পরিচালনার ক্ষেত্রে বেশ কয়েকটি অপরাধ চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে রয়েছে নিবন্ধন না নিয়ে যানবাহন চালানো, নির্ধারিত গতিসীমা অতিক্রম, অতিরিক্ত যাত্রী বহন, অনুমোদনহীন ব্যাটারি ব্যবহার এবং মোটর বা গাড়ির কাঠামোতে অনুমতি ছাড়া পরিবর্তন আনা। এ ছাড়া নিষিদ্ধ এলাকায় চলাচল ও ঝুঁকিপূর্ণভাবে গাড়ি চালানোও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
যাত্রী পরিবহনের পরিবর্তে মালামাল বহন, ট্রাফিক সিগন্যাল অমান্য এবং দুর্ঘটনার পর ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যাওয়ার বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া যাবে।
নতুন বিধিমালায় চালকদের ড্রাইভিং লাইসেন্সের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও শুরুতেই তা কার্যকর হচ্ছে না। প্রতিমন্ত্রী জানান, প্রথমে যানবাহনের নিবন্ধন প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। পরে পৃথক প্রজ্ঞাপন জারির মাধ্যমে চালকদের লাইসেন্স বাধ্যতামূলক করা হবে। আপাতত চালকদের পরিচয়পত্র দেওয়া হবে, যা সরবরাহ করবে ই-রিকশার মালিকপক্ষ।
লাইসেন্স কার্যক্রম ধাপে ধাপে চালুর কারণ ব্যাখ্যা করে মীর শাহে আলম বলেন, একসঙ্গে বিপুলসংখ্যক চালক আবেদন করলে সিটি করপোরেশনগুলোর পক্ষে তা পরিচালনা করা কঠিন হবে। তাই নিবন্ধন কার্যক্রম কিছুটা এগিয়ে যাওয়ার পর এ বিষয়ে আলাদা প্রজ্ঞাপন জারি করা হবে।
ঢাকা মহানগরে ই-রিকশা চলাচল সুশৃঙ্খল করতে রাজধানীকে আটটি জোনে ভাগ করার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। ঢাকা উত্তর সিটি করপোরেশনে চারটি এবং দক্ষিণ সিটি করপোরেশনে চারটি জোন করা হবে। প্রতিটি জোনের জন্য নির্দিষ্ট রং বরাদ্দ থাকবে। সব মিলিয়ে আটটি ভিন্ন রঙের ই-রিকশা চলবে, যাতে একটি এলাকার যানবাহন অন্য জোনে প্রবেশ করতে না পারে।
কোন জোনে কতসংখ্যক ই-রিকশা চলাচল করলে যানজটের চাপ তৈরি হবে না, তা ট্রাফিক বিভাগ ও সিটি করপোরেশন যৌথভাবে পর্যালোচনা করে নির্ধারণ করবে। তবে প্রাথমিকভাবে ই-রিকশার সংখ্যার ওপর কোনো নির্দিষ্ট সীমা আরোপ করা হচ্ছে না।
নিবন্ধন সম্পন্ন হলে প্রতিটি ই-রিকশার কিউআর কোডে তার চলাচলের জোন, নিবন্ধন নম্বর, মালিকের পরিচিতি এবং সংশ্লিষ্ট সিটি করপোরেশনের তথ্য সংযুক্ত থাকবে।
নতুন বিধিমালা প্রকাশের পর ই-রিকশাচালকদের আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, নিবন্ধন কার্যক্রম চালু হওয়ার পর ধাপে ধাপে অনিবন্ধিত ও অবৈধ ই-রিকশার চলাচল নিরুৎসাহিত করা হবে। পর্যায়ক্রমে সেগুলো সরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হবে। তবে নতুন নিয়ম চালুর সঙ্গে সঙ্গে রাস্তায় চলাচলরত চালকদের মধ্যে যেন আতঙ্ক তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার কথাও বলেন তিনি।
প্রতিমন্ত্রীর মতে, বিধিমালা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে কেউ যেন রাজনৈতিক সুবিধা নেওয়ার সুযোগ না পায়। নিয়ম মেনে পর্যায়ক্রমে নিবন্ধন দেওয়া হবে এবং একই সঙ্গে অবৈধ ব্যাটারিচালিত রিকশা অপসারণের উদ্যোগ চলবে।
নিবন্ধন কার্যক্রম শুরুর এক মাস পর সাংবাদিকদের সঙ্গে আবারও বৈঠক করবেন বলে জানিয়েছেন মীর শাহে আলম। ওই বৈঠকে কতটি ই-রিকশা নিবন্ধিত হয়েছে, কী কী পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে এবং অনিবন্ধিত যানবাহন অপসারণের পরিকল্পনা কী, তা তুলে ধরা হবে।
ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার ব্যবস্থাপনাও নতুন নিয়মের আওতায় আনার পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য নির্দিষ্ট স্থানে চার্জিং পয়েন্ট স্থাপনের অনুমতি দেওয়া হবে। যেসব প্রতিষ্ঠান সৌরবিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়ার ব্যবস্থা করতে পারবে, তাদের সিটি করপোরেশন থেকে প্রয়োজনীয় অনুমোদন বা ট্রেড লাইসেন্স দেওয়া হবে।
অন্যদিকে, অবৈধভাবে বিদ্যুৎ ব্যবহার করে ই-রিকশা চার্জ দেওয়ার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেটরা নিয়মিত চার্জিং পয়েন্টগুলো পরিদর্শন ও তদারকি করবেন।
ই-রিকশার ভাড়া নির্ধারণের বিষয়টিও নতুন ব্যবস্থাপনার অংশ হিসেবে রাখা হয়েছে। কিলোমিটার অনুযায়ী ভাড়া ঠিক করতে ই-রিকশার মালিকপক্ষ, ট্রাফিক বিভাগ এবং সিটি করপোরেশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে। এ ক্ষেত্রে ভাড়া যেন যৌক্তিক হয় এবং সাধারণ যাত্রীদের সামর্থ্যের মধ্যে থাকে, তা বিবেচনায় রাখা হবে বলে জানান প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শেষ হওয়ার পর সংশ্লিষ্ট তিন পক্ষ আলোচনায় বসে প্রতি কিলোমিটারের ভাড়া নির্ধারণ করবে।
প্রতিমন্ত্রী আরও জানান, আপাতত নতুন বিধিমালা দেশের ১৩টি সিটি করপোরেশন এলাকায় কার্যকর হবে। পৌরসভা এলাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আনতে হলে প্রথমে সংশ্লিষ্ট পৌরসভার আইন সংশোধন করতে হবে। এরপর ওই এলাকাগুলোর জন্য প্রয়োজনীয় বিধিমালা তৈরি করা হবে।