দীর্ঘ অসুস্থতা ও প্রায় নয় মাসের বিরতি কাটিয়ে আবারও অভিনয়ে ফিরেছেন ছোট পর্দার অভিনেত্রী তানিয়া বৃষ্টি। সম্প্রতি ‘অংশীদার’ নামের একটি নাটকের মধ্য দিয়ে কাজে ফিরেছেন তিনি। তবে অভিনয়ে ফেরার পাশাপাশি নিজের কঠিন অসুস্থতা, অস্ত্রোপচার এবং জীবনের অনিশ্চয়তা নিয়ে দেওয়া এক সাক্ষাৎকারে চাঞ্চল্যকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন এই অভিনেত্রী।
তানিয়া জানান, গত বছরের ডিসেম্বরে শুটিং চলাকালে তাঁর মাথাব্যথা শুরু হয়। টানা চার দিন ব্যথা নিয়েই কাজ চালিয়ে যান। পঞ্চম দিনে বমি শুরু হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন পরীক্ষার প্রতিবেদনে মস্তিষ্কে টিউমার ধরা পড়ে।
প্রথম দিকে অস্ত্রোপচার করলেই সুস্থ হয়ে উঠবেন বলে ধারণা করেছিলেন তিনি। কিন্তু ভারতের চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে চিকিৎসকের কাছ থেকে জীবনের সম্ভাব্য সময়সীমা সম্পর্কে শুনে মানসিকভাবে ভেঙে পড়েন।
তানিয়ার ভাষায়, চিকিৎসক তাঁকে জানিয়েছিলেন, তিনি আর সাড়ে চার থেকে পাঁচ বছর বাঁচতে পারেন। এমন কথা শোনার পর কান্নায় ভেঙে পড়েছিলেন তিনি। জীবনে সেটিই ছিল তাঁর অন্যতম বড় মানসিক ধাক্কা।
অভিনেত্রী আরও জানান, ঢাকায় প্রথম অস্ত্রোপচারের আগে মাকে জড়িয়ে ধরে কেঁদেছিলেন। সহকর্মীদের কাছেও বিদায় জানানোর মতো কথা বলেছিলেন। প্রথম অস্ত্রোপচার শেষে শারীরিকভাবে স্বাভাবিক থাকলেও পরবর্তী সময়ে চেন্নাইয়ে চিকিৎসকের বক্তব্য তাঁকে গভীরভাবে নাড়িয়ে দেয়।
তবে তাঁর অসুস্থতার সবচেয়ে কঠিন সময় আসে দ্বিতীয় অস্ত্রোপচারের পর। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে লাইফ সাপোর্টে রাখতে হয়েছিল। সে সময় নিজের পরিস্থিতি সম্পর্কে কোনো অনুভূতি ছিল না বলে জানান তানিয়া। পরে পরিবারের কাছ থেকে জানতে পারেন, পুরো রাত তাঁর মা কান্না ও প্রার্থনায় কাটিয়েছেন।
মৃত্যুর গুজব নিয়েও কথা বললেন অভিনেত্রী
অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে পড়েছিল। বিষয়টি প্রথমে কষ্ট দিলেও পরে এসব গুজবকে গুরুত্ব দেওয়া বন্ধ করেছেন বলে জানান তিনি।
তানিয়ার ভাষ্য, কিছু মানুষ শুধু ভিউ বাড়ানোর জন্য এমন ভিত্তিহীন খবর ছড়ায়। এখন এসব বিষয় আর তাঁকে বিচলিত করে না।
মা ও বোনই ছিলেন সবচেয়ে বড় শক্তি
অসুস্থতার পুরো সময় সহকর্মী ও বিনোদন অঙ্গনের অনেকেই তাঁর খোঁজখবর নিয়েছেন বলে জানান অভিনেত্রী। মোশাররফ করিম, নিলয়সহ বেশ কয়েকজন শিল্পী, প্রযোজক ও পরিচালক নিয়মিত যোগাযোগ রেখেছেন।
তবে এই কঠিন সময়ে সবচেয়ে বেশি সাহস জুগিয়েছেন তাঁর মা ও বোন। বাবাকে হারানোর পর মা সারারাত তাঁর পাশে জেগে থাকতেন। মেয়ের অসুস্থতার দুশ্চিন্তায় মাও অসুস্থ হয়ে পড়েছিলেন বলে জানান তানিয়া।
নয় মাস পর অভিনয়ে ফেরা
দীর্ঘ বিরতি শেষে ইকসান রনির গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় নির্মিত ‘অংশীদার’ নাটকের মাধ্যমে অভিনয়ে ফিরেছেন তানিয়া বৃষ্টি। নাটকটির শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে।
নাটকের গল্পে উঠে এসেছে পৈতৃক সম্পত্তিতে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম। বিশেষ করে কন্যাসন্তান হওয়ার কারণে যেসব নারী পারিবারিক ও সামাজিক বৈষম্যের শিকার হন, তাঁদের বাস্তবতা তুলে ধরা হয়েছে এতে।
এর আগে একই পরিচালকের ‘বাবাও মানুষ’ নাটকে অভিনয় করেছিলেন তানিয়া। নতুন কাজের মধ্য দিয়ে দর্শকদের কাছে আবারও ফিরতে পেরে আনন্দিত এই অভিনেত্রী।