পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রমিকদের মূল দাবি পূরণ হয়েছে উল্লেখ করে আন্দোলনরত শ্রমিকদের সড়ক ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে ফেরার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
রোববার (১ নভেম্বর) সচিবালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী বলেন, শ্রমিকদের মূল দাবি ছিল মজুরি বোর্ড গঠন করা। সরকার সেই দাবি পূরণ করেছে। শ্রমিকদের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে বোর্ড গঠন করা হয়েছে। তাই শ্রমিকেরা রাস্তা ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেবেন বলে তিনি আশা করেন।
মজুরি বোর্ডের সদস্যদের পরিচয় তুলে ধরে মন্ত্রী জানান, বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন বিচারপতি শেখ আশফাকুর রহমান। নিরপেক্ষ সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমেদ।
মালিকপক্ষের স্থায়ী প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এ ছাড়া পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম শামসুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আক্তারকে বোর্ডে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর সংশোধিত ২০২৬ সালের ১৩৮ ধারার ২ ও ৪ উপধারার বিধান অনুযায়ী সরকার মজুরি বোর্ডের সদস্য নিয়োগ দিয়েছে। নবগঠিত বোর্ড দ্রুত আলোচনা শুরু করে শ্রমিকদের সন্তোষজনক মজুরি নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে তিনি আশা প্রকাশ করেন। একই সঙ্গে বোর্ডের সব সদস্যকে দ্রুততম সময়ের মধ্যে আলোচনা শুরু করার আহ্বান জানান।
এদিকে শ্রমিকদের চলমান আন্দোলন ও সড়ক অবরোধ প্রসঙ্গে মন্ত্রী অভিযোগ করেন, কিছু রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে শিল্প খাতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে। তাঁর দাবি, গতকাল বিভিন্ন কারখানায় বহিরাগতরা ঢিল ছুড়েছে। আজও বিভিন্ন কারখানায় পরিকল্পিতভাবে ছুটি দিয়ে শ্রমিকদের রাস্তায় নামানো হয়েছে।
আন্দোলনে রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে আরিফুল হক চৌধুরী দাবি করেন, আন্দোলনের আড়ালে একটি নিষিদ্ধ ছাত্রসংগঠনের সাংগঠনিক সম্পাদক শ্রমিক পরিচয়ে অংশ নিয়েছেন, যার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে এসেছে। তাঁর অভিযোগ, আরেকটি পক্ষও আন্দোলনের পেছনে থেকে নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করছে।
মন্ত্রী বলেন, জনগণ ও গণমাধ্যম সজাগ থাকলে এসব অপচেষ্টা সফল হবে না। আজকের ঘটনাগুলো পর্যালোচনা করলে এ বিষয়ে আরও ভালোভাবে বিশ্লেষণ করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।