ঢাকার মিরপুরে অবস্থিত কিডনি ফাউন্ডেশন একটি অলাভজনক চিকিৎসাসেবা প্রতিষ্ঠান। প্রতিদিন শত শত কিডনি রোগী চিকিৎসার জন্য প্রতিষ্ঠানটির ওপর আস্থা রাখেন। তুলনামূলক সাশ্রয়ী খরচে চিকিৎসাসেবা পাওয়ায় অন্যান্য বেসরকারি হাসপাতালের তুলনায় এখানে রোগীদের ভিড়ও বেশি।
কিডনি ফাউন্ডেশনে ব্যয়বহুল ডায়ালাইসিস থেকে শুরু করে কিডনি রোগের বিভিন্ন ধরনের চিকিৎসাসেবা প্রদান করা হয়। চিকিৎসাসেবার মান ও সুযোগ-সুবিধা সন্তোষজনক হলেও রোগীর অতিরিক্ত চাপের কারণে ভর্তি ও বহির্বিভাগের রোগীদের দীর্ঘ সময় অপেক্ষাসহ নানা ভোগান্তি পোহাতে হয়।
তবে এসব ভোগান্তির পাশাপাশি ভর্তি রোগীদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ছারপোকার উপদ্রব। বিশেষ করে রাত হলেই রোগীদের বেডে ছারপোকার উপস্থিতি দেখা যায়। দীর্ঘদিন ধরে বেড ও আশপাশের পরিবেশের যথাযথ পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি থেকে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ছারপোকার উপদ্রবের বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক রোগীর স্বজন গত সোমবার (২৬ অক্টোবর) বিষয়টি অবগত করেন। এ সময় তিনি হাসপাতালের বেডে ছারপোকার উপদ্রবের কথা জানান এবং ছারপোকা মেরে ফেলার পর সেগুলোর মৃতদেহের অবশিষ্টাংশও দেখান। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরেই এমন পরিস্থিতির কারণে ভর্তি রোগীদের রাত কাটাতে হচ্ছে চরম অস্বস্তিতে।
ছারপোকার উপদ্রবে রোগীদের স্বাভাবিক ঘুম ব্যাহত হচ্ছে। পাশাপাশি ছারপোকার কামড়ে চুলকানি, অ্যালার্জি ও ত্বকের অন্যান্য সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা রয়েছে। কিডনি রোগের মতো জটিল শারীরিক সমস্যায় আক্রান্ত রোগীদের জন্য পর্যাপ্ত বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতিতে রাতভর ছারপোকার কামড়ে ঘুমের ব্যাঘাত রোগীদের শারীরিক ও মানসিক অস্বস্তি আরও বাড়িয়ে তুলছে।
বিষয়টি সম্পর্কে দায়িত্বপ্রাপ্ত নার্স ও পরিচ্ছন্নতাকর্মীদের অবগত করা হলে তাঁরা জানান, এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনেক আগেই জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত কার্যকর কোনো প্রতিকার পাওয়া যায়নি বলে তাঁদের বক্তব্য।
হাসপাতালের অন্যান্য তলার তুলনায় পঞ্চম তলার প্রায় সব ওয়ার্ডেই ছারপোকার উপদ্রব ভয়াবহ বলে অভিযোগ রয়েছে। ফলে সেখানে ভর্তি রোগীদের রাত কাটাতে হচ্ছে চরম অস্বস্তি ও ভোগান্তির মধ্য দিয়ে।
কিডনি ফাউন্ডেশনের মতো একটি গুরুত্বপূর্ণ ও জনসেবামূলক প্রতিষ্ঠানে চিকিৎসার পাশাপাশি রোগীদের স্বাস্থ্যসম্মত ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। হাসপাতাল কর্তৃপক্ষের কাছে প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সব ওয়ার্ডের বেড, ম্যাট্রেস ও আশপাশের পরিবেশ যথাযথভাবে পরিষ্কার এবং প্রয়োজনীয় পেস্ট কন্ট্রোলের ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাশ্রয়ী ও মানসম্মত চিকিৎসাসেবার মাধ্যমে অর্জিত প্রতিষ্ঠানটির সুনাম যেন পরিচ্ছন্নতার অভাব ও ছারপোকার মতো একটি প্রতিরোধযোগ্য সমস্যার কারণে প্রশ্নবিদ্ধ না হয়—এটাই সচেতন মহলের প্রত্যাশা।