স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে আগামী নভেম্বরের মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। ইউনিয়ন পরিষদ নির্বাচনসহ স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া এক সাক্ষাৎকারে সিইসি জানান, শুধু একটি ভালো নির্বাচন আয়োজন নয়, ভবিষ্যতের সব নির্বাচনেও একই মান বজায় রাখার সংস্কৃতি গড়ে তুলতে চায় কমিশন। আসন্ন স্থানীয় সরকার নির্বাচনেও জাতীয় সংসদ নির্বাচনের মান ধরে রাখার পাশাপাশি আরও ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্য রয়েছে।
সিইসি বলেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না হলেও প্রার্থীদের পেছনে রাজনৈতিক দলগুলোর সমর্থন থাকতে পারে। তাই নির্বাচন সুষ্ঠু করতে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা গুরুত্বপূর্ণ।
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতা ও অনিয়ম ঠেকানোকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন তিনি। এ জন্য প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শরীরেও ক্যামেরা থাকবে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান সিইসি।
তিনি আরও বলেন, অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে নির্বাহী ও বিচারিক ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনি অনুসন্ধান কমিটির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
সিইসি জানান, দেশের সব স্থানীয় সরকার প্রতিষ্ঠানের নির্বাচন সম্পন্ন করতে প্রায় ১০ মাস থেকে এক বছর সময় লাগতে পারে। প্রথমে ইউনিয়ন পরিষদ এবং পরে পৌরসভা নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে। তবে এসএসসি পরীক্ষা ও বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যার বিষয়টি বিবেচনায় রেখে নির্বাচনের সময়সূচি নির্ধারণ করা হবে।
নির্বাচন কমিশনের ওপর জনগণের আস্থা ফিরিয়ে আনা, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি কার্যক্রমে স্বচ্ছতা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান প্রধান নির্বাচন কমিশনার। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট দিয়ে নিরাপদে বাড়ি ফিরতে পারেন, সেটিই কমিশনের অন্যতম লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।
পি/ এস