দেশে নতুন করে কোনো যৌথ অভিযান শুরুর বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশ, বিজিবি, এসআরবি (সাবেক র্যাব) ও আনসারের সমন্বিত কার্যক্রম নিয়মিতভাবেই পরিচালিত হচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকবিরোধী এ কার্যক্রম ভবিষ্যতে আরও জোরদার করা হবে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে আনসার ও ভিডিপির নতুন সদর দপ্তর নির্মাণের শুভারম্ভ ফলক উন্মোচন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এসব তথ্য জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আনসার ও ভিডিপির জন্য পরিকল্পিত ও পর্যাপ্ত জায়গায় নতুন সদর দপ্তর নির্মাণের দীর্ঘদিনের উদ্যোগ বাস্তবায়িত হতে যাচ্ছে। গণপূর্ত মন্ত্রণালয় সদর দপ্তর নির্মাণে ৩ দশমিক ৪২৮ একর বা প্রায় ১১ বিঘা জমি বরাদ্দ দিয়েছে।
বর্তমানে খিলগাঁওয়ের সীমিত পরিসরের জায়গা থেকে আনসার সদর দপ্তরের কার্যক্রম পরিচালিত হচ্ছে। জায়গার সংকট ও যোগাযোগ ব্যবস্থার সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে নতুন স্থানে আধুনিক ও বড় পরিসরের অবকাঠামো নির্মাণ করা হবে বলে জানান তিনি।
মন্ত্রী জানান, দেশে বর্তমানে প্রায় ২০ হাজার ব্যাটালিয়ন আনসার ও ৬০ হাজার অঙ্গীভূত আনসার সদস্য রয়েছেন। পাশাপাশি প্রায় ৩৫ হাজার ভিডিপি দলনেতার নেতৃত্বে প্রায় ৬০ লাখ প্রশিক্ষিত জনবল রয়েছে। নিয়মিত ও অনিয়মিত সদস্য মিলিয়ে এটি দেশের সবচেয়ে বড় বাহিনী বলে উল্লেখ করেন তিনি।
কেন্দ্রীয়ভাবে দায়িত্ব পালনকারী আনসার সদস্যদের আবাসন সমস্যা সমাধানে ডরমেটরি ও ব্যারাক সুবিধা বাড়ানো হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ জন্য আশুলিয়া ও শেরেবাংলা নগরেও অতিরিক্ত সুযোগ-সুবিধা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।
জুলাইয়ের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন জাতীয় সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় আনসার বাহিনীর ভূমিকার প্রশংসা করেন তিনি। একই সঙ্গে বাহিনীর সদস্যদের আর্থিক ও অন্যান্য পর্যায়ক্রমিক দাবি পূরণে সরকারের অঙ্গীকারের কথা জানান।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলা বা অপরাধে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, সংশ্লিষ্টদের শুধু দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া নয়, প্রয়োজনে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ফৌজদারি মামলাও করা হচ্ছে।
ডিসেম্বরকে বিজয়ের মাস উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ সময়ে কোনো অপশক্তিকে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেওয়া হবে না।
রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে তিনি বলেন, যানজট ও সড়কে শৃঙ্খলা ফেরাতে অটোমেশন এবং এআই প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে। এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে মামলার কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে।
এ ছাড়া সড়ক খনন ও নির্মাণকাজের কারণে যানজট কমাতে একসঙ্গে পুরো রাস্তা না কেটে ধাপে ধাপে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে। কাজ শেষ হওয়ার পর দ্রুত সড়ক পুনর্নির্মাণের বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।