মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ হয়ে এক বয়স্ক যাত্রীর মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত ২৪ অক্টোবর শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি পৌঁছালে ওই যাত্রী স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান বলে দাবি করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান।
মঙ্গলবার (২৭ অক্টোবর) নিজের ফেসবুক আইডিতে বাবার মৃত্যুর ঘটনা তুলে ধরেন নাকিবুর। তাঁর দাবি, যাত্রাপথে শারীরিকভাবে অসুস্থ বোধ করায় তাঁর বাবা আশপাশের যাত্রীদের কাছে বসার জায়গা চেয়েছিলেন। তবে কেউ তাঁকে বসার জন্য জায়গা ছেড়ে দেননি।
ফেসবুক পোস্টে নাকিবুর রহমান লেখেন, ‘আব্বু গত ২৪ অক্টোবর, দুপুরে মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা ফেরার পথে শেওরাপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মুহূর্তেই মৃত্যুবরণ করেন। মৃত্যুর আগে উনি শারীরিক অসুস্থতা অনুভব করায় আশপাশের লোকজনের কাছে বসতে চেয়েছিলেন। কেউ জায়গা ছেড়ে তাঁকে বসতে দেননি।’

তিনি আরও জানান, তাঁর বাবা দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোকে আক্রান্ত হয়ে মাটিতে পড়ে যান। বাবার মৃত্যু মেনে নেওয়া কঠিন উল্লেখ করে নাকিবুর লেখেন, ‘আল্লাহ তাঁর মৃত্যুকে সহজ করে নিয়ে গেছেন। কিন্তু সন্তান হিসাবে এইটুকু মেনে নেওয়াটা কষ্টকর।’
ঘটনাটি তুলে ধরে অন্য যাত্রীদের প্রতি মানবিক আচরণের আহ্বান জানিয়েছেন তিনি। নাকিবুর লেখেন, ‘আমার কোনো রাগ-অভিমান নেই। শুধু এইটুকুই বলব সবাইকে, চলতে-ফিরতে বয়স্ক বা সিনিয়র সিটিজেন যখন যেখানে যে অবস্থাতেই পাবেন, তাঁদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করুন। আপনি আজকে যাকে ইগনোর করলেন, সে আপনার বাবা না হলেও, অন্য কারও বাবা।’
একই সঙ্গে ঘটনাটি নিয়ে অযথা বিতর্ক বা কাউকে দোষারোপ না করার অনুরোধ জানিয়েছেন তিনি। ফেসবুক পোস্টে নাকিবুর বলেন, ‘অনুগ্রহ করে কেউ মেট্রোরেলে যাতায়াত-সংক্রান্ত উচিত-অনুচিত কথাবার্তা বা ঘটনা তুলে এনে কাউকে দোষারোপস্বরূপ মন্তব্য করবেন না। চলাফেরা করার সময় আমাদের আশপাশের মানুষদের স্বাচ্ছন্দ্যে থাকার বিষয়টি খেয়াল করাই উত্তম।’
পোস্টের শেষাংশে বাবার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন নাকিবুর রহমান। পাশাপাশি জানিয়েছেন, সবার ফোনকল ও বার্তার উত্তর দিতে না পারলেও পর্যায়ক্রমে যোগাযোগ করবেন।