সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিকের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি ‘গোপনীয়’ নথি পাঠিয়েছে জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের কার্যালয়। গত ১৮ অক্টোবর পাঠানো ওই নথিতে তাঁদের আটক, কারাগারে অবস্থান এবং মৃত্যুদণ্ড কার্যকরের বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে।
নথি অনুযায়ী, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি হলেন নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তার। তাঁরা পৃথক অভিযোগে ২০২৩ সালের আগস্ট থেকে সৌদি আরবের কারাগারে আটক ছিলেন।
জেদ্দা কনস্যুলেটের শ্রম উইংয়ের পাঠানো চিঠিতে বলা হয়েছে, গত ৩০ সেপ্টেম্বর কনস্যুলেটের হাতে আসা বন্দিদের তালিকা অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুল ইসলামকে আটক করা হয়। পরদিন ব্যভিচারের অভিযোগে আটক হন সুইটি আক্তার।
চিঠিতে উল্লেখ করা হয়েছে, নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দি ছিলেন। তাঁরা দুজনই ‘আল মাজাল কোম্পানি’তে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। তবে বন্দিদের ওই তালিকায় তাঁদের কারও মৃত্যুদণ্ডের সাজা সম্পর্কে কোনো তথ্য ছিল না।
নথিতে আরও বলা হয়েছে, তালিকায় মোট ৯৭ জন বন্দির অপরাধের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলেও নজরুল ও সুইটি আক্তারের নামের পাশে সংশ্লিষ্ট কলামে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
কনস্যুলেটের নথিতে বলা হয়েছে, সৌদি আরবে সাইবার অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের নজির তাদের জানা নেই। এ কারণে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা এবং এর পেছনে থাকা বিচারিক প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত তথ্য জানার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
নথি অনুযায়ী, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি নাগরিক বন্দি রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত। এ ছাড়া সাইবার অপরাধসংক্রান্ত তিনটি পৃথক মামলার উল্লেখ রয়েছে, যেখানে সাজা ছয় মাস থেকে পাঁচ বছর পর্যন্ত।
কনস্যুলেটের দাবি অনুযায়ী, সৌদি কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডের রায় বা তা কার্যকরের বিষয়ে বাংলাদেশ দূতাবাস কিংবা জেদ্দা কনস্যুলেটকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
এ পরিস্থিতিতে কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি ‘নোট ভার্বাল’ পাঠিয়েছে। এতে মৃত্যুদণ্ডের রায়ের অনুলিপি এবং বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে পরবর্তী প্রতিবেদন পাঠানো হবে বলে কনস্যুলেট জানিয়েছে।
সূত্র: কনস্যুলেটের নথির বরাতে প্রকাশিত প্রতিবেদন