সৌদি আরবের মক্কায় মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি নাগরিক নজরুল ইসলাম আবদুল বাসির ও সিতি আখতারের মরদেহ দেশে এসেছে—সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি গণমাধ্যমে এমন দাবি ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা গেছে, দাবিটি সঠিক নয়। অন্য প্রবাসীর মরদেহ দেশে আসার ভিডিওকে ওই দুই বাংলাদেশির মরদেহ ফেরার দৃশ্য বলে প্রচার করা হয়েছে।
ফ্যাক্টচেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানারের অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।
প্রতিষ্ঠানটির অনুসন্ধান অনুযায়ী, বিমানবন্দরে কফিন বহনের যে ভিডিওটি ছড়িয়ে পড়ে, সেটির মূল উৎস হিসেবে আহমেদ দিদার নামের একটি ফেসবুক প্রোফাইলের সন্ধান পাওয়া যায়। ওই প্রোফাইল থেকে ১৭ ও ১৮ অক্টোবর ভিডিও দুটি প্রকাশ করা হয়েছিল। পরবর্তী সময়ে দ্বিতীয় ভিডিওটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
ভিডিওগুলোর ক্যাপশনে প্রথমে দাবি করা হয়েছিল, সৌদি আরবে মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে। তবে পরে ভিডিওর ক্যাপশন পরিবর্তন করে সৌদি প্রবাসীর মরদেহ দেশে আসার কথা উল্লেখ করা হয়। একই সঙ্গে ভুল তথ্য দিয়ে ভিডিও প্রকাশের জন্য দুঃখ প্রকাশ করেন ওই ব্যক্তি।
রিউমর স্ক্যানার জানায়, ভিডিওতে দেখা কফিনগুলোর সঙ্গে নজরুল ও সিতি আখতারের মরদেহের কোনো সম্পর্ক থাকার প্রমাণ পাওয়া যায়নি। ভিডিওতে থাকা একজন সাংবাদিকের বিষয়ে মাছরাঙা টেলিভিশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারাও মরদেহগুলোর পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য দিতে পারেনি।
ভিডিওর সূত্র ধরে একটি মরদেহের স্বজনের সঙ্গেও যোগাযোগ করা হয়। পিয়াস নামের ওই ব্যক্তি জানান, গত ১৭ অক্টোবর বিমানবন্দরে মোট সাতটি মরদেহের কফিন ছিল। এর মধ্যে ছয়টি সৌদি আরব থেকে এবং একটি মালয়েশিয়া থেকে আনা হয়েছিল। ছয়টি মরদেহের মধ্যে একটি ছিল তাঁর আত্মীয়ের। মরদেহগুলো নেওয়ার সময় সেখানে নজরুল ও সিতি আখতারকে নিয়ে কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি।
এদিকে, নজরুল ইসলামের এক আত্মীয় রিউমর স্ক্যানারকে জানিয়েছেন, তাঁর মরদেহ তখনো বাংলাদেশে এসে পৌঁছায়নি। এর আগে সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনের প্রতিবেদনে নজরুলের বাবাও ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনার আকাঙ্ক্ষা প্রকাশ করেছিলেন।
প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, নজরুল ইসলাম ২০২২ সালের নভেম্বরে সৌদি আরবে যান। পরে মক্কার একটি মসজিদে সিতি আখতারের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় কারাবন্দি থাকার পর গত বুধবার সৌদি আরবে তাঁদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়।
সব তথ্য পর্যালোচনা করে রিউমর স্ক্যানার জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশির মরদেহ দেশে এসেছে—এমন দাবি মিথ্যা। অন্য প্রবাসীর মরদেহ বহনের ভিডিওকে ভুলভাবে তাঁদের মরদেহ ফেরার দৃশ্য হিসেবে প্রচার করা হয়েছে।