হোম জাতীয় রাজনীতি আন্তর্জাতিক সারাদেশ জেলার খবর - ম্যাপ রাজধানী বিনোদন অর্থ-বাণিজ্য লাইফস্টাইল বিশেষ প্রতিবেদন শিক্ষা বিজ্ঞান ও প্রযুক্তি খেলা মতামত ধর্ম সংস্কৃতি ফটো শিল্প ও সাহিত্য ভিডিও রাজবাড়ী বেসিক দুর্গাপূজা
জাতীয়

অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

অভিবাসন ব্যয় কমানো ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বিদেশে কর্মসংস্থানের ক্ষেত্রে অভিবাসন ব্যয় কমানো, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং প্রতারণা ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রবাসী কর্মীদের অধিকার ও নিরাপত্তা কোনোভাবেই অনিশ্চিত থাকতে পারে না।

বুধবার (১৪ অক্টোবর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্টস রিসার্চ ইউনিটের (আরএমএমআরইউ) ৩০ বছর পূর্তি উদযাপন এবং ‘সোনার মানুষ সম্মিলন ২০২৬’-এর পুরস্কার প্রদান ও সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বিদেশে যাওয়ার জন্য অনেক কর্মী জমি বিক্রি করেন, ঋণ নেন এবং পরিবারের সঞ্চয় ব্যয় করেন। এরপরও তাদের অনেককে অর্থ প্রতারণা, অতিরিক্ত অভিবাসন ব্যয়, অনিশ্চিত চাকরি এবং চুক্তি অনুযায়ী বেতন না পাওয়ার মতো সমস্যার মুখোমুখি হতে হয়। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সবাইকে কার্যকর উদ্যোগ নিতে হবে।প্রবাসী কর্মীদের অধিকার সুরক্ষায় বিদেশে বাংলাদেশের মিশনগুলোকে আরও সক্রিয় ও শ্রমিকবান্ধব করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিদেশযাত্রার আগে প্রত্যেক কর্মীকে চাকরির চুক্তি, বেতন, কর্মপরিবেশ ও আইনি অধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে হবে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অর্থনীতির দুটি প্রধান চালিকাশক্তি হলো প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও তৈরি পোশাকশিল্প। প্রবাসীদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার জোগান, আমদানি ব্যয় পরিশোধ এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।তিনি জানান, ২০২৫-২৬ অর্থবছরে প্রবাসীরা দেশে ৩৫ বিলিয়ন ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। এই অর্থ লাখ লাখ পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের পাশাপাশি দেশের অর্থনীতিকেও শক্তিশালী করছে।দেশের অর্থনীতিতে প্রায় দেড় কোটি প্রবাসী কর্মীর শ্রম, ঘাম, ত্যাগ ও অবদান রয়েছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, তাদের যথাযথ মর্যাদা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। প্রবাসীরা শুধু অর্থ পাঠান না, বিদেশে বাংলাদেশের প্রতিনিধিত্বও করেন। তাদের অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতা জাতীয় সম্পদ।আন্তর্জাতিক শ্রমবাজারে পরিবর্তিত পরিস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, শুধু কর্মীর সংখ্যা বাড়ানো যথেষ্ট নয়; দক্ষ কর্মী তৈরি, উপযুক্ত কর্মসংস্থান এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে হবে। কারিগরি জ্ঞান, ভাষাদক্ষতা, প্রযুক্তির ব্যবহার ও পেশাগত প্রশিক্ষণের গুরুত্ব দিন দিন বাড়ছে।রাষ্ট্রপতি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), তথ্যপ্রযুক্তি, স্বয়ংক্রিয় ব্যবস্থা, নার্সিং, স্বাস্থ্যসেবা, বয়স্কদের পরিচর্যা, বৈদ্যুতিক ও ইলেকট্রনিকস প্রযুক্তি এবং আধুনিক নির্মাণশিল্পে দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। এসব খাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোকে কর্মী তৈরি করতে হবে।কোন দেশে কোন পেশায় কত কর্মী প্রয়োজন এবং তাদের কী ধরনের যোগ্যতা ও দক্ষতা থাকা দরকার, সেই তথ্যের ভিত্তিতে প্রশিক্ষণ ও নিয়োগের পরিকল্পনা করার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বিদেশি নিয়োগকর্তা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব বাড়ানোর আহ্বান জানান।নারী অভিবাসীদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি প্রবাসীদের সঞ্চয় উৎপাদনশীল বিনিয়োগে উৎসাহিত করা এবং দেশে ফিরে আসা কর্মীদের পুনর্বাসনের ওপর গুরুত্ব দেন রাষ্ট্রপতি। তাদের দক্ষতার স্বীকৃতি, ঋণসুবিধা ও উদ্যোক্তা হওয়ার সুযোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।
দেশের অভ্যন্তরীণ অভিবাসনের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, কর্মসংস্থান, শিক্ষা, চিকিৎসা ও উন্নত জীবনের আশায় বহু মানুষ গ্রাম থেকে ঢাকা, চট্টগ্রামসহ বড় শহরগুলোতে আসছেন। এতে অর্থনৈতিক সুযোগ তৈরি হলেও নগর আবাসন, যানজট ও নাগরিক সেবার ওপর চাপ বাড়ছে।

প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, নদীভাঙন, জলোচ্ছ্বাস, বন্যা, খরা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে মানুষ নিজ বসতি ছেড়ে যেতে বাধ্য হচ্ছেন বলেও উল্লেখ করেন তিনি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকায় কর্মসংস্থান, কারিগরি প্রশিক্ষণ, ক্ষুদ্রশিল্প, কৃষিভিত্তিক উদ্যোগ এবং নাগরিক সেবার সুযোগ বাড়ানোর আহ্বান জানান রাষ্ট্রপতি।

জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযোজন, টেকসই অবকাঠামো নির্মাণ, দুর্যোগে ক্ষয়ক্ষতি কমানো এবং বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের অভিবাসন ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সুদূরপ্রসারী, সমন্বিত ও ফলাফলভিত্তিক জাতীয় কৌশল গ্রহণ ও বাস্তবায়ন প্রয়োজন। এ ক্ষেত্রে ‘অভিবাসন দশক’ ঘোষণার প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনা করার আহ্বান জানান তিনি।প্রবাসী কর্মীদের অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে সরকার, বিরোধী দল এবং সংশ্লিষ্ট সব অংশীজনকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বিদেশে কর্মসংস্থান ও শ্রমশক্তি রপ্তানির প্রাতিষ্ঠানিক ভিত্তি গঠনে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। ১৯৭৬ সালে তাঁর প্রতিষ্ঠিত জনশক্তি মন্ত্রণালয়ের মাধ্যমে মধ্যপ্রাচ্যের ৩৩টি দেশে বাংলাদেশি কর্মী পাঠানোর ব্যবস্থা করা হয়েছিল বলে তিনি উল্লেখ করেন। এ ছাড়া ২০০১ সালে বিএনপি সরকারের সময় প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিষ্ঠার বিষয়টিও তুলে ধরেন তিনি।

বর্তমান সরকারের বিভিন্ন উদ্যোগের প্রসঙ্গ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, প্রবাসী কার্ড চালু, মালয়েশিয়ায় কর্মী পাঠানো, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণসুবিধা এবং বিশেষ আদালত গঠনের মতো পদক্ষেপ নেওয়া হয়েছে।অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অভিবাসীদের অভিনন্দন জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আরএমএমআরইউ অভিবাসন ব্যবস্থাকে আরও নিরাপদ, সুশৃঙ্খল, মানবিক ও টেকসই করতে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে।

রাষ্ট্রপতি বলেন, রেমিট্যান্সের প্রতিটি ডলারের পেছনে রয়েছে একজন মানুষের শ্রম, ত্যাগ ও স্বপ্ন। প্রবাসী কর্মীদের অধিকার রক্ষা, মর্যাদা নিশ্চিত করা এবং তাদের অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতাকে দেশের উন্নয়নে কাজে লাগানো সবার সম্মিলিত দায়িত্ব।

এটিএম

আপনার প্রতিক্রিয়া কী?

মোট প্রতিক্রিয়া: ০

মন্তব্য (০)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনি করুন।
জাতীয়

কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

অনলাইন ডেস্ক
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে তুরস্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
ছবি: সংগৃহীত

জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে তিন দিনের সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় টার্কিশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।

বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত, জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব ও সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।

তুরস্কের আন্তালিয়ায় পৌঁছানোর পরদিন কপ-৩১ সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্মেলনের সাইডলাইনে কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তাঁর দ্বিপক্ষীয় বৈঠকেরও কথা রয়েছে।

তিন দিনের সফর শেষে শুক্রবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

জাতীয়

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের আশা রিজভীর

অনলাইন ডেস্ক
কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের আশা রিজভীর
ছবি: সংগৃহীত

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় বাংলাদেশ তার ন্যায্য হিস্যা নিশ্চিত করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে রওনা হয়। বিমানবন্দরে প্রতিনিধি দলকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান রিজভী।

তিনি বলেন, বৈশ্বিক উষ্ণায়ন ও পরিবেশ বিপর্যয় মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানরা অংশ নিচ্ছেন। বর্তমান সংকটময় পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

প্রধানমন্ত্রী তারেক রহমানকে জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে উল্লেখ করে রিজভী বলেন, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, দেশব্যাপী খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানির কার্যকর ব্যবহার নিশ্চিত করার মতো পরিবেশবান্ধব উদ্যোগ প্রধানমন্ত্রীর পরিকল্পনায় রয়েছে। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও অগ্রাধিকার পেয়েছিল।

মানবজাতি বর্তমানে বিপন্ন পরিবেশগত পরিস্থিতির মুখোমুখি উল্লেখ করে তিনি বলেন, কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনতে বিশ্বনেতা ও পরিবেশ বিশেষজ্ঞদের আলোচনার মাধ্যমে কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে তিনি আশা করেন। পরিবেশদূষণে বাংলাদেশের ভূমিকা নগণ্য হলেও বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। তাই আন্তর্জাতিক তহবিল থেকে ন্যায্য অধিকার আদায়ে এই সম্মেলন কার্যকর ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করেন তিনি।

প্রতিনিধি দলকে বিদায় জানানোর সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অতি সামান্য হলেও জলবায়ু পরিবর্তনের মারাত্মক অভিঘাত বহন করতে হচ্ছে এ দেশের মানুষকে। বিশেষ করে দক্ষিণাঞ্চলের উপকূলীয় জেলাগুলো ভয়াবহ ঝুঁকির মুখে রয়েছে।

তিনি বলেন, ‘আমরা কারও কাছে কোনো দয়া বা করুণা চাই না, আমরা চাই ন্যায়বিচার। বৃহৎ দূষণকারী দেশগুলোর কারণে আমাদের যে ক্ষয়ক্ষতি হচ্ছে, তা মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে এগিয়ে আসতে হবে।’

জাতীয়

‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার চেয়েও ভালো’, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর

অনলাইন ডেস্ক
‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার চেয়েও ভালো’, মন্তব্য স্বাস্থ্যমন্ত্রীর
ছবি: সংগৃহীত

‘অনেক হাসপাতালের খাবার আমার বউয়ের রান্নার থেকেও ভালো, আমি নিজেও খাই’—এমন মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন।

সোমবার (৯ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শিশু হাসপাতালের নবনির্মিত স্টিল স্ট্রাকচার ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ কথা বলেন।

এ সময় রোগীদের সঙ্গে হাসপাতালের কর্মীদের আচরণ নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, রোগীর সঙ্গে খারাপ আচরণ করলে পরকালে এর জবাবদিহি করতে হবে। তাই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য খাতে নানা সুযোগ-সুবিধা ও অর্জনের কথা বলা হলেও বাস্তবতার সঙ্গে অনেক সময় তার মিল থাকে না। এ ক্ষেত্রে চিকিৎসকদের সচেতনতা বাড়ানো প্রয়োজন। তবে অতীতের যেকোনো সময়ের তুলনায় দেশের স্বাস্থ্য খাতের মান অনেক উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

শিশুদের হামের সংক্রমণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, দুই মাসের কম বয়সী অনেক শিশুও হামে আক্রান্ত হচ্ছে। আক্রান্তদের কেউ মারা যাচ্ছে, আবার কেউ সুস্থও হয়ে উঠছে।

জাতীয়

শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে নতুন তথ্য দিল্লি হাইকমিশনের

নয়া বংলাদেশ ডিজিটাল ডেস্ক
শেখ হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে নতুন তথ্য দিল্লি হাইকমিশনের
ছবি: সংগৃহীত

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে নতুন পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য কোনো আবেদন করেননি বলে জানিয়েছে দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। তবে এ বিষয়ে লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ‘ম্যাট্রিক্স চেম্বার্স’ থেকে একটি ই-মেইল পাওয়ার কথা স্বীকার করেছে হাইকমিশন।

সোমবার (৯ নভেম্বর) এক বিবৃতিতে হাইকমিশন জানায়, ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো ই-মেইলে শেখ হাসিনার নামে পাসপোর্ট ও এনআইডি ইস্যু করার অনুরোধ জানানো হয়েছে। তবে ওই অনুরোধের সত্যতা কিংবা এটি শেখ হাসিনার অনুমোদনে পাঠানো হয়েছে কি না, তা নিশ্চিত হওয়ার কোনো উপায় নেই।

বিবৃতিতে আরও বলা হয়, ই-মেইলের সঙ্গে শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ‘অথরাইজেশন’ বা অনুমোদনের সুনির্দিষ্ট নথি কিংবা প্রমাণপত্র সংযুক্ত ছিল না। ফলে আইনজীবী প্রতিষ্ঠানটির পাঠানো অনুরোধটি শেখ হাসিনার সম্মতিতে করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি হাইকমিশন।

তবে ই-মেইলটি পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

হাইকমিশনের এই বক্তব্যের মধ্য দিয়ে শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও এনআইডির আবেদন নিয়ে প্রকাশিত আগের তথ্যের বিষয়ে নতুন করে প্রশ্ন তৈরি হয়েছে।

ব্রেকিং
চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার চোরাই স্বর্ণ-রৌপ্যসহ পাংশায় গ্রেপ্তার ১ ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ভিডিও ধারণ করায় গাড়িচালককে কুপিয়ে হত্যা; বিপাকে অন্তঃসত্ত্বা স্ত্রী। ইউসিবি এর উদ্যোগে কুড়িগ্রামে বাংলা কিউআর সম্প্রসারণ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেট্রোতে গান গেয়ে ভাইরাল দুই শিশুর বাবাকে ঘিরে প্রতারণার অভিযোগ কুড়িগ্রামে ফ্রেন্ডশিপের এফডিআইডিপি প্রকল্পের অগ্রগতি অবহিতকরণ সভা লালমনিরহাটে বিয়ের প্রলোভনে ১৭ বছর বয়সী এক শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে স্কুল শিক্ষকের যাবজ্জীবন কারাদণ্ড। ফার্মেসি কোর্সে বিসিডিএস-এর সম্পৃক্ততা বাতিলের প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন দুই ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক ৪ বছরের মেয়েকে গলাটিপে হত্যা, বাবাকে কল দিয়ে নিজেই জানান মা কালিগঞ্জে নাশকতার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেফতার