বাংলাদেশ ভ্রমণে এসে হারিয়ে যাওয়া জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের ম্যাকবুক উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) পুলিশ সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে উদ্ধার হওয়া ল্যাপটপটি পর্যটকের হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এ সময় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ক্রিল ল্যান্ডার-ওয়েবার গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ঘুরে দেখতে এ দেশে আসেন। গত ৭ অক্টোবর নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। এ সময় স্টেশনের অপেক্ষাকক্ষে নিজের ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে দেখতে পান, তাঁর ল্যাপটপ ও ক্যামেরা সেখানে নেই।
পরে তিনি নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। পর্যটকের লিখিত অভিযোগের ভিত্তিতে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে হারানো মালামাল উদ্ধারে অভিযান শুরু হয়।
পুলিশের একাধিক দল অনুসন্ধান চালিয়ে গত ১১ অক্টোবর রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে ম্যাকবুকটি উদ্ধার করে।
পর্যটকের ভাষ্য অনুযায়ী, হারিয়ে যাওয়া ল্যাপটপে তাঁর গত ছয় মাসের কর্মকাণ্ডের তথ্যের পাশাপাশি গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল।
ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান ক্রিল। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের সময় তাঁর ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।
দুই পুলিশ কর্মকর্তাকে আর্থিক পুরস্কার
বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধার এবং পুলিশের পেশাদারত্বের স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দিয়েছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।
এ ঘটনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত প্রচেষ্টার প্রশংসা করেন তিনি।
আইজিপি বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা প্রদান, পুলিশের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং জনমুখী পুলিশিংয়ের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন।